• facebook
  • twitter
Friday, 8 May, 2026

আজ বঙ্গে অমিত শাহ, শনিবার ব্রিগেডে শপথে মোদী

নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন এবং পরিষদীয় দলনেতা ঠিক করতেই তাঁর এই গুরুত্বপূর্ণ সফর

বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জোরকদমে। সেই আবহেই শুক্রবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন এবং পরিষদীয় দলনেতা ঠিক করতেই তাঁর এই গুরুত্বপূর্ণ সফর। আর শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে দিল্লি থেকে বিএসএফের বিশেষ বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি নিউ টাউনের একটি হোটেলে যাবেন। সেখানে দুপুর ২টো থেকে রাত পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে।

Advertisement

বিজেপি সূত্রে খবর, নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শাহ। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য তাঁকে কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে। সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। রাজনৈতিক মহলের মতে, শুক্রবারের বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম।

Advertisement

এরপর শনিবার ব্রিগেড ময়দানে হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলায় বিজেপি সরকার গড়লে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবার সেই কথা রাখতেই তাঁর এই সফর।

প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৫ মিনিটে দিল্লি থেকে রওনা দিয়ে সকাল ১০টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে আরসিটিসি হেলিপ্যাড হয়ে সড়কপথে ব্রিগেডে পৌঁছবেন। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তাঁর।

শপথ অনুষ্ঠান শেষে দুপুরেই দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের সফর ঘিরে ইতিমধ্যেই কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিগেড ও আশপাশের এলাকায় মোতায়েন করা হচ্ছে বিপুল পুলিশ বাহিনী। রাজনৈতিক অস্থিরতার আবহে এই সফর ঘিরে রাজ্য রাজনীতি এখন তুঙ্গে।

Advertisement