রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ালচিত্রে আবার কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার সকালে বাংলাদেশের খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে আঁকা কবির ছবিতে কালি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। তবে কারা বা কী উদ্দেশ্যে এই কাজ করেছে, তা এখনও জানা যায়নি।
উল্লেখযোগ্য বিষয় হল, একই জায়গায় এর আগেও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপে দেওয়া হয়েছিল। গত ৬ নভেম্বর ওই ঘটনাটি ঘটে। ঠিক ১৬ দিনের মাথায় ফের একই কাণ্ড ঘটল। সেই বার কবির ছবির পাশে লাগানো দু’টি পোস্টারের শিরোনামে লেখা ছিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’। রবীন্দ্রনাথেক ছবিতে কালি দেওয়ার ঘটনায় বাংলাদেশের সাংস্কৃতিক মহলে তীব্র প্রতিক্রয়া দেখা দিয়েছিল। পরে ওই দেওয়ালে নতুন করে কবির ছবি আঁকা হয়। কিন্তু সেই ছবিও রেহাই পেল না।
আরও পড়ুন: বাংলাদেশে অশান্তির আগুন, পরিস্থিতি সামাল দিতে বিরোধীদের সঙ্গে বৈঠকের উদ্যোগ তারেকের
খুলনার যশোর রোডের রেলস্টেশনের দেওয়ালটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা স্মৃতিতে সাজানো। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি রয়েছে কাজী নজরুল ইসলাম, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাইকেল মধুসূদন দত্ত এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছবি। দেওয়াচিত্রে রয়েছে ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প এবং সুন্দরবনের ছবিও। চিত্রশিল্পী এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের ছবির মাঝখানে রয়েছে রবীন্দ্রনাথের ছবি। দেওয়ালের অন্য কোনও ছবিতে হাত দেওয়া হয়নি। কেবল রবীন্দ্রনাথের ছবিটিতেই কালি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১০ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি লাগানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় চারজনকে আটক করেছিল পুলিশ। পরপর এই ধরনের ঘটনায় বাংলাদেশে কবিগুরুর প্রতিকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখুন:




