জগদ্দল ও ভাটপাড়া এলাকায় বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়। এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাঁদের মধ্যে রয়েছেন জগদ্দল পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের ধরার চেষ্টা শুরু হয়। যদিও এখনও বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক বলে দাবি করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সোমবার সকালেই নির্বাচন কমিশন দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেয়। ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
রবিবার রাতে আটচলা বাগান এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। অভিযোগ, বিজেপি প্রার্থী অর্জুন সিংহ থানায় অভিযোগ জানাতে গেলে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং ইটবৃষ্টি করা হয়। এই ঘটনায় প্রাক্তন আইপিএস ও বিজেপি প্রার্থী রাজেশ কুমার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলেন।
Advertisement
অন্যদিকে, তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত পাল্টা অভিযোগ করেন যে বিজেপি কর্মীরাই প্রথমে তাঁদের এক কর্মীকে মারধর করে এবং পরে থানায় এসে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের বক্তব্য, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
Advertisement
এছাড়াও, মেঘনা মোড় এলাকায় বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ির সামনে গুলি ও বোমাবাজির অভিযোগ ওঠে। তাঁর দাবি, ঘটনাটি দেখতে গিয়ে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে, ফলে এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।
Advertisement



