কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট। মামলাটি ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল শীর্ষ আদালত। একই সঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে, ডিভিশন বেঞ্চ এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত কলকাতা পুরসভার ভোট ঘোষণা করা যাবে না। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। ফলে পুরভোট ঘোষণার উপর হাইকোর্টের জারি করা স্থগিতাদেশই বহাল রইল। আগামী ৩০ নভেম্বর, সোমবার মামলার পরবর্তী শুনানি।
বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে সুপ্রিম কোর্ট জানায়, ওয়ার্ড পুনর্বিন্যআস সংক্রান্ত যাবতীয় আইনি ও তথ্যগত বিষয় বিবেচনার জন্য মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানো হতে পারে। ওই বেঞ্চই পরবর্তী নির্দেশ দেবে। তত দিন পর্যন্ত একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানায় শীর্ষ আদালত।
আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি: সুজিত বসুর শ্যালককে তলব সিবিআইয়ের, আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ
রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের প্রস্তাবের পর তিনি মামলাটির পরবর্তী শুনানি সোমবার করার আবেদন জানান। ওই দিন আদালতের প্রস্তাব নিয়ে রাজ্যের অবস্থান জানানো হবে বলে জানিয়েছেন তিনি। সেই আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। অন্যদিকে হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে ৬৮ করার বিল বিধানসভায় পাশ হয়েছে। এই পুনর্বিন্যাসের বৈধতা নিয়ে আদালতের দ্বারস্থ হন সিপিএম নেত্রী দীপু দাস। গত ১১ সেপ্টেম্বর কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। হাওড়ার ক্ষেত্রেও একই ধরনের মামলা করেছেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ।
গত ৬ নভেম্বর কলকাতা পুরভোট ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্টে ডিভিশন বেঞ্চ। সিঙ্গিল বেঞ্চে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষমা করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যআলেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
আরও পড়ুন: চিনের মহাকাশ স্টেশনে পাড়ি পাকিস্তানি নভশ্চরের, তিয়ানগংয়ে প্রথম বিদেশি মহাকাশচারী জিশান
এর আগে শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, ওয়ার্ডেরর সংখ্যা বৃদ্ধি নয়, মূলত সীমানা পুনর্নির্ধারণ নিয়েই মামলাকারীর আপত্তি। সলিসিটর জেনারেল জানান, আপত্তি জানানোর জন্য ১০ জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছিল। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়। দু’দফায় আপত্তি জানানোর সুযোগ এবং সর্বদল বৈঠকের ব্যবস্থাও করা হয়েছিল।
তবে ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে রাজ্য সরকারের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চেয়েছিলেন, কলকাতা পুরসভা যদি ভেঙে দেওয়া হয়ে থাকে এবং নির্বাচিত পুরসভার অস্তিত্বই না থাকে, তাহলে সেই পুরসভার কাছ থেকে ৬০১ নম্বর ধারায় সুপারিশ কীভাবে পাওয়া সম্ভব? বুধবারের শুনানিতেও মামলার ভবিষ্যৎ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে আপাতত কলকাতা পুরভোটের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।
দেখুন:




