• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

হিংসা-অশান্তিতে না জড়ানোর বার্তা কর্মী-সমর্থকদের

জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিনি। জয় নিয়ে আশাবাদী হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও পরিস্থিতিতেই যেন দলীয় কর্মীরা হিংসার পথে না হাঁটেন। পশ্চিমবঙ্গের ভোট-সংস্কৃতির পরিবর্তন দরকার।  সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ভোট-পরবর্তী অশান্তির সংস্কৃতি বদলানো জরুরি। অতীতের ভোট পরবর্তী হিংসার পুনরাবৃত্তি কোনওভাবেই চান না তিনি।

সোমবার রাজ্যের ২৯৩টি বিধানসভা আসনের ভোটগণনা সকাল ৮টা থেকে শুরু হবে। একমাত্র ফলতা কেন্দ্রে গণনা এদিন হবে না। ২১ মে পুনরায় ভোটগ্রহণের পর সেই আসনের গণনা হওয়ার কথা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাথমিক ফলের প্রবণতা আসতে শুরু করবে। তার আগের দিন অর্থাৎ রবিবার শমীক দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, ‘জয়ের পর কোনোভাবেই হিংসায় জড়ানো যাবে না। কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে, কিন্তু এবার সেই সুযোগ দেওয়া যাবে না।‘

তিনি অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ উঠেছিল। শমীকের দাবি, সেই সময় বহু বিজেপি কর্মী আক্রান্ত হন এবং প্রাণ হারান। ভোট পরবর্তী সন্ত্রাস প্রসঙ্গে শমীক বলেন, ‘২৭ দিনে আমাদের ৫৬ জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। ২৭ জন মহিলা ক‍্যামেরার সামনে এসে জানিয়েছিলেন যে তাঁরা গণধর্ষণের শিকার হয়েছেন।‘

তিনি আরও বলেন, ‘এর আগের নির্বাচনগুলির পরে বিজেপি কর্মীরা যে অত‍্যাচারের শিকার হয়েছিলেন, এ বার যেন বিজেপি কর্মীরা তার পাল্টা পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করেন। আমরা যে অত‍্যাচারের শিকার হয়েছি, আমাদের কর্মীদের পরিবারগুলি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, আমরা চাই না অন্যদের এখন সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়।‘

এবারের নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে গণতন্ত্রের ইতিবাচক দিক হিসেবে তুলে ধরেন । তাঁর মতে, পশ্চিমবঙ্গের মানুষ এবার একটি ভিন্ন ধরনের নির্বাচনী অভিজ্ঞতা পেয়েছেন, যা রাজনৈতিক সচেতনতার পরিচায়ক।

শমীক আরও বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। অতীতে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন না হয়। জয় যদি আসে, তা হবে গণতন্ত্রের জয়।‘ তিনি দলীয় কর্মীদের দায়িত্বশীল আচরণের উপর জোর দিয়ে বলেন, কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

সবশেষে তিনি দাবি করেন, ভোটের ফলাফল নিয়ে বিজেপির মধ্যে কোনও সংশয় নেই। তবে ফল যাই হোক, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এবং শান্তি বজায় রাখাই দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে কর্মীদের তিনি সতর্ক করে দেন।