• facebook
  • twitter
Friday, 24 April, 2026

বাঙালি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অমিত শাহ

প্রথম দফায় ‘১১০ আসনে জয় নিশ্চিত’

প্রথম দফার ভোট মিটতেই আত্মবিশ্বাসের সুর আরও জোরালো করল বিজেপি। শুক্রবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, প্রথম দফাতেই ১১০টির বেশি আসনে জয় পাবে তাঁর দল। পাশাপাশি বাঙালি অস্মিতাকে সামনে রেখে তিনি স্পষ্ট বার্তা দিলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী হবেন একজন প্রকৃত বাঙালিই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ‘৫ তারিখের পর বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালিই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।’ তৃণমূল কংগ্রেসের ‘বহিরাগত’ ইস্যুর পাল্টা দিতেই এই বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রথম দফার ভোটে বিপুল ভোটদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৯০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছেন, যা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। তাঁর কথায়, ‘এই মতদানের হারই বলে দিচ্ছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।’

Advertisement

কীসের ভিত্তিতে ১১০ আসনের দাবি, সেই প্রশ্নের উত্তরে শাহ জানান, রাজ্যে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। তাঁর মতে, বহুদিন পর মহিলারা নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। তাঁরা দুর্নীতি থেকে মুক্তি চান। এই সমস্ত তথ্য বিশ্লেষণ করেই বিজেপি এই ফলাফলের পূর্বাভাস দিয়েছে।
জানা গিয়েছে, প্রথম দফার ভোট শেষের পর দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। সেই বৈঠকের ভিত্তিতেই এতটা আত্মবিশ্বাসী বলে দাবি করেন শাহ। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তারাই ১৩০-এর বেশি আসনে জয়ী হবে। ফলে দুই পক্ষের পাল্টা দাবিতে রাজনৈতিক লড়াই আরও জমে উঠেছে।

Advertisement

এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহ শান্তিপূর্ণ ভোটের জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি। দ্বিতীয় দফার ভোটের আগে ভোটারদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, প্রথম দফার মতোই শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় দফার ভোট হবে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, মধ্যমগ্রামে রোড শো চলাকালীন এক প্রবীণ মহিলা তাঁর কাছে এসে আশীর্বাদ করেন, যা তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে।

এই নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তার ইঙ্গিতও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মহিলা সুরক্ষা নিশ্চিত করা, অনুপ্রবেশ রোধ এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়াই হবে প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূল সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেছিল। ক্ষমতায় এলে বিজেপি সেই বিষয়ে উপযুক্ত জবাব দেবে।

সব মিলিয়ে অমিত শাহের এই মন্তব্য নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ নিয়ে বিতর্ক আরও বেড়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে তাঁর এই আত্মবিশ্বাসী বার্তা ভোটের লড়াইকে নতুন মাত্রা দিয়েছে।

Advertisement