• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

ড্রেসিংরুমের ‘খবর ফাঁসের’ অভিযোগে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, এতদিনে মুখ খুললেন সরফরাজ

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব অনুষ্ঠানে সরফরাজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে ফেরার পরেই এই বিতর্কের মুখে পড়েন তিনি। সেই সময় চোটের কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব চলছিল তাঁর

ড্রেসিংরুমের ‘খবর ফাঁসের’ অভিযোগে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, এতদিনে মুখ খুললেন সরফরাজ

Image: X

ভারতীয় দলের ড্রেসিংরুমের গোপন কথা সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই বিতর্কে মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন। শুধু তিনি নন, তাঁর পরিবারের উপরেও প্রভাব পড়েছিল সেই ঘটনার। স্ত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন, দুশ্চিন্তায় ছিলেন বাবা-মা এবং ভাই।

তবে কঠিন সময়ে যে পাশে পেয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে, দীর্ঘ দিন পরে তা জানাতে ভোলেননি মুম্বইয়ের সেই অভিযুক্ত ব্যাটার সরফরাজ খান। এতদিনে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন।

২০২৪-২৫ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতীয় দলের সদস্য ছিলেন সরফরাজ। যদিও পাঁচটি টেস্টের কোনওটিতেই প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। সিরিজের পর ভারতীয় ড্রেসিংরুমের অন্দরের খবর বাইরে চলে যাওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় সরফরাজের নাম জড়িয়ে যায়। অভিযোগ ছিল, দলের অন্দরের কথাবার্তা সংবাদমাধ্যমে পৌঁছে দিচ্ছেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন সরফরাজ। এখনও করছেন।

আরও পড়ুন: নেপালকে ২৬ রানে মুড়িয়ে ৩০৬ রানে জয় ভারত ‘এ’-র তিলক-কুশাগ্রর সেঞ্চুরি, কী বললেন অধিনায়ক?

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব অনুষ্ঠানে সরফরাজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে ফেরার পরেই এই বিতর্কের মুখে পড়েন তিনি। সেই সময় চোটের কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব চলছিল তাঁর।

সরফরাজ বলেন, ‘আমি খুব আঘাত পেয়েছিলাম। বিমান থেকে নামার পরেই একের পর এক ফোন এবং মেসেজ আসতে শুরু করে। সমাজমাধ্যমে অনেক কিছু লেখা হচ্ছিল। বর্ডার-গাভাস্কর ট্রফি শেষ হয়ে গিয়েছিল ২০-২৫ দিন আগে। অস্ট্রেলিয়ায় চোট পাওয়ার পর আমি এনসিএ-তে রিহ্যাব করছিলাম। হঠাৎ ড্রেসিংরুমের খবর ফাঁস করার অভিযোগ উঠতে শুরু করল। বুঝতে পারছিলাম না, কাকে গিয়ে বলব।’

তিনি আরও বলেন, ‘আমাকে ফোন বন্ধ করে দিতে হয়েছিল। গৌতম গম্ভীর স্যর দু’বার ফোন করেছিলেন। বলেছিলেন, এ সব অর্থহীন কথা। এই রাজনীতির মধ্যে না জড়িয়ে নিজের খেলায় মন দিতে। আমি বলেছিলাম, সেটা বুঝতে পারছি। কিন্তু আমার বাবা খুব দুঃখ পেয়েছেন। এমনকী আমার স্ত্রীও কান্নাকাটি শুরু করে দেয়’।

শুধু সরফরাজকে ফোন করেই দায়িত্ব শেষ করেননি গম্ভীর। তাঁর বাবার সঙ্গেও কথা বলেছিলেন ভারতীয় দলের কোচ। সরফরাজের বক্তব্য, ‘গম্ভীর স্যর আমার বাবাকে ফোন করেছিলেন। বলেছিলেন, এ ধরনের কথায় গুরুত্ব না দিতে এবং সরফরাজকে ক্রিকেট খেলতে দিতে। ও ভাল ক্রিকেটার। কোনও সাহায্যের প্রয়োজন হলে তাঁকে ফোন করতেও বলেছিলেন। গম্ভীর স্যরই প্রথম আমাকে ফোন করেছিলেন।’

অভিযোগের জবাব দিতে গিয়ে সরফরাজ প্রশ্ন তুলেছেন, সত্যিই যদি তিনি দলের গোপন তথ্য ফাঁস করতেন, তা হলে পরবর্তী সময়ে ভারতীয় ‘এ’ দল কিংবা জাতীয় দলে সুযোগ পেতেন কী ভাবে?

আরও পড়ুন: ডার্বির আগে এডমন্ডকে হারাল ইস্টবেঙ্গল, রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিতর্কে হাবাস

তাঁর বক্তব্য, ‘এমন কিছুই ঘটেনি। যদি সত্যিই এ রকম কিছু হয়ে থাকত, তা হলে আমাকে ভারতীয় ‘এ’ দলে নির্বাচন করা হত না। শ্রীলঙ্কা সফরের দলেও সুযোগ পেতাম না। কে এই কথা ছড়িয়েছিল, জানি না।’

সেই সময় পরিবারের সদস্যদেরও যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সরফরাজ বলেন, ‘আমার জীবনটা অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে কেটেছে। তাই লড়াই করতে আমি প্রস্তুত ছিলাম। কিন্তু আমার বাবা, মা, স্ত্রী এবং ভাইয়ের জন্য খারাপ লাগছিল। সমাজমাধ্যমে ছোট একটা ঘটনাও অনেক বড় হয়ে যায়। অনেক আগে একটা কথা শুনেছিলাম—কারও কাজ নষ্ট করতে না পারলে তার নাম খারাপ করে দাও। তাতে এমনিই তার কাজ নষ্ট হয়ে যাবে।’

মুস্তাক আলি ট্রফির জন্য কলকাতায় আসা সরফরাজ অবশ্য এই নিয়ে আর কোনও মন্তব্য করতে রাজি নন। বলেন, ‘যা বলার বলে দিয়েছি, আর কিছু বলার নেই, এখন আমি ক্রিকেটে মন দিতে চাই’।

ভারতীয় ক্রিকেটের অন্দরের সেই বিতর্ক যে কতটা মানসিক চাপ তৈরি করেছিল, সরফরাজের কথাতেই তা স্পষ্ট। তবে সেই কঠিন সময়ে গম্ভীরের পাশে থাকার বিষয়টি বিশেষ ভাবে মনে রেখেছেন তিনি।

দেখুন: