যে অভিযান মাত্র কয়েক দিনের মধ্যেই শেষ হবে বলে ধরে নিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রায় পাঁচ বছর গড়াতে চলা সেই ইউক্রেন যুদ্ধই এখন রাশিয়ার জন্য ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মস্কো সরকারি ভাবে হতাহতের সংখ্যা গোপন রাখলেও, খোদ রুশ সরকারের পরিসংখ্যান দফতর ‘রোসস্ট্যাট’-এর (Rosstat) ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে বিস্ফোরক তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি (BBC) এবং ‘দ্য গার্ডিয়ান’ (The Guardian)। সেই নথি বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত অন্তত ৪ লক্ষ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধের এই বিপুল প্রাণহানি গোটা রাশিয়ার স্বাভাবিক মৃত্যুর হার এবং জনবিন্যাসের চরিত্রটাই আমূল বদলে দিয়েছে।
প্রকৃত মৃত্যু আরও বেশি?
২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক যুদ্ধক্ষেত্রে নিহত সেনার কোনও সরকারি হিসাব প্রকাশ করেনি। সে সময় মস্কো মাত্র ৫,৯৩৭ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছিল। এমনকি দু’বছর আগে সামরিক ক্ষয়ক্ষতির আঁচ যাতে বাইরে থেকে না পাওয়া যায়, সে জন্য এই সংক্রান্ত তথ্য প্রকাশও বন্ধ করে দেয় রোসস্ট্যাট। কিন্তু সম্প্রতি বেলারুশের বিরোধী-ঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস বিওয়াই’ (Cyber Partisans BY) এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ (Silent Crow) যৌথ ভাবে সাইবার হানা চালিয়ে রোসস্ট্যাটের ডেটাবেস থেকে ২০২১ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লক্ষেরও বেশি মৃত্যুর শংসাপত্র হাতিয়ে নেয়। অক্টোবর-নভেম্বরে সাইবার হামলার কথা রোসস্ট্যাট স্বীকার করলেও কোনও স্পর্শকাতর তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছিল।
ফাঁস হওয়া সেই নথিগুলি স্বাধীন রুশ সংবাদমাধ্যম ‘মিডিয়াজ়োনা’ (Mediazona) এবং ‘মেদুজা’-র (Meduza) সঙ্গে যৌথ ভাবে যাচাই করেছে বিবিসি। বিবিসি-র নিজস্ব ওপেন সোর্সের (open source) তালিকায় থাকা ২,৯০,০১২ জন নিহত সেনার নামের সঙ্গে রোসস্ট্যাটের নথির ৯০ থেকে ৯৫ শতাংশই হুবহু মিলে গিয়েছে। নথিতে ৪ লক্ষ ২৫ হাজার ১৭৪ জনের মৃত্যুর কারণ হিসেবে সরাসরি বিস্ফোরণ বা যুদ্ধক্ষেত্রের আঘাতের উল্লেখ রয়েছে। এর পাশাপাশি পেশাগত নথির ভিত্তিতে ১৪০৯৩ জন এবং ছ’মাসের বেশি নিখোঁজ থাকার পর আদালতের নির্দেশে মৃত ঘোষিত ৫১০৬৭ জন সেনাকে চিহ্নিত করা হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রকৃত মৃত্যুর সংখ্যা পাঁচ লক্ষেরও ঢের বেশি। কারণ, যুদ্ধক্ষেত্রে নিখোঁজ বহু সেনার মৃত্যু সরকারি খাতায় নথিভুক্ত হতে কয়েক মাস থেকে বছর ঘুরে যায়। নিখোঁজ এবং নথিভুক্ত না হওয়া মৃত্যুগুলিকে ধরলে ২০২৬ সালের চলতি মাস পর্যন্ত নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ৭ লক্ষ থেকে ৭ লক্ষ ২০ হাজার ছুঁয়েছে বলে অনুমান করছে মিডিয়াজোনা। অন্য দিকে, সামরিক বিশেষজ্ঞদের মতে, বিবিসি-র চিহ্নিত করা নামের তালিকা প্রকৃত মৃত্যুর ৪৫ থেকে ৫৫ শতাংশ, সেই হিসাবেও মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার থেকে ৬ লক্ষ ৪৪ হাজারের মধ্যে। উল্লেখ্য, গত জুলাই মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি নিজেদের নিহত সেনার সংখ্যা প্রায় ৫০ হাজার বলে দাবি করলেও, স্বাধীন মঞ্চ ‘ইউএ লসেস’-এর (UA Losses) হিসাব অনুযায়ী তা অন্তত ১ লক্ষ ১৫ হাজার ৯৫২।
চার দিনেই ছাপিয়েছে আফগান-যুদ্ধ
রোসস্ট্যাটের নথি বিশ্লেষণ করে ‘দ্য গার্ডিয়ান’ দেখিয়েছে, বছর গড়ানোর সঙ্গে সঙ্গে রুশ বাহিনীর প্রাণহানি কী ভাবে ভয়ঙ্কর রূপ নিয়েছে। যুদ্ধের প্রথম বছর ২০২২ সালে প্রায় ২০ হাজার এবং ২০২৩ সালে ৫০ হাজার রুশ সেনার মৃত্যু নথিভুক্ত হয়েছিল। ২০২৪ সালে তা দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৩৪ হাজারে। আর ২০২৫ সাল ছিল যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী বছর, ওই এক বছরেই মৃত্যু ৫২ শতাংশ লাফিয়ে প্রায় ২ লক্ষে পৌঁছয়, অর্থাৎ দিনে গড়ে ৫৪৮ জন রুশ সেনা প্রাণ হারিয়েছেন।
