রাজ্যের ইতিহাসে এই প্রথম বার সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি (paternity leave) চালু করল তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (C Joseph Vijay) ঘোষণা করেছেন, রাজ্যের বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা এ বার থেকে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। এত দিন তামিলনাড়ুতে মহিলা সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেলেও, পুরুষ কর্মীদের জন্য এ ধরনের কোনও ছুটির সংস্থান ছিল না। দীর্ঘ দিন ধরেই পুরুষ কর্মচারীদের তরফে পিতৃত্বকালীন ছুটির দাবি জানানো হচ্ছিল। সেই দাবি মেনে নিয়েই সরকারি নির্দেশিকা জারি করল ছ’মাস বয়সি টিভিকে (TVK) নেতৃত্বাধীন জোট সরকার। সমাজমাধ্যম ‘এক্স’-এ নিজের সরকারি হ্যান্ডল থেকেও এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।
কখন ও কী ভাবে নেওয়া যাবে এই ছুটি
তামিলনাড়ু সরকারের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের প্রত্যাশিত জন্মতারিখের ১৫ দিন আগে থেকে শুরু করে সন্তান জন্মের ছ’মাসের মধ্যে যে কোনও সময়ে এই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। এই পদক্ষেপের ফলে কেরলম, সিকিম এবং হরিয়ানার মতো রাজ্যগুলির তালিকায় নাম লেখাল তামিলনাড়ুও, যেখানে সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে।
தமிழ்நாட்டில் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay https://t.co/vD7DcYXnwb
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 26, 2026
সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সন্তান প্রসবের আগে ও পরের সময়টা মা এবং সদ্যোজাত, উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সঙ্কটময় ও সংবেদনশীল সময়ে স্ত্রীর পাশে থেকে তাঁকে শারীরিক ও মানসিক সাহস জোগানো এবং নবজাতকের পরিচর্যায় বাবার সক্রিয় ভূমিকা থাকা ভীষণ জরুরি। সন্তান লালনপালন ও পারিবারিক দায়িত্ব যাতে কেবল মায়ের ওপর না পড়ে, বরং বাবা-মা দু’জনে মিলে সমান ভাবে ভাগ করে নিতে পারেন, সেই লক্ষ্যেই এই নতুন সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।
রাজ্যের জনবিন্যাসের প্রেক্ষাপট
মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে তামিলনাড়ু বরাবরই দেশের অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি। গত দেড় দশকে ধাপে ধাপে মহিলা সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। মূল ৯০ দিনের ছুটি ২০১১ সালে ছ’মাস, ২০১৬ সালে ন’মাস এবং ২০২১ সালের জুলাই মাসে ৩৬৫ দিনে উন্নীত করা হয়েছিল। শুধু তা-ই নয়, সম্প্রতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার তৃতীয় সন্তানের ক্ষেত্রেও মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে প্রথম দু’টি সন্তানের মতোই ৩৬৫ দিন করে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, তামিলনাড়ু সরকারের পরপর এই পরিবার-বান্ধব সিদ্ধান্তগুলির নেপথ্যে রাজ্যের বদলে যাওয়া জনবিন্যাসের (demographic shift) বড় ভূমিকা রয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে জি অরুণরাজের (K G Arunraj) দেওয়া তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে মোট প্রজনন হার (Total Fertility Rate বা TFR) নেমে ১.৪-এর নীচে চলে গিয়েছে, যা স্বাভাবিক ভারসাম্যের মাপকাঠি ২.১-এর চেয়ে অনেকটাই কম। পাশাপাশি রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশের বয়স ৬০ বছরের ওপরে, ফলে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে রাজ্যে। এই পরিস্থিতিতে দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করতে এবং কর্মরত বাবা-মায়েদের পারিবারিক ভারসাম্য বজায় রাখতে বিজয় সরকারের এই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।




