বিজ্ঞানের জগতে সব আবিষ্কার চোখে দেখা যায় না। কখনও একটি নতুন অণু, কখনও দূরবর্তী গ্রহ, আবার কখনও একটি জটিল গাণিতিক সমস্যার সমাধান মানুষের জ্ঞানের দিগন্ত প্রসারিত করে। গণিতের এমনই এক কঠিন অথচ আকর্ষণীয় জগতে কাজ করে চলেছেন অধ্যাপক ঋদ্ধিপ্রতিম বসু। সম্ভাবনা তত্ত্ব (প্রোবাবলিটি থিওরি) এবং পরিসংখ্যানগত পদার্থবিদ্যায় (স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স) তাঁর মৌলিক গবেষণার স্বীকৃতি হিসেবেই ২০২৬ সালের ইনফোসিস পুরস্কার পেয়েছেন তিনি।
ঋদ্ধিপ্রতিমের শিক্ষাজীবনের শুরু রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রহড়ায়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেখানেই পড়াশোনা। স্কুলজীবন থেকেই তাঁর অংকের প্রতি একটা গভীর ভালোবাসা ছিল। তাঁর স্কুলজীবনের একটি স্মরণীয় ঘটনার কথা জানিয়েছেন গণিতের শিক্ষক সুব্রত মহন্ত।
একদিন দশম শ্রেণিতে পরপর চারটি অফ-পিরিয়ডে অঙ্কের ক্লাস হয়েছিল। স্বাভাবিকভাবেই ছাত্রদের অনেকেই তখন অঙ্কে ক্লান্ত। নির্ধারিত অঙ্কের পিরিয়ডে সুব্রতবাবু যখন যথারীতি ক্লাসে এলেন, অধিকাংশ ছাত্রই আর অঙ্ক করতে রাজি হল না। কিন্তু কয়েকজন ব্যতিক্রমীর মধ্যে ছিল ঋদ্ধিপ্রতিম। সে বরং আরও একটি অঙ্কের ক্লাস চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিল। ছোট্ট এই ঘটনা থেকেই বোঝা যায়, অঙ্ক তার কাছে শুধু পাঠ্যবিষয় ছিল না, ছিল আনন্দ ও অনুসন্ধানের একটি জগৎ।
আর এক শিক্ষক উৎপল ভৌমিকের স্মৃতিতে ঋদ্ধিপ্রতিমের পরিচয় শুধু মেধাবী ছাত্র হিসেবে নয়, অত্যন্ত বিনয়ী, ভদ্র ও মার্জিত স্বভাবের একজন মানুষ হিসেবেও। বার্কলে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় ছুটিতে দেশে এসে একবার তিনি নিজের স্কুলে গিয়েছিলেন। উৎপলবাবুর অনুরোধে ছোট ছাত্রদের উৎসাহিত করতে একটি ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সেখানে তাঁর বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছাত্রদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘তোমরা আমার চেয়েও বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী। আমি তো খুব সাধারণ মানের ছাত্র। মন দিয়ে পড়াশোনা করো, সাফল্য আসবেই।’ আন্তর্জাতিক গবেষণার জগতে প্রতিষ্ঠিত হওয়ার পরেও নিজের কৃতিত্ব নিয়ে এমন নিরহংকার মন্তব্য সত্যিই বিরল। তাঁর শিক্ষকদের স্মৃতিচারণে তাই মেধার পাশাপাশি ফুটে ওঠে এক অসাধারণ বিনয়ী মানুষের ছবি।
স্কুলজীবনের সেই অঙ্কপ্রেম তাঁকে পৌঁছে দেয় কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (আইএসআই)। ২০০৯ সালে পরিসংখ্যানে স্নাতক এবং ২০১১ সালে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১২ সালের ১২ জানুয়ারি আইএসআই-এর ৪৬তম সমাবর্তনে স্নাতকোত্তর স্তরে অসাধারণ কৃতিত্বের জন্য লাভ করেন দুটি সম্মান— প্রশান্তচন্দ্র মহলানবিশ গোল্ড মেডেল এবং এম আর আইয়ার স্মৃতি পদক।
এরপর গবেষণার জন্য পাড়ি দেন আমেরিকায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাসে অধ্যাপক অ্যালান স্লাইয়ের তত্ত্বাবধানে পরিসংখ্যানে পিএইচডি সম্পন্ন করেন ২০১৫ সালে। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ২০১৭ সালে দেশে ফিরে যোগ দেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধীন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্স-এ। বর্তমানে তিনি সেখানকার সহযোগী অধ্যাপক।
তাঁর গবেষণার মূল বিষয় প্রোবাবলিটি থিওরি এবং স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। অনিশ্চয়তার মধ্যেও গণিতের নিয়ম। একটি কয়েন ছুঁড়লে হেড বা টেল আসার সম্ভাবনা আমরা সহজেই বুঝি। কিন্তু লক্ষ লক্ষ কণা যখন একসঙ্গে চলাচল করে, তখন তাদের সম্মিলিত আচরণ কেমন হবে? প্রত্যেকটি কণার গতিপথ আলাদা হলেও সামগ্রিক ব্যবস্থার মধ্যে কি কোনও নির্দিষ্ট নিয়ম কাজ করে? এই প্রশ্নগুলির উত্তর খোঁজে তাঁর গবেষণা।
তাঁর অন্যতম উল্লেখযোগ্য অবদান ‘স্লো বন্ড প্রব্লেম’-এর সমাধান। বিষয়টি বোঝার জন্য একটি রাস্তার কথা ভাবা যাক, যেখানে অসংখ্য গাড়ি চলেছে। রাস্তার একটি নির্দিষ্ট জায়গায় সামান্য বাধা তৈরি হল। প্রশ্ন, এই বাধা কি শুধু ওই জায়গায় যান চলাচল কমাবে, নাকি গোটা রাস্তার যানপ্রবাহের উপর প্রভাব ফেলবে? কয়েক দশক ধরে গণিতবিদদের কাছে এটি ছিল অমীমাংসিত সমস্যা। ঋদ্ধিপ্রতিম বসু, ভ্লাদাস সিডোরাভিসিয়াস এবং অ্যালান স্লাই যৌথ গবেষণায় প্রমাণ করেন, একটি নির্দিষ্ট সংযোগস্থলে সামান্য প্রতিবন্ধকতাও সামগ্রিক কণাপ্রবাহ কমিয়ে দিতে পারে। অর্থাৎ, ক্ষুদ্র একটি পরিবর্তনও বিশাল ব্যবস্থার আচরণ বদলে দিতে সক্ষম।
তাঁর গবেষণার আর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র পারকোলেশন থিওরি। সহজভাবে বললে, কোনও মাধ্যমে এলোমেলোভাবে তৈরি হওয়া সংযুক্ত পথের সম্ভাবনা নিয়ে এই তত্ত্ব আলোচনা করে। মাটির মধ্যে দিয়ে জলের প্রবাহ, কোনও পদার্থের বিদ্যুৎ পরিবহন কিংবা বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার মতো ঘটনা বোঝার ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। এ ছাড়া লার্জ ডেভিয়েশন থিওরি নিয়ে তাঁর কাজও উল্লেখযোগ্য। সাধারণত কোনও ব্যবস্থার গড় আচরণ নিয়ে আলোচনা করা হয়। কিন্তু কখনও কখনও এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে, যা স্বাভাবিক প্রত্যাশার বাইরে। সেই বিরল ঘটনাগুলি কতটা সম্ভাব্য এবং কীভাবে ঘটে, তা ব্যাখ্যা করে এই তত্ত্ব।
২০০৯ সালে প্রতিষ্ঠিত ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন ছয়টি বিভাগে প্রতিবছর ইনফোসিস পুরস্কার প্রদান করে। প্রতিটি বিভাগের জন্য পৃথক আন্তর্জাতিক বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী গবেষণার মৌলিকত্ব, আন্তর্জাতিক গুরুত্ব এবং নতুন জ্ঞান সৃষ্টিতে অবদান বিচার করে পুরস্কারপ্রাপক নির্বাচন করেন। ২০২৪ সাল থেকে চল্লিশ বছর বা তার কম বয়সি গবেষকদের বিশেষভাবে স্বীকৃতি দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।
২০২৬ সালে গণিতবিজ্ঞানের বিভাগে ঋদ্ধিপ্রতিম বসু এই সম্মান পেয়েছেন তাঁর সম্ভাবনা তত্ত্ব ও পরিসংখ্যানগত পদার্থবিদ্যায় মৌলিক অবদান, ‘স্লো বন্ড প্রব্লেম’-এর সমাধান এবং পারকোলেশন থিওরি-তে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য। পুরস্কারের সঙ্গে রয়েছে সোনার পদক, সম্মাননাপত্র এবং এক লক্ষ মার্কিন ডলার।
রহড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ছাত্রজীবনের যে কৌতূহল ও অধ্যবসায়ের পরিচয় মিলেছিল, পরবর্তী জীবনে আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রেও তারই প্রতিফলন ঘটেছে। আইএসআই-তে দুটি পদক অর্জন থেকে বার্কলে ও স্ট্যানফোর্ডের গবেষণাজগৎ পেরিয়ে ইনফোসিস পুরস্কার—প্রতিটি ধাপেই তাঁর মেধার স্বাক্ষর স্পষ্ট। কিন্তু এই সাফল্যের পাশাপাশি যে গুণটি বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হল তাঁর বিনয়। আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পরেও নিজের স্কুলের ছাত্রদের সামনে নিজেকে সাধারণ মেধার মানুষ বলে পরিচয় দেওয়া তাঁর ব্যক্তিত্বের এক অনন্য দিক।
ঋদ্ধিপ্রতিম বসুর জীবন তাই শুধু একজন প্রতিভাবান গণিতবিদের সাফল্যের কাহিনি নয়; এটি কৌতূহল, অধ্যবসায় এবং বিনয়ের এক সুন্দর সমন্বয়। তাঁর যাত্রা নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয়, বড় আবিষ্কারের সূচনা হয় প্রশ্ন করার সাহস থেকে, আর প্রকৃত সাফল্যের পরিচয় মেলে জ্ঞানের সঙ্গে মানবিকতার মেলবন্ধনে।




