• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

সিআইডি সেজে ব্যবসায়ীর কাছ থেকে নগদ ও সোনার হার ছিনতাইয়ের অভিযোগ

অভিযোগ, ব্যবসায়ীকে ওইভাবে গাড়িতে তুলতে দেখে তাঁর দুই বন্ধু দুষ্কৃতীদের বাধা দেন। সেই সময়ে দুষ্কৃতীরা ব্যবসায়ীর দুই বন্ধুকেও মারধর করে। গাড়িতে তোলার পরে দুষ্কৃতীরা ব্যবসায়ীকেও মারধর করে।

সিআইডি সেজে ব্যবসায়ীর কাছ থেকে নগদ ও সোনার হার ছিনতাইয়ের অভিযোগ

ফুলবাগান থানা এলাকায় রীতিমতো শিউরে ওঠার মতো ঘটনা। অভিযোগ, শনিবার রাতে অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে লুটপাট চালায় কয়েকজন দুষ্কৃতী। ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও সোনার হার নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। ঘটনার পরেই ফুলবাগান থানা এলাকায় বাদুরিয়ার ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, বাদুরিয়ার ওই ব্যবসায়ী আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত। শনিবার ফুলবাগানের একটি শপিং মলে ওই ব্যবসায়ী ঘুরতে এসেছিলেন। এদিন ব্যবসায়ীর সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিলেন। অভিযোগ, মল থেকে বেরোনোর সময়ে কয়েকজন দুষ্কৃতী ব্যবসায়ীকে নিজেদের সিআইডি বলে পরিচয় দেয়। এরপরে তল্লাশির নাম করে দুষ্কৃতীরা ব্যবসায়ীকে একটি কালো গাড়িতে তোলেন।

অভিযোগ, ব্যবসায়ীকে ওইভাবে গাড়িতে তুলতে দেখে তাঁর দুই বন্ধু দুষ্কৃতীদের বাধা দেন। সেই সময়ে দুষ্কৃতীরা ব্যবসায়ীর দুই বন্ধুকেও মারধর করে। গাড়িতে তোলার পরে দুষ্কৃতীরা ব্যবসায়ীকেও মারধর করে। তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করা হয়। ব্যবসায়ী সেই টাকা দিতে অস্বীকার করলে গাড়িতেই তাঁকে বেধড়ক মারধর করা হয়।

পুলিশ সূত্রের খবর, মুক্তিপণের টাকা না পেয়ে দুষ্কৃতীরা ব্যবসায়ীর কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ও একটি সোনার চেন হাতিয়ে নেয়। এরপরে গাড়ি থেকে ব্যবসায়ীকে নামিয়ে অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।