কেউ নিজেকে ভারতীয় বললেই তিনি ভারতীয় হয়ে যান না। আবার প্রশাসন সন্দেহ করলেই তিনি বিদেশিও হয়ে যান না। কর্ণাটক হাইকোর্টের (Karnataka High Court) সাম্প্রতিক রায়ের সারকথা এটাই। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে আগে যাচাই। তার পরে ডিপোর্টেশন (Deportation)। বিচারপতি সি এম পুনাচা (Justice C M Poonacha) আবদুল রহিম নামে এক ব্যক্তির মামলায় এই নির্দেশ দিয়েছেন।
কেন মামলা?
আবদুল রহিমের দাবি, ১৯৭৯ সালে দিল্লির নিউ সীমাপুরীতে তাঁর জন্ম। ২০১৪ সাল থেকে তিনি বেঙ্গালুরুতে বর্জ্য ও ভাঙাচোরা মালের কারবার করেন। বাংলাদেশি সন্দেহে অভিযান চালিয়ে তাঁকে ধরে পুলিশ। এরপর বেঙ্গালুরুর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার (FRRO) গত ৫ মার্চ তাঁর গতিবিধিতে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। তাঁকে একটি হোল্ডিং কেন্দ্রে রাখা হয়, যতক্ষণ না দেশে অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
রহিমের আইনজীবীর বক্তব্য, তাঁর কাছে জন্মের শংসাপত্র, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তাঁকে নিজের নাগরিকত্ব প্রমাণের সুযোগই দেওয়া হয়নি।
প্রশাসন কী বলেছিল?
কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, রহিম বাংলাদেশি নাগরিক। তাঁর নথি জাল। জন্মের শংসাপত্রে যে হাসপাতালের নাম রয়েছে, তা ১৯৯৫ সালের ডিসেম্বরে তৈরি। ১৯৭৯ সালে সেটির অস্তিত্বই ছিল না। বাবার মৃত্যুর শংসাপত্রও দিল্লি পুরনিগমের নথিতে মেলেনি।
আদালতকে এটাও জানানো হয়, ২০১২ সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক আদালত রহিমকে বিদেশি আইনে (Foreigners Act, 1946) দোষী সাব্যস্ত করেছিল। সেই সাজার বিরুদ্ধে আপিল এখনও এলাহাবাদ হাইকোর্টে বিচারাধীন। রহিম জামিনে রয়েছেন।
হাইকোর্ট ঠিক কী বলল?
আদালত জানিয়েছে, নাগরিকত্ব প্রমাণের দায় যিনি দাবি করছেন তাঁর ওপরই বর্তায়। কিন্তু তাতে প্রশাসনের দায় ফুরোয় না। কাউকে ভারত থেকে সরানোর আগে ন্যায্য, আইনসম্মত ও যুক্তিনির্ভর প্রক্রিয়া মানতেই হবে। নথির সত্যতা নিয়ে আপত্তি থাকলেও তা-ই।
বিচারপতি লক্ষ করেছেন, রহিমের ভোটার কার্ড ২০০৫ সালের ডিসেম্বরে এবং পাসপোর্ট ২০১৮ সালের জুনে দেওয়া। পাসপোর্টের জন্য কিছু যাচাই হয়েছিল, এমনটাই ধরা যায়। একটি নথির ত্রুটি আলাদা করে দেখলে চলবে না। সবগুলি একসঙ্গে বিচার করতে হবে। রহিমকে নথি ব্যাখ্যার সুযোগ দেওয়া হয়নি। FRRO নথি দেখেছেন নিষেধাজ্ঞার নির্দেশের পরে, মামলা চলাকালীন। আদালতের মতে, সেটি নাগরিকত্ব নির্ধারণের আইনি প্রক্রিয়া নয়।
তাহলে কি নথি থাকলেই নাগরিক?
না। আদালত নিজেও রহিমের নাগরিকত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সেই কাজ আইনি প্রক্রিয়ায় উপযুক্ত কর্তৃপক্ষের। ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অর্ডারের (Immigration and Foreigners Order, 2025) ১৬ নম্বর ধারায় কেউ বিদেশি কি না, সেই প্রশ্ন ফরেনার্স ট্রাইব্যুনালে (Foreigners Tribunal) পাঠানোর সংস্থান আছে।
আদালত এও জানিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর ৭(২)(এফ)(ii) ধারায় কাউকে নির্দিষ্ট জায়গায় থাকতে বলার ক্ষমতা প্রশাসনের আছে। তাই রহিমকে কেন্দ্রে রাখার নির্দেশ বেআইনি নয়। কিন্তু আটকে রাখা আর ডিপোর্ট করা এক জিনিস নয়। নাগরিকত্ব নির্ধারণের আগে ডিপোর্ট করা যাবে না।
সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদের সুরক্ষা বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য, মনে করিয়ে দিয়েছে আদালত। ১৯ নম্বর অনুচ্ছেদের অধিকার অবশ্য শুধু ভারতীয় নাগরিকদের।
বাংলার সঙ্গে এই রায়ের যোগ কোথায়?
বাংলা ভাষা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটকের অভিযোগ গত দেড় বছর ধরে বারবার উঠেছে। অভিযোগ উঠেছে বিভিন্ন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে। এ নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।
২০২৫ সালের অগস্টে শীর্ষ আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। আদালত বলেছিল, রাজ্যগুলির যাচাইয়ের অধিকার আছে। জটিলতা আটক ও যাচাইয়ের মাঝের সময়টুকু নিয়ে। এ বছর সেপ্টেম্বরে ছত্তিশগড়ের বিলাসপুরে মুর্শিদাবাদের ২৩ জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। পুলিশ দাবি করেছিল, সবাই বাংলাদেশের নাগরিক। পরে নথি যাচাইয়ের পর আদালতের নির্দেশে ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়।
কর্ণাটক হাইকোর্টের রায় সর্বভারতীয় নজির নয়। তবে প্রশ্নটা পরিষ্কার। সন্দেহ আর প্রমাণের মধ্যে যাচাইয়ের একটি আইনি পথ থাকতেই হবে।




