স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। সোমবার সেটারই প্রতিফলন দেখা গেল। উৎসবের ব্যস্ততা এবং প্রশাসনিক দায়িত্বের মাঝেও যে কতটা গভীর মানবিক দিক লুকিয়ে থাকতে পারে তারই সাক্ষী থাকল এবার বাবুঘাট। সকালে ছটপুজোর আরাধনা চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য নানা ঘাট পরিদর্শন করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিন্তু বাবুঘাট পরিদর্শন করার সময় তিনি দেখতে পান একটি সারমেয় গঙ্গায় ভাসছে। বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। তখনই তিনি ওই সারমেয়কে দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন এনডিআরএফ ও ডিএমজিকে।
এদিকে গঙ্গায় নেমে কঠিন পরিস্থিতিতে উদ্ধার করা হয় ওই ডুবন্ত সারমেয়কে। এভাবেই উদ্ধার করা হয় প্রায় মৃত্যুর মুখে চলে যাওয়া কুকুরটিকে। ছটপুজোর ব্যস্ততার মাঝেও একটি অবলা প্রাণের জীবন বাঁচাতে মন্ত্রীর এই উদ্বেগ এবং প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। শুধু উদ্যোগেই বিষয়টি থেমে থাকেননি। উদ্ধার হওয়ার পর কুকুরটির সেবাও করেছেন মন্ত্রী ইন্দ্রনীল। মন্ত্রীর নির্দেশে এনডিআরএফ কর্মীরা তিনটি স্পিড বোট নিয়ে উদ্ধার করে ওই কুকুরকে। তারপর ওই কুকুরটিকে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ জেটিতে উদ্ধার করে নিয়ে আসা হয়। সেখানেই তাকে দেখতে ছুটে আসেন মন্ত্রী। তারপর সাদা তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয় কুকুরের শরীর। যাতে ঠাণ্ডায় অসুস্থ না হয়ে পড়ে। তার পর নিজে হাতে কুকুরটিকে গরম দুধও খাওয়ান মন্ত্রী।
অন্যদিকে কলকাতার বাবুঘাটে ছটপুজো উপলক্ষ্যে ভোরে গঙ্গার ঘাটে ঘাটে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখতে যান ক্রীড়ামন্ত্রী। ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা সরেজমিনে দেখেন তিনি। তখনই গঙ্গার জলে একটি কুকুরকে হাবুডুবু খেতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন মন্ত্রী। ওই কুকুর তখন ক্রমশ জলের তলায় চলে যাচ্ছিল। এক মুহূর্ত দেরি করেননি মন্ত্রী ইন্দ্রনীল। এনডিআরএফের কর্মীদের উদ্ধারকাজে নামার নির্দেশ দেন। শুরু হয় কুকুরকে উদ্ধারের চেষ্টা। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে জল থেকে তুলে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তখন প্রায় সংজ্ঞাহীন অবস্থায় চলে গিয়েছিল ওই ডুবন্ত কুকুর।
তাছাড়া কুকুরটি উদ্ধারের পরও নিজের দায়িত্ব শেষ করেননি মন্ত্রী। কুকুরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তার জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সব জীবের মধ্যেই প্রাণ আছে। গঙ্গার জলে ভেসে যাচ্ছিল ওই কুকুরটি। তবুও বাঁচার জন্য শেষ চেষ্টা করে যাচ্ছিল সে। এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় সারমেয়টিকে উদ্ধার করা হয়েছে।’ সমাজমাধ্যমে ঘটনার কথা ছড়িয়ে পড়তেই মন্ত্রীর মানবিক ভূমিকার প্রশংসা করেন অনেকে।




