• facebook
  • twitter
  • youtube
Friday, 11 September, 2026

বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে তীব্র বিস্ফোরণ, উড়ে গেল চাল, ভাঙল দেওয়াল

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করে রাখা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায়

বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে তীব্র বিস্ফোরণ, উড়ে গেল চাল, ভাঙল দেওয়াল

Baruipur Blast Photo-SNS

এবার বারুইপুর পূর্বের উত্তরদিকে লালপোল সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের দোতলা বাড়িতে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটল। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ল। কারণ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ঘরের কলম, চাল, জানালা এবং দরজা সব উড়ে গেল। এই বিস্ফোরণের জেরে সামনের বাড়িতে গিয়ে পড়ে শাটার এবং টিনের অংশ। এমনকী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড। বিজেপির অভিযোগ, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুত রাখা ছিল। তার জেরেই বিস্ফোরণ ঘটেছে।

এদিকে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। বাড়ির কলমের পিলার পর্যন্ত ভেঙে যায়। ওই বাড়ির প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ল ভাঙা জানলা, দরজার অংশ। কেন ঘটল ওই বিস্ফোরণ? বাড়িতে বিস্ফোরক মজুত ছিল? উঠছে নানা প্রশ্ন। পুলিশ এই বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণে প্রাথমিকভাবে একজন জখম হয়েছে বলে খবর মিলেছে। তবে তৃণমূল সূত্রে খবর, ওই এলাকার যুব তৃণমূলের দায়িত্বে ছিলেন দ্বিজেন মণ্ডল। হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়াল ভেঙে পড়ে, ঘরের চাল, দরজা-জানলা উড়ে গিয়েছে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করে রাখা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। এই ঘটনার প্রেক্ষিতে বারুইপুর পূর্ব ২ নম্বর বিজেপির মণ্ডল সভাপতি দীপঙ্কর কর্মকার বলেন, ‘গত দিনে সন্ত্রাসের যে কাণ্ড হতো এখান থেকেই প্রস্তুতি নিত। দ্বিজেন মণ্ডলের নেতৃত্বেই সবটা হতো। সঙ্গে কয়েকজন শাগরেদ ছিল। এখানে যে বোমা মজুত রয়েছে সেটা আমাদের কার্যকর্তারা আগেই পুলিশকে জানিয়েছিলেন। তবে তল্লাশি চালানো হয়নি। এখন বিস্ফোরণ হল। এমন তীব্রতা ছিল ২০০ মিটার দূরে গিয়ে শাটার অন্য বাড়িতে পড়ে গ্রিল বেঁকে যায়। দেওয়ালের অংশগুলি ভেঙে ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। দ্বিজেন মণ্ডলের উপযুক্ত শাস্তি চাই। এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি।’

তাছাড়া বারুইপুর থানার পুলিশের প্রাথমিক দাবি, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ এবং সঠিক তদন্তের দাবি উঠেছে। কীভাবে বিস্ফোরণ ঘটল? বাড়িতে সত্যিই কোনও বিস্ফোরক মজুত ছিল কিনা? খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন না দ্বিজেন মণ্ডল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাঁকে এলাকায় দেখা যায়নি।