ক্যানিংয়ে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে অস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার এক

Image: SNA

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূলের (TMC) এক বুথ সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আলাউদ্দিন তরফদার নামে ওই তৃণমূল নেতাকে (TMC) । তিনি দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গাদবেড়িয়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন, দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে আলাউদ্দিন তরফদারের(TMC) বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি দেশি লম্বা আগ্নেয়াস্ত্র, একটি দেশি পাইপগান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।


আরও পড়ুন: যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রীজভূষণ শরণ সিং, ‘সম্মানের সঙ্গে মুক্তি’, দাবি প্রাক্তন বিজেপি সাংসদের

ধৃতকে সোমবার আলিপুর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কেন বাড়িতে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই অস্ত্রগুলি কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

উল্লেখ্য, কিছু দিন আগে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের দক্ষিণ ডেভিসাবাদ এলাকায় একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ কার্তুজের খোল উদ্ধার করেছিল পুলিশ। একটি বন্দুক, ১ রাউন্ড গুলি, ১২৫টি খালি ১২ বোরের কার্তুজ ও বেশ কিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং একটি লম্বা ভারি এয়ারগান উদ্ধার করা হয়েছিল। এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্রে রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।