ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ল ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মেয়াদ বৃদ্ধি হয়ে তা দাঁড়াল ২০২৭ সালে ২৯ জানুয়ারি। কিন্তু এই মামলায় রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বিচার ব্যবস্থা নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারব্যবস্থার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যে করেছেন তাতে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। ওই মন্তব্যগুলি ইচ্ছাকৃত আদালত অবমাননা নাও হতে পারে। তবে সেগুলি এড়ানো যেত বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে ভর্ৎসনা করলেও অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছেন বিচারপতি।
আদালতের এবং বিচারপতিদের একাংশের বিরুদ্ধে অভিষেকের কিছু মন্তব্য নিয়ে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সাংসদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তাই অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘সাংসদের এই ধরণের মন্তব্যে মানুষের কাছে কী বার্তা যাচ্ছে? গোটা ঘটনা অনভিপ্রেত। একজন সাংসদ যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে তাঁর অনুগামীদের কাছে কী বার্তা পৌঁছয়? বিচার ব্যবস্থার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক।’ কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বিচার ব্যবহার একাংশ নীরব দর্শক। ওরা চাইছে বিরোধীরা মারা যাক। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের জন্যই বিজেপি এভাবে তাণ্ডবলীলা চালাচ্ছে।’
অভিষেকের মন্তব্যকে সরাসরি আদালত অবমাননা বলা যায় কিনা এবং তার ভিত্তিতে মামলাকারীর আবেদন খারিজ করা যায় কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির মন্তব্য, ‘অভিষেকের মন্তব্যগুলি ইচ্ছাকৃত এবং পরিকল্পিত আদালত অবমাননা নাও হতে পারে। এই ধরনের মন্তব্য এড়ানো যেত। আদালতের বিরুদ্ধে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। এটা আদালতের কাছে কষ্টদায়ক।’ এরপর অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতির ভর্ৎসনা, ‘আপনার মক্কেল অকারণ সমস্যা বাড়াচ্ছেন। সাংসদের এই ধরণের মন্তব্যে সাধারণ মানুষের কাছে কী বার্তা যায়? এই ধরণের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, যন্ত্রণাদায়ক।’
তাছাড়া বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোট প্রচারে হুমকির সুরে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। পরে ওই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। মামলার তদন্তভার পায় সিআইডি। ওই মামলায় অন্তবর্তী রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। সিআইডির তলবে সাড়াও দিয়েছিলেন। এবার ওই রক্ষাকবচের মেয়াদ বাড়ল। এই সূত্রেই অভিষেকের মন্তব্যে তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের বিরোধিতা করে রাজ্য সরকার। তখন বিচারপতির প্রশ্ন, বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য করার জন্য কি কারও অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করা যেতে পারে? একে কি ইচ্ছাকৃত আদালত অবমাননা বলা যায়? অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করা বা তার মেয়াদ না বাড়ানোর মতো নতুন কোনও পরিস্থিতি তৈরি হয়েছে কি? কী কারণে অভিষেক রক্ষাকবচ পাবেন না? বিচারপতি আরও বলেন, ‘দুটি বিষয় আলাদা। উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার মামলার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তবে সেটা সম্পূর্ণ আলাদা আইনি প্রক্রিয়া।’




