• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর দাপট! ঘণ্টায় ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, বাতিলের পথে একাধিক পরিষেবা, বন্ধ স্কুল

শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশের নরসাপুর এবং দক্ষিণ ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর দাপট! ঘণ্টায় ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, বাতিলের পথে একাধিক পরিষেবা, বন্ধ স্কুল

Image: SNS

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভানন’। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশের নরসাপুর এবং দক্ষিণ ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে দুই রাজ্যের প্রশাসন। তিনটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি বদল করেছে রেল। অন্য দিকে, ওড়িশার আটটি জেলায় স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় অ্যাকভান-এর প্রভাব! বুধবার থেকেই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

তিনটি এক্সপ্রসে ট্রেনের সময় বদল

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বৃহস্পতিবার তিনটি দূরপাল্লার ট্রেনের যাত্রা সময়ে বদল ঘটানো হয়েছে।

১৮০৪৬ নম্বর চার্লাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৩টা ৪০ মিনিটে ছাড়বে।

১২৭০৪ নম্বর সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস বিকেল ৩টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে বিকেল ৫টা ৫৫ মিনিটে।

১৫২২৭ নম্বর এসএমভিটি বেঙ্গালুরু-মুজফ্ফরপুর এক্সপ্রেস রাত ১২টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। তবে যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে সময়সূচি দেখে নিতে বলা হয়েছে।

ওড়িশার আট জেলায় বন্ধ স্কুল-কলেজ

ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে ওড়িশার আটটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া ও কন্ধমল জেলায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে। খুরদা ও মালকানগিরি জেলায় ১৯ ও ২০ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি কর্মীদের ছুটি ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে রাজ্য সরকার। যাঁরা ইতিমধ্যে ছুটিতে রয়েছেন, তাঁদেরও জরুরি ভিত্তিতে কাজে যোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: সাত ঘণ্টার অভিযানে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

অতিভারী বৃষ্টির সতর্কতা

আইএমজি জানিয়েছে, ১৯ ও ২০ নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ২১ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তর ওড়িশাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০ নভেম্বর তেলাঙ্গানার পূর্বাংশে এবং ২০ ও ২১ নভেম্বর ছত্তীসগড় ও ঝাড়খণ্ডের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সমুদ্রের জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার নিচু উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

১৩ জেলায় লাল সতর্কতা

বুধবার রাজ্যের কন্ট্রোল রুমে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তিনি জানান, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে পারে। দক্ষিণ ওড়িশা থেকে বালেশ্বর পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

মুখ্যমন্ত্রীর কথায়, ১৩টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন: