• facebook
  • twitter
  • youtube
Saturday, 8 August, 2026

জলঙ্গিতে পিকআপ ভ্যান থেকে উদ্ধার ২৮৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

তদন্তের স্বার্থে তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

জলঙ্গিতে পিকআপ ভ্যান থেকে উদ্ধার ২৮৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

IAF Arrested Photo-Representative

মুর্শিদাবাদের জলঙ্গিতে বিপুল পরিমাণ গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। সেই সময়ে একটি পিকআপ ভ্যান থেকে ২৮৮ কেজি গাঁজা উদ্ধার করে জলঙ্গি থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম ইনজামামুল হক খান এবং আইনুল শেখ। তাঁদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার করিমপুরে। অন্য একজনের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল এলাকায়।

তদন্তকারীদের দাবি, রবিবার সকালে পুলিশ জলঙ্গির হোগলারদাঁড় এলাকায় একটি পিকআপ ভ্যানে মাদক পাচারের খবর পায়। খবর পাওয়ার পরেই পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ সেখানে পৌঁছে সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি শুরু করে। সেই সময়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ২৮৮ কেজি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ এদিন ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং তা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও পুলিশ খতিয়ে দেখচ্ছে বলে জানা গিয়েছে।

রবিবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।