চোরবাগানের ঘটনাকে কেন্দ্র করে ৮ জন পড়ুয়াকে শোকজ করার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর। কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন কলেজের ছাত্র ইউনিয়নের সদস্যেরা। তাঁদের দাবি, ৮ জন পড়ুয়ার বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র ইউনিয়নের অভিযোগ, এই সময় এবিভিপি-র সদস্যেরা কয়েক জন বহিরাগতকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভরত পড়ুয়াদের উপর হামলা চালান। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কলেজের ভিতরে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ চালিয়ে যান ছাত্র ইউনিয়নের সদস্যেরা। অন্যদিকে, ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবিভিপি-র সদস্যেরা। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে।
এবিভিপি-র অবস্থান ঘিরে ক্যাম্পাসের বাইরে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, উত্তেজনার মধ্যে ভাঙচুর করা হয় কাচ। ক্লক টাওয়ারের গেটে তালা লাগানোর পাশাপাশি সেই তালা ভাঙারও চেষ্টা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন: ‘জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে’, বড় দাবি করলেন অভিষেক
মেডিক্যাল পড়ুয়া ও চিকিৎসদের সূত্রে খবর, এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দুপুর ২টো থেকে হাসপাতাল চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ব্যানার ছাড়া সব সংগঠন যোগ দিতে পারবে। পরে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলও হতে পারে।
রাতের দিকে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে পুলিশি প্রহরায় মেডিক্যাল কলেজ চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, সপ্তমীর দিন চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। সেই ঘটনায় আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক বৈঠক করেন জুনিয়র চিকিৎসকেরা। সরকারি পরিকাঠামোয় মেডিক্যাল কলেজগুলির অবস্থান শীর্ষে বলে তাঁরা বক্তব্য রাখেন। রোগী রেফার নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। সেই সঙ্গে রক্তক্ষরণ বন্ধ করার ওষুধ ট্রানিজ্যামিক নেই বলে সাংবাদিক বৈঠকে দাবি করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন। বুধবার সেই তদন্তের প্রেক্ষিতেই আটজন ইন্টার্নকে শোকজ করেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, কর্তব্যরত অবস্থায় সাংবাদিকদের বিবৃতি দেওয়া যায় না। এছাড়া রক্তক্ষরণের ওষুধ ছিল না, এ দাবিও ভিত্তিহীন। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চেয়ে ওই ইন্টার্নদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়।
বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকে কারণ দর্শানোর নোটিস জারির কারণ জানতে চান জুনিয়ে চিকিৎসকদের প্রতিনিধিরা। ঘটনার দিন জরুরি বিভাগে ট্রানিজ্যামিক-সহ অন্যান্য ওষুধ অমিল ছিল তা প্রমাণিত হয়। এরপর ওই আটজন ইন্টার্নের বিরুদ্ধে শোকজ প্রত্যাহার করে নেওয়া হবে বলে ঠিক হয়। অধ্যক্ষ ইন্দ্রনীল কলেজ কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত থেকে সরে আসার অভিযোগ ওঠে। এরপরই ঘেরাও শুরু হয়।
দেখুন:




