ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ৫২ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ২৮টি ছক্কা। তবে এই বিধ্বংসী ব্যাটিংয়ের পিছনে আগে থেকে কোনও বিশেষ পরিকল্পনা ছিল না বলেই জানালেন তরুণ এই ক্রিকেটার।
বৈভবের এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তরুণ ক্রিকেটারের প্রশংসা করে তিনি বলেন, ‘বৈভবের এই দুরন্ত সেঞ্চুরির সঙ্গে তুলনা করার মতো কোনও ইনিংস নেই। এমন প্রতিভার পক্ষেই এই ধরনের ইনিংস খেলা সম্ভব’।
বুধবার সন্ধ্যায় ইডেনের ক্লাব হাউসে সৌরভ বলেন, ‘বৈভবের শারীরিক সক্ষমতা ওর অন্যতম বড় শক্তি। তবে শুধু শক্তির জোরেই নয়, সঠিক টেকনিকের সঙ্গে সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারছে ও। আর শারীরিক দক্ষতা ও ব্যাটিংয়ের এই মেলবন্ধনই ওকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে’।
ম্যাচের শুরুতে কিছুটা সময় নিয়ে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বৈভব। আগের দু’টি ম্যাচে ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। তাই এ দিন শুরুতে উইকেটে থিতু হওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু কয়েকটি বল খেলার পরই পিচের চরিত্র বুঝে যান। বুঝতে পারেন, বোলাররা উইকেট থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন না। এরপর আর নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে আসেননি তিনি।
নিজের ইনিংসের পরিকল্পনা নিয়ে বৈভব বলেন, ‘গত দু’টি ম্যাচে আমি শুরুটা ভাল করেও ইনিংস বড় করতে পারিনি। তাই এ দিন প্রথমে ঠিক করেছিলাম, ক্রিজে গিয়ে একটু সময় নেব। কিন্তু এক-দু’টো বল খেলার পর বুঝলাম, পিচ থেকে বোলাররা তেমন সাহায্য পাচ্ছেন না। তাই নিজের শক্তির উপর ভরসা রাখলাম।’




