• facebook
  • twitter
  • youtube
Friday, 27 November, 2026

তৃণমূলের দুই শিবিরকে ফের দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, ২৭ নভেম্বর শুনানি

এর আগে নিজেদের সাংগঠনিক শক্তি ও সমর্থনের প্রমাণ দিতে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিল দুই গোষ্ঠী। এ বার সেই নথির ভিত্তিতেই শুনানি করবে কমিশন

তৃণমূলের দুই শিবিরকে ফের দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, ২৭ নভেম্বর শুনানি

Photo: Statesman

তৃণমূল কংগ্রেসের স্বত্ব ও জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে বিবাদ এবার পৌঁছল পরবর্তী শুনানির পর্যায়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে ফের দিল্লিতে তলব করল নির্বাচন কমিশন। আগামী ২৭ নভেম্বর বিকেল ৪টেয় দু’পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। এর আগে নিজেদের সাংগঠনিক শক্তি ও সমর্থনের প্রমাণ দিতে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিল দুই গোষ্ঠী। এ বার সেই নথির ভিত্তিতেই শুনানি করবে কমিশন।

গত বিধানসভা নির্বাচনরে ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের নাম, স্বত্ব এবং জোড়াফুল প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে বিরোধ চলছে। কমিশনের আগের শুনানিতে মমতা ও ঋতব্রতকে যৌথ নোটিস পাঠানো হলেও সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে তা স্থগিত রাখা হয়। পরে ৫ নভেম্বরের মধ্যে ঋতব্রত নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল এবং ১৫ নভেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল।

আরও পড়ুন: হাইকোর্টে বড় ধাক্কা! বিরোধী দলনেতার পদে ঋতব্রতর নিয়োগ খারিজ, স্পিকারকে ১০ দিনের সময়

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে প্রতীক সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি, চার সপ্তাহের মধ্যে দুই শিবিরের সদস্যদের হলফনামা ও অতিরিক্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সাংগঠনিক স্তরে কার কত সমর্থন রয়েছে, তার প্রমাণও চেয়েছিল আদালত।

তবে ৩০ অক্টোবর প্রয়োজনীয় হলফনামা জমা দেওয়ার জন্য ঋতব্রত শিবিরকে আরও ১০ দিন সময় দেন প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। পাল্টা হলফনামা জমা দিতে মমতা শিবিরকেও সময় দেওয়া হয়। ফলে কমিশনের শুনানি পিছিয়ে যায়।

এদিকে, নির্বাচন কমিশনের আইনি লড়াইয়ের পাশাপাশি দুই শিবিরের সংঘাত এবার থানাতেও পৌঁছেছে। সোমবার কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন ঋতব্রত। তাঁর অভিযোগ, মমতা শিবিবের নেতা শুভাশিস চক্রবর্তী হলফনামা জমা দেওয়া জনপ্রতিনিধি এবং কর্মীদের ভয় দেখাচ্ছেন। অন্যদিকে, এর আগে শুভাশিসও অভিযোগ করেছিলেন, জাল হলফনামা, স্বাক্ষর ও নোটারির সিল ব্যবহার করে কমিশনে ভুয়ো নথি জমা দেওয়া হয়েছে। ফলে ২৭ নভেম্বরের শুনানিতে কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর দুই শিবিরের।

দেখুন: