রাজ্যে পালাবদলের পর দুর্নীতির নানা অভিযোগ উঠেছে একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী ও জনপ্রতিনিধির উপরে। এই ঘটনায় ইতিমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকায় এবার নাম জড়াল হুগলির পাণ্ডুয়ার সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডলের। অভিযোগ, পঞ্চায়েত অফিস থেকে স্বচ্ছ ভারত মিশনের জন্য বরাদ্দ ১৪০টি বালতি তিনি সরিয়েছেন। আর এই ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, স্বচ্ছ ভারত মিশনের আওতায় বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তির কাজে ব্যবহারের জন্য পঞ্চায়েতে ওই বালতিগুলি পাঠানো হয়েছিল। সম্প্রতি হিসাব মিলিয়ে দেখা যায়, ১৪০টি বালতি গায়েব। এরপরই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্থানীয় জগন্নাথপাড়া এলাকায় তল্লাশি চালায়। তদন্তকারীদের দাবি, সেখান থেকে নিখোঁজ ১৪০টি বালতি উদ্ধার করা হয়। অভিযোগ, বালতিগুলি উপপ্রধানের বাড়িতে রাখা ছিল। ঘটনায় স্বপ্না মণ্ডলের পাশাপাশি দিলীপ মণ্ডল নামে এক ব্যক্তিকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
তবে উপপ্রধান সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, বালতি চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। সরকারি প্রকল্পের সামগ্রী চুরির অভিযোগে এক জন নির্বাচিত জনপ্রতিনিধির গ্রেপ্তারির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।




