বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডল বুধবার ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন। সকাল ১০টা ১০মিনিট নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় যান তিনি। প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দুপুর ১টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান। এ দিনই পুরনো একটি মামলায় তাঁকে মহম্মদবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্য দিকে, সিআইডির তলব থাকলেও তিনটি কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান এই পাথর ব্যবসায়ী।
সিউড়ি থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টুলু বলেন, ‘আমি আইনকে সম্মান করি। আমাকে আগেও ডেকেছে, এসেছি। আবার ডাকলে আবার আসব’। জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ মহম্মদবাজার থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। এর আগে দু’বার সিউড়ি থানার পুলিশ এবং এক বার সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।
গত শুক্রবার প্রথম সিউড়ি থানায় তলব করা হয়েছিল টুলুকে। সে দিন প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। মঙ্গলবারর ফের তাঁকে ডাকা হলে প্রায় ৯ ঘণ্টা থানায় ছিলেন তিনি। তবে সেদিন রাতে বেরিয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। শুক্রবারের জিজ্ঞাসাবাদের পর তাঁর দাবি ছিল, তিনি বীরভূমের সর্বোচ্চ করদাতাদের অন্যতম। কর ফাঁকি দিয়ে ব্যবসা করেন না। তা সত্ত্বেও তাঁর ব্যবসায়িক নথিপত্র নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর ফলে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলেও দাবি করেছিলেন টুলু।
রাজস্ব তছরুপ এবং ভুয়ো রসিদ তৈরির অভিযোগে টুলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁর এক ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর তদন্তে গতি আসে। পরে তাঁর কয়েক জন ঘনিষ্ঠকে গ্রেপ্তার করা হয়। বিদেশে থাকাকালীনই একটি চার্জশইটে তাঁকে মূল অভিযুক্ত করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরার পর শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দিয়েছে। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার শর্তও রয়েছে।
এদিকে, নারায়ণপুরে পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় ডুপ্লিকেট কার্বন রসিদ (ডিসিআর) দুর্নীতির সূত্র ধরে টুলুকে ফের তলব করেছিল সিআইডি। বুধবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। বীরভূম থেকে কলকাতায় আসার অসুবিধা, জেলায় অন্য মামলায় বুধবার ও বৃহস্পতিবার হাজিরার নির্দেশ এবং শারীরিক অসুস্থতা-এই তিন কারণ দেখিয়েছেন তিনি। সিআইডি সূত্রে খবর, তাঁকে ফের নোটিস পাঠানো হবে।
দেখুন:




