সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের রোড শোয়ে দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে পদযাত্রায় ফুল ছড়ানোর জন্য আনা বুলডোজারের ধাক্কায় মৃত্যু হল স্থানীয় এক বিজেপি নেতার নাবালক পুত্রের। বুধবার কুঁদঘাট এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত কিশোর নাম আর্যবর্ধন সিং। গোরক্ষপুরের চৌরিচৌরার রাজধানী গ্রামের বাসিন্দা সে। তার বাবা ওঙ্কার সিং স্থানীয় বিজেপি নেতা। বুধবার সমাজবাদী পার্টির পদযাত্রা উপলক্ষে কুঁদঘাট এলাকায় একটি বুলডোজার রাখা হয়েছিল। উপর থেকে ফুল ছড়ানোর জন্যই সেটি আনা হয়েছিল। অখিলেশ যাদবের কনভয় এগিয়ে যাওয়ার সময় বুলডোজারটির গতি বেড়ে যায়। সেই সময়ই ধাক্কা লাগে আর্যবর্ধনের গায়ে। ছিটকে রাস্তার ডিভাইডারে পড়ে যায় সে। মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বুলডোজারের চালকের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। খবর পেয়ে বিজেপি বিধায়ক শ্রবণ নিষাদ ওঙ্কার সিংয়ের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির তরফে সমাজবাদী পার্টির বিরুদ্ধে ‘গুন্ডাগিরি’-র অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে অখিলেশ যাদন বলেন, শিশুমৃত্যুর ঘটনা সম্পর্কে তিনি জানেন না। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এসপি প্রধান। তাঁর বক্তব্য, ‘এই ঘটনা সম্পর্কে কিছু জানি না। প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।‘
আরও পড়ুন: সাত ঘণ্টার অভিযানে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট
অখিলেশ আরও বলেন, ‘বিজেপির কর্মী-সমর্থকদের বিশ্বাস করবেনা। আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারেন।‘ সব মিলিয়ে, এক নাবালকের মৃত্যু ঘিরে গোরক্ষপুরে শোকের পাশাপাশি রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।
দেখুন:




