• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

অভিজিতের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবিতে কমিশনে তৃণমূল

‘গণতন্ত্র তাঁকে শাস্তি দেবে’, তোপ শশী পাঁজার নিজস্ব প্রতিনিধি— বর্তমানে সন্দেশখালি ইসু্যতে ক্রমাগত ব্যাকফুটে গিয়েছে বঙ্গ বিজেপি৷ আর তাতেই প্রবল অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে৷ এই আবহে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আর তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে এবার

অভিজিতের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবিতে কমিশনে তৃণমূল

প্রতিনিধিত্বমূলক চিত্র

‘গণতন্ত্র তাঁকে শাস্তি দেবে’, তোপ শশী পাঁজার

নিজস্ব প্রতিনিধি— বর্তমানে সন্দেশখালি ইসু্যতে ক্রমাগত ব্যাকফুটে গিয়েছে বঙ্গ বিজেপি৷ আর তাতেই প্রবল অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে৷ এই আবহে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আর তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস৷ আদর্শ আচরণবিধি ভঙ্গ এবং মহিলা মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্য করার অভিযোগে ফৌজদারি ধারায় মামলা রুজু করার আবেদন জানান হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদল৷ এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন একাধিক তৃণমূল নেতৃত্ব৷ শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে এই ঘটনায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা৷

নির্বাচন কমিশনকে লেখা অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘন করায়’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হোক৷ সেইসঙ্গে, দলের তরফে আরও দাবি করা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সবরকমের নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হোক৷ তিনি যেন কোনও জনসভা বা পদযাত্রা করতে না পারেন৷ পাশাপাশি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ সমস্ত বিজেপি নেতা যেন এই ধরনের ‘ব্যক্তিগত আক্রমণ এবং আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য’ করা থেকে বিরত থাকেন৷ তবে ঠিক কি বলেছিলেন প্রাক্তন বিচারপতি? হলদিয়ার চৈতন্যপুরে সভা করতে গিয়ে রেখা পাত্রের কথা টেনে এনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুৎসিত ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে৷ বলেছিলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?’

অভিজিতের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে শশী বলেন, ‘তিনি দাবি করছেন যে তিনি একজন বঙ্গ-সন্তান এবং তারপর এই ধরনের মন্তব্য করছেন৷ এটা আমাদের সকলের লজ্জা৷ একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে তাঁর জানা উচিত, আরপিএ অনুসারে একজন প্রার্থী কখনই আর একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন না৷ তাঁর মনে মহিলাদের প্রতি এই ধরনের বিদ্বেষমূলক ভাবনা থাকতেই পারে, কিন্ত্ত, একজন প্রার্থী হিসাবে এবং একজন মানুষ হিসাবেও একজন মহিলাকে উদ্দেশ্য করে এই ধরনের অবমাননাকর মন্তব্য করা চরম ভুল৷’ বিজেপির অন্য প্রবীণ নেতারা কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি, সেই বিষয়ও প্রশ্ন তুলেছেন ডা. শশী পাঁজা৷ তাঁর কথায়, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী সকলেই তাঁর সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়েছেন৷ তাঁর বিরুদ্ধে যথাযথ শাস্তি তো দূর, বরং তাঁকে এই ধরনের মন্তব্য করে যাওয়ার ক্ষেত্রে আরও উৎসাহিত করছেন৷ স্পষ্টতই বিজেপি নেতৃত্ব তাঁর এই আচরণকে সমর্থন করে৷ এভাবে চলতে পারে না৷’ একই সূত্রে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শশী পাঁজা৷ তিনি বলেন, ‘তিনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) একজন প্রার্থী, যাঁর নমিনেশন ফাইল হয়ে গিয়েছে৷ শপথ নিয়েছেন তিনি৷ তাঁর এমন মন্তব্য শোভা পায়? নির্বাচন কমিশনে আমরা আগেও অনেক বিষয়ে অভিযোগ করেছি৷ কিন্ত্ত এটি কি আদেও নির্বাচন কমিশন নাকি মোদি কমিশন? মডেল কোড অফ কন্ডাক্ট নাকি মোদি কোড অফ কন্ডাক্ট?’ তাঁর আরও সংযোজন, ‘তা সত্ত্বেও আমাদের এখনও ভরসা আছে নির্বাচন কমিশনের ওপর৷ আশা করবো এ বিষয়ে কমিশন পদক্ষেপ নেবে৷’ এরপরই অভিজিতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে শশী বলেন, ‘বিজেপি নেতৃত্বরা ভাবেন যে যত কদর্য ভাষা ব্যবহার করবেন ততো তাড়াতাড়ি ওপরে উঠতে পারবেন৷ বিচারব্যবস্থার সাথে যুক্ত মানুষেরা অর্থাৎ বিচারপতিরা জানুক একজন প্রাক্তন বিচারপতির কতটা নীচ ভাবনাচিন্তা! তাঁর এই মন্তব্য দেশের লজ্জা৷ এই শাস্তি তাঁকে পেতেই হবে৷ গণতন্ত্র তাঁকে শাস্তি দেবে, তিনি নির্বাচনে হারবেন৷ আর আদর্শ আচরণবিধি এবং শালীনতা ভঙ্গের অপরাধে নির্বাচন কমিশনও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে৷’