সবচেয়ে ভয়ঙ্কর সময় গিয়েছে ২০২৫ সালের মে মাসে। ওই বছরের ৫ মে থেকে শুরু হওয়া মাত্র এক সপ্তাহেই ৫ হাজার ৪১ জন রুশ সেনা নিহত হয়েছিলেন, অর্থাৎ প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ৭২০ জন। তুলনামূলক পরিসংখ্যান বলছে, ইরাকে আট বছরের যুদ্ধে আমেরিকা প্রায় ৪,৫০০ সেনা এবং আফগানিস্তানে দু’দশকে প্রায় ২,৪০০ সেনা হারিয়েছিল। রাশিয়া মাত্র এক সপ্তাহেই তার চেয়ে বেশি প্রাণ হারিয়েছে। এমনকি ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত-আফগান যুদ্ধের সঙ্গে তুলনা করলেও ছবিটা আঁতকে ওঠার মতো। সেই দশ বছরের যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিলেন, আর সবচেয়ে খারাপ বছর ১৯৮৪ সালে প্রাণ গিয়েছিল প্রায় ২,৩০০ জনের। ২০২৫ সালে ইউক্রেনের রণাঙ্গনে প্রতি চার দিনে ওই সংখ্যক সেনা হারিয়েছে রাশিয়া।
তরুণ প্রজন্মের ক্ষয়
এত লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে রণাঙ্গনে রাশিয়ার অর্জন কতটুকু, তা নিয়েও প্রশ্ন তুলেছে এই পরিসংখ্যান। ইউক্রেনীয় পর্যবেক্ষক সংস্থা ‘ডিপস্টেট’-এর (DeepState) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মাত্র আট হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করতে পেরেছে, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের দেড় শতাংশেরও কম। ফাঁস হওয়া নথিতে দেখা গিয়েছে, পূর্ব ইউক্রেনের এমন দশটি ছোট গ্রাম দখল করতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন, যুদ্ধের আগে যে গ্রামগুলির সম্মিলিত জনসংখ্যাই ছিল মাত্র ১২ হাজার। দনেৎস্ক অঞ্চলের বাখমুতের দক্ষিণে অবস্থিত আন্দ্রিভকা (Andriivka) নামে একটি গ্রামের লড়াইয়েই মৃত্যু হয়েছে ১,১২২ জন রুশ সেনার, অথচ যুদ্ধের আগে ওই গ্রামে বাস করতেন মাত্র ৭৪ জন মানুষ।
এই যুদ্ধ রাশিয়ার তরুণ ও কর্মক্ষম পুরুষদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সি যত মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের ৬৫ শতাংশই প্রাণ হারিয়েছেন ইউক্রেন যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সিদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সিদের ক্ষেত্রেই হৃদরোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধকে ছাপিয়ে যেতে পেরেছে। একই সঙ্গে জেলবন্দি এবং চুক্তিভিত্তিক বয়স্ক সেনাদের রণাঙ্গনে পাঠানোর ফলে নিহত সেনাদের গড় বয়স প্রথম বছরের ৩৪ থেকে বেড়ে ২০২৫ সালে ৪০-এ পৌঁছেছে।
বিদেশি যোদ্ধাদের ওপর বাড়তি বোঝা
রুশ সমাজের গভীর অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্যও স্পষ্ট হয়ে উঠেছে রোসস্ট্যাটের ডেটাবেসে। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের মতো বড় ও সমৃদ্ধ শহরের বাসিন্দাদের তুলনায় পূর্ব সাইবেরিয়ার তুভা (Tyva), বুরিয়াতিয়া (Buryatia) এবং জাবাইকালস্কি ক্রাই-এর (Zabaykalsky Krai) মতো দরিদ্র অঞ্চলের পুরুষদের যুদ্ধে প্রাণ হারানোর হার ২০ থেকে ২৫ গুণ বেশি।
শুধু রুশ নাগরিকেরাই নন, রাশিয়ার হয়ে লড়তে গিয়ে প্রাণ দিয়েছেন অন্তত ৫,০১৭ জন বিদেশি নাগরিকও, যাঁদের মধ্যে ১,০৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের বাসিন্দা। এই হিসাবের বাইরে রাখা হয়েছে ইউক্রেনীয় এবং দ্বৈত নাগরিকদের। এ ছাড়াও রোসস্ট্যাটের নথিতে উত্তর কোরিয়ার সেনাদের কোনও উল্লেখ না থাকলেও, পিয়ংইয়ংয়ে নবনির্মিত একটি স্মৃতিসৌধের উপগ্রহ চিত্র ও সরকারি ছবি বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে যে, ২০২৪ সালে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় অভিযান রুখতে গিয়ে অন্তত ২,৩০৪ জন উত্তর কোরীয় সেনার মৃত্যু হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত যে রাশিয়ার সামরিক শক্তির পাশাপাশি তার ভবিষ্যৎ জনবিন্যাসকেও গভীর সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে, ফাঁস হওয়া সরকারি নথিতে সেই বাস্তবতাই আরও এক বার স্পষ্ট হয়ে গেল।




