বাংলাদেশের ঢাকায় ইতিহাসের হাতছানি ছিল ভারতের সামনে। সেই ইতিহাস লিখতেই শেষ মুহূর্তে জ্বলে উঠলেন সন্দীপ মান্ডি। তাঁর ৮৮ মিনিটের দুরন্ত হেডারে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় বার খেতাব জিতল ভারত। শুধু তাই নয়, এই প্রথম টানা তিনটি সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়ল নীল জার্সিধারীরা। সব মিলিয়ে দশম বার এই প্রতিযোগিতার সেরা হল ভারত।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে শুরুটা অবশ্য একেবারেই ভাল হয়নি নৌশাদ মুসার দলের। প্রথমার্ধের বেশির ভাগ সময়ই ভারতকে চাপে রাখে পাকিস্তান। আক্রমণে গতি ও দু’প্রান্তের ব্যবহার করে বারবার ভারতীয় রক্ষণকে পরীক্ষার মুখে ফেলে তারা। গোলরক্ষক অর্শ আনোয়ার শেখকে একাধিক বার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। ম্যাককেল আবদুল্লার কাছ থেকে আসা বিপজ্জনক প্রচেষ্টাও দক্ষতার সঙ্গে আটকে দেন তিনি।
ভারতও কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু আক্রমণে সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল। প্রথমার্ধের সংযুক্ত সময়ে সেই চাপেরই ফল পায় পাকিস্তান। বাঁ দিক থেকে জুনেইদ শাহের বাড়ানো বল ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় আলমগির গাজির কাছে। বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণ করে ডান পায়ের দুরন্ত শটে ভারতীয় জালে বল জড়িয়ে দেন তিনি। সংযুক্ত সময়ে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন গাজি।
দ্বিতীয়ার্ধে দলকে চাঙ্গা করতে ম্যাকর্টন নিকসনকে নামান মুসা। তাঁর উপস্থিতিতে ভারতের মাঝমাঠে গতি বাড়ে। ৫১ মিনিটে নিকসনের পাস থেকে পিভি বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করে ভারত।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৫৯ মিনিটে। ব্রাইসন ফার্নান্ডেজের বিরুদ্ধে বিপজ্জনক ফাউল করেন পাকিস্তানের জুনেইদ শাহ। প্রথমে রেফারি শাস্তি না দিলেও ভিএআর পর্যালোচনার পরে তাঁকে লাল কার্ড দেখানো হয়। দশ জনে নেমে যায় পাকিস্তান।
তার ঠিক পরের মিনিটেই সমতা ফেরায় ভারত। ডান দিক থেকে খাইমিনথাং লুংদিমের বাড়ানো বলে নিকসন ঠিকমতো শট নিতে পারেননি। কিন্তু বল পেয়ে যান সুহেল আহমেদ ভাট। সুযোগের সদ্ব্যবহার করে পাকিস্তানের জালে বল জড়িয়ে দেন তিনি। (১-১)
এর পর একের পর এক আক্রমণে পাকিস্তানকে ব্যতিব্যস্ত করে তোলে ভারত। ৭২ মিনিটে ব্রাইসন ও বিষ্ণুর পরিবর্তে নামানো হয় আবদুল রবিহ এবং ইরফান ইয়াডওয়াডকে। দুই পরিবর্ত খেলোয়াড়ের যুগলবন্দিতেও গোলের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু পাকিস্তানের রক্ষণ তা আটকে দেয়।
মনে হচ্ছিল, ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু শেষ মুহূর্তে ভারতের ত্রাতা হয়ে ওঠেন সন্দীপ মান্ডি। ৮৮ মিনিটে আবদুল রবিহ-র নেওয়া কর্নার থেকে দুরন্ত হেড করেন তিনি। বল মাটিতে পড়ে লাফিয়ে উঠে চলে যায় পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটের নাগালের বাইরে। গোলের পর উচ্ছ্বাসে জার্সি খুলে দৌড় শুরু করেন মান্ডি। তাঁর সেই গোলেই নিশ্চিত হয়ে যায় ভারতের ঐতিহাসিক জয়।
পাকিস্তানের কাছে এই হার আরও যন্ত্রণার। কারণ, এই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কাছে হার মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।
অন্য দিকে, সাফে ভারতের আধিপত্য আরও এক বার প্রতিষ্ঠিত হল। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালের পরে ২০২৬ সালেও চ্যাম্পিয়ন হল ভারত। দশম খেতাবের পাশাপাশি প্রথম বার টানা তিনটি সংস্করণে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়ল নীল জার্সিধারীরা।
স্কোর: ভারত ২ (সুহেল আহমেদ ভাট ৬০’, সন্দীপ মান্ডি ৮৮’) — পাকিস্তান ১ (আলমগির গাজি ৪৫+১’)।




