অপরাধ বলতে স্ত্রীর ফোন ধরেননি স্বামী। একইসঙ্গে ফোন না ধরার পাশাপাশি স্ত্রীকে পাল্টা ফোন করে বাড়ির খোঁজখবর নেননি বলে অভিযোগ। কিন্তু এই ঘটনাকে বৈবাহিক জীবনে সাংসারিক অশান্তির কারণ বলা গেলেও ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতা অথবা নির্যাতন বলে গণ্য করা যায় না। দাম্পত্য বিবাদ বিষয়ক একটি মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল কলকাতা হাইকোর্ট। এই যুক্তিতে স্বামীর বিরুদ্ধে ৪৯৮এ ধারায় ফৌজদারি মামলা খারিজ করে দিলেন বিচারপতি অজয়কুমার গুপ্ত। স্বামীর বিরুদ্ধে স্ত্রী ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ এবং ৩৪ ধারায় ফৌজদারি মামলা দায়ের করেছিলেন আদালতে।
আদালত সূত্রে খবর, এই ঘটনা ঘটে হাওড়ার বাগনান এলাকায়। ২০১৭ সালের মার্চ মাসে ওই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে বাগনান থানায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলা হয়। স্ত্রীর করা ওই মামলা খারিজের দাবিতে স্বামী কলকাতা হাইকোর্টে আবেদন করেন। ওই রিভিশন পিটিশনের শুনানি ছিল বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে। ওই শুনানিতেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করলেন বিচারপতি। শাশুড়ি এবং ননদ তাঁকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করাতেন। নাবালক সন্তানের রেশন কার্ড তৈরির প্রয়োজনীয় নথি পেতেও বাধা দিতেন এবং একাধিকবার বাড়ির বাইরে ফেলে রাখার অভিযোগও তোলেন বধূ।
কলকাতা হাইকোর্টে মামলায় স্বামীর পক্ষে আইনজীবী সাবির আহমেদের দাবি, যে সময় এই সব অভিযোগ তোলা হচ্ছে সেই সময় তাঁর মক্কেল উত্তরাখণ্ডের হরিদ্বারে পিএইচডি করছিলেন। স্ত্রীর সঙ্গে তিনি তখন একই বাড়িতে থাকতেন না। তাঁর মক্কেলের বিরুদ্ধে নির্দিষ্ট যে অভিযোগ তোলা হচ্ছে সেটা হল তিনি স্ত্রীর ফোন ধরেননি। এই সওয়াল শুনে বিচারপতি জানান, স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ খুবই অস্পষ্ট। অভিযোগকারিণী নির্যাতনের কোনও নির্দিষ্ট তারিখ, সময়, স্থান বা ধরন উল্লেখ করেননি। অভিযোগে পণের জন্য কোনও হয়রানির উল্লেখ নেই। এমন কোনও আচরণের কথাও নেই, যেটা স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে বা তাঁর জীবন, অঙ্গ, স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করতে পারে।
তাছাড়া এই মামলায় স্বামীর মা এবং বোনের বিরুদ্ধে অভিযোগ আগেই খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। স্বামীর ক্ষেত্রে ওই বধূ যে অভিযোগ করেছিলেন, সেটি মীমাংসার জন্য মিডিয়েটরের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তাতে কোনও ফল হয়নি। ট্রায়াল কোর্টে বিচারপ্রক্রিয়াও স্থগিত ছিল। আদালতের স্পষ্ট বক্তব্য, একটি ফোনের উত্তর না দেওয়া এবং নিজে থেকে ইচ্ছাকৃতভাবে নির্যাতন চালানো দুটি এক বিষয় নয়। তাই বিচারপতি অজয়কুমার গুপ্তা বলেন, ‘এই অপরাধের জন্য যুবতীকে বিবাহিতা মহিলা হতে হবে। যাঁকে তাঁর স্বামী বা স্বামীর আত্মীয়রা নিষ্ঠুরতার শিকার করেছেন এবং সেই নিষ্ঠুরতা ব্যাখ্যার (ক) বা (খ) ধারার মধ্যে পড়তে হবে।’




