• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

কালীঘাট মেট্রো স্টেশনের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলকর্মীর

সকাল ৮টা ২২ মিনিট নাগাদ দমকলের কাছে খবর পৌঁছয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় ২টি ইঞ্জিন

কালীঘাট মেট্রো স্টেশনের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলকর্মীর

প্রতীকী ছবি (Image: ANI)

কলকাতা ফের অগ্নিকাণ্ড। বুধবার সকালে কালীঘাট মেট্রেো স্টেশনে কাছে একটি ধাবায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। দু’টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ৮টার কিছু পরে ধাবাটিতে আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর সকাল ৮টা ২২ মিনিট নাগাদ দমকলের কাছে খবর পৌঁছয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় ২টি ইঞ্জিন। পরিস্থিতি বুঝে প্রয়োজনে আরও ইঞ্জিন পাঠানো হতে পারে বলে খবর।

কী কারণে ধাবাটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। সকালে ব্যবস্ত সময়ে মেট্রো স্টেশনের কাছে আগুন লাগায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এর মধ্যে কলকাতায় বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি মাসের গোড়ায় মহাকরণের পিছনে একটি বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে একটি সংস্থার অফিস ছিল বলে জানা যায়। বাড়ির উপরের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলকে খবর দেন। পরে দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর কয়েক দিন আগে শহরের অভিজাত সাউথ সিটি আবাসনের তিন নম্বর টাওয়ারে ২৮ তলার একটি ফ্ল্যাটেও আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তার আগে সেপ্টেম্বর মাসে উত্তর কলকাতার চিৎপুরের নবাবপট্টি এলাকায় একটি গুদামে আগুন লাগে। ওই গুদামে রাসায়নিক এবং পোশাক তৈরি বিভিন্ন সামগ্রী মজুত ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০টি ইঞ্জিন কাজে লাগানো হয়।