জম্মু-কাশ্মীরের কুলগামে ফের নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। লস্কর-এ-তৈবার কমান্ডার লতিফ ভাটের খোঁজে বুধবার ভোর থেকে নতুন করে তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনা। অভিযানের সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। পুলিশ সূত্রে খবর, লতিফকে প্রায় ঘিরে ফেলেছেন জওয়ানেরা। তবে এখনও তাঁকে পাকড়াও করা যায়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযানের মধ্যেই লতিফের সঙ্গে ভিডিও কলে যোগাযোগের চেষ্টা করেন নিরাপত্তাবাহিনীর সদস্যেরা। সেই কথোপকথনের একটি প্রকাশ্যে এসেছে। তবে তার সত্যতা যাচাই করা হয়নি। ভিডিওতে এক সেনাকর্তাকে লতিফের উদ্দেশে আত্মসমর্পণের আবেদন জানাতে শোনা যায়। তিনি বলেন, ‘আত্মসমর্পণ করুন। আমরা আপনার সঙ্গে আছি।‘ কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি লস্কর কমান্ডার। বরং গুলির লড়াইয়ে মৃত্যু হলে তিনি খুশি হবেন বলেই জানিয়েছেন।
কুলগামের অখরান এলাকায় সিআরপিএফ ছাউনিতে হামলার পর থেকেই জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। সোমবার কুলগামের লারু এলাকায় জঙ্গি নিসার দারের খবর জানতে পেরে সেখানে অভিযান চালায় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত হন নিসার। তবে ওই হামলার অন্যতম অভিযুক্ত তথা মূল চক্রী বলে সন্দেহ করা লতিফকে তখনও খুঁজে পাওয়া যায়নি। গোয়েন্দা সূত্রের দাবি, সিআরপিএফ ছাউনিতে হামলার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন লতিফ। যদিও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
এরপর থেকেই লতিফের খোঁজে কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে ফের অভিযান চালানো হয়। নিরাপত্তাবাহিনীর অনুমান, কুলগামের কোনও একটি জায়গায় আত্মগোপন করে রয়েছেন লতিফ। সেই জায়গা খুঁজে তা ঘিরে ফেলার চেষ্টা চলছে। বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, লতিফকে নাগালে আনার জন্য পুলিশ সেনা এবং সিআরপিএফ যৌথভাবে কাজ করছে।
তদন্তকারীদের দাবি, ১০ নভেম্বর লস্কর কমান্ডার লতিফ এবং নিসারকে কুলগামের মীর বাজর, অখরান, হবলিশ ও কিলম-সহ একাধিক জায়গায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পরদিনই অখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। ছাউনি সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই দুই জঙ্গির গতিবিধি সম্পর্কে তথ্য পান নিরাপত্তাকর্মীরা। হামলার পর তাঁরা কোন পথে পালিয়েছিলেন, সেই সূত্রও মেলে ক্যামেরার ফুটেজ থেকে।
এর পর তাঁদের গোপন আস্তানার খোঁজে তল্লাশি শুরু হয়। হামলার পাঁচ দিন পর, সোমবার লারু এলাকায় লতিফ ও নিসারের খবর পায় নিরাপত্তাবাহিনী। সেই খবরের ভিত্তিতেই ওই এলাকা ঘিরে অভিযান চালানো হয়। সংঘর্ষে নিসার নিহত হলেও পালিয়ে যান লতিফ। এবার তাঁকে ঘিরে ফেলার দাবি করেছে নিরাপত্তাবাহিনি। তবে শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয় কি না, সে দিকেই নজর রয়েছে।




