• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

সাত ঘণ্টার অভিযানে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

দীর্ঘ সময় ধরে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পরে মসজিদ চত্বরে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তাবাহিনী। সেই পরিস্থিতিতে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে গুলিবিদ্ধ হন লতিফ

সাত ঘণ্টার অভিযানে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

Image: IANS

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর অভিযানের বড় সাফল্য। কুলগামে সিআরপিএফের নাকা চেকিং পোস্টে হামলার অন্যতম মূলচক্রী লস্কর-এ-তৈবার কমান্ডার লতিফ ভাট নিহত হয়েছেন (Lashkar commander Latif Bhat)। বুধবার কুলগামের জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে প্রায় সাত ঘণ্টার অভিযান চালানো হয়। সেই অভিযানে মৃত্যু হয় লতিফের (Lashkar commander Latif Bhat)। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, উপত্যকায় সক্রিয় স্থানীয় জঙ্গিদের মধ্যে লতিফই ছিলেন শেষ ব্যক্তি।

গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের নাকা চেকিং পোস্টে হামলায় তিন জওয়ান গুলিবিদ্ধ হন। তদন্তে উঠে আসে লতিফ ভাট ও নিসার দারের নাম। তাঁদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ, সেনা ও আধাসেনা। এর আগে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছিল নিসারের। বুধবার লতিফের মৃত্যুর পর কুলগাম হামলার দুই অভিযুক্তই নিহত হলেন (Lashkar commander Latif Bhat)।

আরও পড়ুন: কুলগামে লস্কর কমান্ডারকে ধরতে অভিযান, কোণঠাসা লতিফকে ভিডিও কল করে আত্মসমর্পণের প্রস্তাব

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তবাহিনীর নজর এড়াতে জঙ্গলপোরার একটি মসজিদে আশ্রয় নেন লতিফ। দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। মসজিদের ভিতরে ঢুকে অভিযান চালানোর পরিবর্তে বাইরে থেকেই তাঁকে আত্মসমর্পণের জন্য বোঝানোর চেষ্টা চলে। কুলগামের সিনিয়র পুলিশ সুপার আনায়ত আলি ভিডিও কলে লতিফের সঙ্গে কথা বলেন। অস্ত্র ফেলে বেরিয়ে আসার আবেদন জানানো হলেও তাতে সাড়া দেননি ওই জঙ্গি।

দীর্ঘ সময় ধরে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পরে মসজিদ চত্বরে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তাবাহিনী। সেই পরিস্থিতিতে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে গুলিবিদ্ধ হন লতিফ। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অভিযান শেষ হয় বলে খবর।

পুলশি সূত্রে জানা গিয়েছে, কুলগামের খ্রেবান চাডর এলাকার বাসিন্দা ছিলেন ২৩ বছরের লতিফ। কাঠের মিস্ত্রির কাজ করতেন। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-এ-তৈবায় যোগ দেন বলে খবর। তাঁর নিখোঁজ হওয়ার পর পরিবারের তরফে থানায় ডায়েরিও করা হয়েছিল। পরে জানা যায়, জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছেন তিনি। পাকিস্তানি জঙ্গি সাজ্জাদ গুল তাঁকে নিয়োগ করেছিলেন বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: ১৭ বছর জেলে থাকার যুক্তিতে সুপ্রিম কোর্টে জামিন পেল দুই অপরাধী, আতঙ্কে পরিবার নিয়ে গুজরাত ছাড়লেন বিলকিস বানো

দক্ষিণ কাশ্মীরের কুলগাম ও অনন্তনাগে একাধিক হামলার সঙ্গে লতিফের যোগ ছিল বলে অভিযোগ। নিরাপত্তাবাহিনীর দাবি, স্থানীয় এলাকা সম্পর্কে তাঁর পরিচিতিকে কাজে লাগিয়ে হামলার পর সহজেই ভিড়ে মিশে যেতেন তিনি। গত জুলাইয়ে অনন্তনাগের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর অভিযানে জাকির গনেই নিহত হলেও পালিয়ে গিয়েছিলেন লতিফ (Lashkar commander Latif Bhat)।

তাঁর মৃত্যুর পর কাশ্মীর পুলিশের ডিজি জানান, গত দু’বছরে পাকিস্তান থেকে জঙ্গি নিয়োগের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। উপত্যকার শেষ সক্রিয় জঙ্গিরও মৃত্যু হয়েছে। এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান তিনি।

দেখুন: