উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তাঁর ‘স্মৃতিকথা’ গ্রন্থের প্রথম খণ্ডে লিখেছেন, ‘‘শরৎচন্দ্রের প্রাথমিকতম রচনা কি, মাঝে মাঝে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হয়। এ প্রশ্নের উত্তরে আমি সর্বদাই বলি, একটি কবিতা। উত্তর শুনে অনেকেই বিস্মিত হন।’ কি আশ্চর্য, শরৎচন্দ্রও কবিতা লিখেছিলেন নাকি, কিন্তু এ কথায় প্রকৃতপক্ষে বিস্মিত হবার তেমন কিছু নেই। খ্যাতনামা বহু লেখকের সাধনার ইতিহাস অনুসন্ধান করলে আমরা দেখতে পাই, তাঁদের সাহিত্য সাধনার সূত্রপাত হয়েছিল কবিতা রচনার দ্বারা। অবশ্য সময় মতো তাঁরা কাব্যলক্ষ্মীকে প্রণাম জানিয়ে গদ্য নারায়ণের সমৃদ্ধতর এলাকার মধ্যে প্রবেশ করেছিলেন বটে, কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছিলেন কবিতা সাধনাকালে আহূত ছন্দ লয় এবং ওজন সম্বন্ধে সুতীক্ষ্ণ জ্ঞান, গদ্যরচনাকালে যা পদে পদে তাঁদের কাজে লেগেছিল। শরৎচন্দ্রের যে কবিতাটি আমার পড়বার সৌভাগ্য হয়েছিল, তার আয়তনের চিত্র আমার মানসপটে এখনো সুস্পষ্টভাবে অঙ্কিত হয়ে আছে। একমাত্র প্রথম লাইনটি ছাড়া তার অন্য কিছুই আমার মনে নেই প্রথম লাইন হচ্ছে, ‘ফুলবনে লেগেছে আগুন’। মাত্র দশ অক্ষরের একটি ক্ষুদ্র লাইন, কিন্তু অসাধারণ না হলেও একেবারে সাধারণও নয়।’’ —শরৎচন্দ্র সম্পর্কে এই কথাগুলি পাঠ করলেই অনুভব করা যায় তাঁর কবিমানসের স্বরূপখানি।
জীবনদরদী মহাপ্রাণ সাহিত্যস্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত উপন্যাসকার। তাঁর উপন্যাসের মধ্যে দিয়েই তিনি হয়ে উঠেছেন আমাদের অন্তরঙ্গ আপনজন। শরৎচন্দ্রের মনের শিল্পশালার উপাদানগুলি, উপন্যাস হিসেবে প্রকাশের পথ বেছে নিলেও তিনি ছিলেন এক কবি-প্রাণ পুরুষ। গদ্যরচনাতে ছন্দ এবং মাত্রা সম্বন্ধে শরৎচন্দ্রের অতি সূক্ষ্ম চেতনা যে ছিলই, তা তাঁর যে কোনো উপন্যাস লক্ষ করলেই ধরা পড়ে।
কবিমনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল আবেগ। শরৎচন্দ্র তাঁর সমস্ত নারীচরিত্রের মধ্যে দিয়ে নিজের হৃদয়াবেগে প্রকাশ করেছেন। আবার তিনি তাঁর কথাশিল্পের মধ্যে যে বাস্তব ঘটনাকে ব্যক্ত করেছেন তাতে তাঁর অন্তরের গতি প্রকাশ পেয়েছে। এই গতিময়তাই তো ছন্দের প্রাণ। গতিময়তা ছাড়া কবিতার আরেকটি লক্ষণ আছে। আর সেটা হল কবিমনের নৈর্ব্যক্তিকতা। এই আবেগ, গতিশীলতা আর নৈর্ব্যক্তিকতা শরৎ সাহিত্যে আমরা বারে বারে লক্ষ করি বলেই তাঁর সাহিত্যে আমরা কাব্যিক দৃষ্টিভঙ্গিকে খুঁজে পাই।
প্রাচীন বাংলার কথক ঠাকুরই যেন একালে শরৎচন্দ্রের বেশে জন্মগ্রহণ করেছিলেন। বর্ণনার পরিচ্ছন্ন প্রবাহ, চরিত্রের অন্তরগভীরে দৃষ্টিপাত, মনের জটিল রহস্যের গ্রন্থিমোচন সর্বোপরি হতভাগ্য নর-নারীর সমাজ, পরিবার, সংস্কারের নিত্য নিগ্রহ, অশ্রুবেদনাময় জীবনের মর্মন্তুদ ট্র্যাজেডি— খুব কম লেখকের মধ্যেই খুঁজে পাওয়া যায়। আর অন্তর্নিহিত চিন্তাশীলতা না থাকলে কোনও কবির অনুভূতি বিচিত্র সুরে বেজে উঠতে পারে না। চিন্তার যেখানে শেষ, অনুভূতির আরম্ভ তো সেখানেই। কবি তিনিই, যিনি বিশ্বলোকের সকল সৌন্দর্যরস পান করে সেই সৌন্দর্য থেকে উৎসারিত আনন্দের সন্ধান পান। যে সাহিত্যিক তাঁর কবিত্ব দিয়ে জগৎকে মুগ্ধ ও উন্নত করতে সমর্থ হয়েছেন তিনিই শ্রেষ্ঠ কবি। আর যে সৃষ্টির রস সুন্দর ও বিশদ রূপে সঞ্চারিত হয়ে মানুষকে অভিভূত করে তাই কাব্য। শরৎসাহিত্য তাই কাব্যধর্মী। তাঁর অন্নদাদিদি চরিত্রটিও তাই কবিতাতুল্য।
সাহিত্যের দুটো দিক। একটা ভাবের দিক আর অপরটি সুস্পষ্ট বিশ্বাসযোগ্যতার আলেখ্য নির্মাণের দিক। প্রথমটা কবিতার জগৎ আর পরেরটা গল্প-উপন্যাসের এলাকা। শরৎসাহিত্য পাঠ করলে ছোঁয়া যায় তাঁর মনের অন্তর্নিহিত চিন্তাশীলতা, তাঁর অনুভূতিকে। উপন্যাসের আঙ্গিকে তাঁর লেখায় প্রতিদিনের অতিপরিচিত জীবনের সম্পূর্ণ ও যথার্থ বাস্তব রূপ ফুটে উঠতে দেখি আমরা। তাঁর অনুভূতিকে আশ্রয় করেই পাঠক মনে গড়ে ওঠে কাব্যের অনুরণন। শরৎসাহিত্যের বাস্তব অনুভূতির অপূর্ব মমতা, তার কাব্যরসকেই পাঠকমনে তীব্রতর করে।
কবি তিনি, যিনি বিশ্বলোকের সকল সৌন্দর্যরস পান করে সেই সৌন্দর্য থেকে উৎসারিত আনন্দের সন্ধান পেয়েছেন। শরৎচন্দ্রের উপন্যাসগুলি পাঠ করলে তাঁর অন্তর্জগৎ ও বহির্জগতের বিবিধ সৌন্দর্য ও সত্যের প্রকাশ লক্ষ্য করা যায়। যে সাহিত্যিক তাঁর কবিত্ব দিয়ে জগৎকে মুগ্ধ ও উন্নত করতে সমর্থ হয়েছেন, তিনি তো কবিই। আর যে লেখায় সুখ-দুঃখ, ভয়-ভক্তি সুন্দর বিশদ রূপে অনুভূত হয়, তাই তো কাব্য। শরৎচন্দ্র সে বিচারে কবি-শিল্পী। আত্মদর্শনই তাঁর সাহিত্যে প্রতিফলিত। তাঁর সাহিত্যে বাস্তব অনুভূতির অপূর্ব মমতা তাঁর কাব্যরসকে তীব্র ও তীক্ষ্ণ করেছে। তাই তাঁর লেখায় আছে অনুভূতির আন্তরিকতা। অনুভূতিকে সম্পূর্ণ আয়ত্ত করে তাকে প্রকাশ করার মতো কবিশক্তি শরৎচন্দ্রের ছিল বলেই তিনি সাধারণ পাঠককুলে এতটা জনপ্রিয়। শরৎচন্দ্রের গদ্য কেবল তথ্য বা কাহিনি পরিবেশন করে না, বরং পাঠকের হৃদয়ে এক ধরনের সুরের ঝংকার তোলে। এই আবেগঘন, সুরময় এবং সহজ-সরল প্রকাশভঙ্গিই তাঁর গদ্যকে অনন্য কাব্যময়তায় রূপদান করেছে, যা বাংলা সাহিত্যে তাঁকে ‘অপরাজেয় কথাশিল্পী’র আসন দিয়েছে। এক কথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর সহজ-সরল অথচ গভীর অনুভূতিশীল কাব্যময়তা। রবীন্দ্রনাথের গদ্য যেখানে সুসংহত, আলঙ্কারিক ও বুদ্ধিবৃত্তিক, শরৎচন্দ্রের গদ্য সেখানে অনেক বেশি আবেগময়, গীতিধর্মী এবং সাধারণ মানুষের হৃদয়ের কাছাকাছি। সুগভীর করুণ ও বাস্তব অভিজ্ঞতা তাঁর প্রধান সাহিত্যসম্পদ। রবীন্দ্র-প্রতিভার পূর্ণবিকাশ কালে তাঁর আবির্ভাব হলেও কথাসাহিত্য রচনায় তাঁর স্বতন্ত্র পথটি সকলের চোখে পড়েছিল এবং ঔপন্যাসিক হিসাবে তিনি বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের সঙ্গে এক নিঃশ্বাসেই উচ্চারিত হতেন। শরৎচন্দ্রের ভিন্নতর মূল্যবোধ সৃষ্টির আকাঙ্ক্ষা, সচেতন সমাজদৃষ্টি ও বাস্তববোধ, সর্বোপরি বিদ্রোহের একটি ভঙ্গীর জন্য সমকালীন পাঠক-সমাজের অভিনন্দন তিনি লাভ করেছিলেন। সেইজন্য শরৎচন্দ্র তাঁর বক্তব্যে কতটা আন্তরিক, জগৎ ও জীবন সম্পর্কে তাঁর যথার্থ দৃষ্টি কী, মহৎ উপন্যাস রচনার শিল্পগত প্রেরণা ও সামর্থ্য তাঁর কতটা ছিল— এ সম্পর্কে কোনও প্রশ্ন ওঠেনি। সামাজিক নীতির দিক থেকে তিনি বঙ্কিমচন্দ্রের অনুশাসন, রবীন্দ্রনাথের দ্বিধাকে যথার্থই অতিক্রম করতে পেরেছিলেন কিনা, সে-বিচারও পরবর্তী কালের অপেক্ষায় থাকে। তাঁর পাঠক সর্বত্র। এই বৃহৎ পাঠকগোষ্ঠী আকর্ষণ করার মত উপকরণ শরৎ-উপন্যাসে প্রচুর— সমাজ সচেতনতা, বাস্তব অভিজ্ঞতা, হৃদয়বোধ ও করুণা, রোমান্টিক ভাবাতিশয্য— এগুলো সাধারণ পাঠককে মুগ্ধ করেছিল। তাঁর উপন্যাসের চরিত্রগুলো কোনও কৃত্রিম বা নিখুঁত ছাঁচে ঢালাই করা নয়। তারা রক্ত-মাংসের মানুষ, যাদের নিজস্ব ভুলত্রুটি, দুর্বলতা এবং দ্বন্দ্ব রয়েছে। এই মনস্তাত্ত্বিক সততাই তাঁর রোমান্টিসিজমকে যেমন কাব্যিক করেছে, তেমনই মাটির কাছাকাছি রেখেছে।
শরৎচন্দ্র তাঁর গদ্যে মানুষের সূক্ষ্ম অনুভূতি ও আবেগকে এমনভাবে প্রকাশ করেছেন, যা সাধারণ গদ্যের সীমানা ছাড়িয়ে কবিতার রূপ নিয়েছে। বিশেষ করে প্রেম, বিরহ, বেদনা ও একাকিত্বের চিত্রায়নে তাঁর ভাষা হয়ে উঠেছে সুরময়। তাঁর গদ্য কেবল তথ্য বা ঘটনা প্রকাশ করে না, বরং তা হৃদয়ের গভীর আবেগকে স্পর্শ করে। চরিত্রের ভেতরের দ্বন্দ্ব ও আকুলতা প্রকাশের সময় তাঁর ভাষা এতটাই সুরময় হয়ে ওঠে যে, তা কবিতার কাছাকাছি পৌঁছে যায়। যেমন, ‘চরিত্রহীন’, ‘দেবদাস’ বা ‘শ্রীকান্ত’ উপন্যাসের বহু অংশে পাত্র-পাত্রীর মনের দ্বন্দ্ব ও আর্তি প্রকাশের ভাষা নিটোল কবিতার মতো শোনায়। তাঁর প্রকৃতির বর্ণনা বা কোনও বিশেষ মুহূর্তের আবহ তৈরিতে এক ধরনের ছন্দময়তা লক্ষ করা যায়। শব্দের সুমিত ব্যবহার এবং বাক্যের চমৎকার গাঁথুনি গদ্যের মধ্যেও একটি অন্তর্নিহিত সুরের সৃষ্টি করে, যা পাঠককে আচ্ছন্ন করে রাখে। ‘শ্রীকান্ত’ উপন্যাসের মহাশ্মশানের বর্ণনা বা অন্ধকার রাতে
নৌকাভ্রমণের দৃশ্যগুলোতে গদ্যের যে রূপ আমরা দেখি, তা আসলে গদ্যে লেখা এক একটি দীর্ঘ কবিতা।
শরৎচন্দ্র কোনও জটিল বা দুরূহ সংস্কৃত শব্দ ব্যবহার না করেও, দৈনন্দিন জীবনের আটপৌরে শব্দ দিয়েই এক গভীর নান্দনিক ও কাব্যিক আবহ তৈরি করতে পারতেন। এই সহজতাই তাঁর গদ্যের কাব্যময়তাকে আরও বেশি হৃদয়স্পর্শী করে তুলেছে। বঙ্কিমচন্দ্রের মতো গুরুগম্ভীর বা সংস্কৃতপ্রধান ভাষা এবং রবীন্দ্রনাথের মতো অতি-উচ্চাঙ্গের কাব্যিক গদ্যের মাঝে শরৎচন্দ্র এক নিজস্ব ধারা তৈরি করেছিলেন। তাঁর বাক্যগুলো সহজ, সরল এবং এক চমৎকার অভ্যন্তরীণ ছন্দে আন্দোলিত। পড়ার সময় মনে হয় এক অদৃশ্য সুরের ধারা বয়ে চলেছে, যা গদ্যের পরতে পরতে কাব্যিক দোলা তৈরি করে। প্রকৃতি শরৎচন্দ্রের উপন্যাসে কেবল পটভূমি হিসেবে আসেনি, বরং তা চরিত্রের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠেছে। ‘শ্রীকান্ত’ উপন্যাসের শ্মশান ভ্রমণের দৃশ্য, কিংবা নিশীথ রাতের গঙ্গার রূপ বর্ণনায় তাঁর গদ্য পুরোপুরি কাব্যে রূপ নিয়েছে। জ্যোৎস্না রাত, অন্ধকার অরণ্য বা নদীর কলতান বর্ণনায় তাঁর শব্দচয়ন ছিল অত্যন্ত রোমান্টিক ও সুরময়। শরৎচন্দ্রের উপন্যাসের সংলাপগুলো অত্যন্ত ধারালো অথচ গীতিময়। বিশেষ করে দেবদাস-পার্বতী, শ্রীকান্ত-রাজলক্ষ্মী বা সব্যসাচী-ভারতী— এদের পারস্পরিক কথপোকথনে যে আবেগ ও আকুলতা ঝরে পড়ে, তা অনেক সময়ই গদ্যের সীমানা পেরিয়ে কবিতার চরণ বলে ভ্রম হয়। বিরহ ও মিলনের মুহূর্তে তাঁর সংলাপের গীতিময়তা পাঠককে আবিষ্ট করে রাখে। চরিত্রের ভেতরের নীরব কান্না, অভিমান ও আত্মত্যাগের মহিমাকে তিনি যখন ভাষায় রূপ দেন, তখন সংলাপগুলো সাধারণ কথ্য রূপ ছেড়ে কাব্যিক ব্যঞ্জনা লাভ করে। সাবিত্রী, পার্বতী বা রাজলক্ষ্মীর সংলাপের অনেক জায়গাতেই এই সুরময়তা স্পষ্ট। তাঁর গদ্যের পরতে পরতে মিশে থাকে এক গভীর মানবিক সহানুভূতি। পতিত, লাঞ্ছিত বা সমাজের চোখে অপরাধী চরিত্রের ভেতরের সৌন্দর্যকে তিনি যখন ভাষারূপ দেন, তখন তাঁর গদ্যে এক ধরনের আধ্যাত্মিক ও করুণ রস সৃষ্টি হয়। এই করুণ রসের প্রকাশভঙ্গিটি অত্যন্ত কাব্যিক। শরৎচন্দ্র ছন্দের বাঁধনে কবিতা লেখেননি ঠিকই, কিন্তু তাঁর গদ্যের রন্ধ্রে রন্ধ্রে যে সুর, আবেগ এবং সৌন্দর্যের প্রকাশ ঘটেছে, তা মূলত কবিতারই নামান্তর। সাধারণ মানুষের মুখের ভাষাকে এই কাব্যিক উচ্চতায় নিয়ে যাওয়ার জাদুকরী ক্ষমতাই তাঁকে বাংলা সাহিত্যে অমর করে রেখেছে।
রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র একই কালের একই সময়ের দুইজন দিকপাল সাহিত্যিক। এঁরা দুজন একই সময়ে তাঁদের প্রতিভার দীপ্তিতে আলোকিত। একই সময়ে একজন অপরজনের প্রতিভার স্বীকৃতি দিয়েছেন, এটা খুব একটা দেখা যায় না। শরৎচন্দ্র নিজে যে রবীন্দ্রপ্রতিভার আলোকে আলোকিত এ কথা অনেকবার স্বীকার করেছেন। শরৎচন্দ্র সম্পর্কে বলতে গিয়ে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘কবিতা রচনার কথা বাদ দিলেও শরৎচন্দ্রের ন্যায় কবিতা অনুরাগী পাঠক খুব বেশি দেখা যায় না। রবীন্দ্রনাথের বড় বড় কবিতা বিস্ময়জনকভাবে তাঁর মুখস্থ ছিল, পুস্তকের সাহায্য কিছুমাত্র না গ্রহণ করেও নির্ভুলভাবে তিনি সেগুলি আবৃত্তি করে যেতে পারতেন।’ কবিতার প্রতি অনুরাগ না থাকলে কি এটা সম্ভব হত? আসলে শরৎচন্দ্র গদ্যে লিখলেও পদ্যকাব্যের ঐশ্বর্য তাঁর লেখায় ছিল।
‘কাব্যং রসাত্মং বাক্যম্’ এ কথা আমরা জানি। তাই রবীন্দ্রনাথ যখন লিখেছেন, ‘সমাজ সংসার মিছে সব, মিছে এই জীবনের কলরব’, তখন শরৎচন্দ্র লিখছেন, ‘বায়ুলেশহীন নিষ্কম্প, নিস্তব্ধ, নিঃসঙ্গ নিশীথিনীর সে যেন এক বিরাট কালীমূর্তি নিবিড় কালো চুলে দ্যুলোক ও ভূলোক আচ্ছন্ন হইয়া গিয়াছে।’ দুটোই রসাত্মক বাক্য, তাই দুটি লেখাই কাব্যগুণসম্পন্ন।
রবীন্দ্রনাথ সাহিত্যের তাৎপর্য বোঝাতে গিয়ে বলেছেন, ‘বাহিরের তথ্য বা ঘটনা যখন ভাবের সামগ্রী হয়ে আমাদের মনের সঙ্গে রসের প্রভাবে মিলে যায় তখন মানুষ স্বভাবতই ইচ্ছা করে, সেই মিলনকে সর্বকালের, সর্বজনের অঙ্গীকারভুক্ত করতে। কেননা, রসের অনুভূতি প্রবল হলে সে ছাপিয়ে যায় আমাদের মনকে। তখন তাকে প্রকাশ করতে চাই নিত্যকালের ভাষায়; কবি সেই ভাষাকে মানুষের অনুভূতির ভাষা করে তোলে; অর্থাৎ জ্ঞানের ভাষা নয়, হৃদয়ের ভাষা, কল্পনার ভাষা। আমরা যখনই বিশ্বের যে-কোন বস্তুকে বা ব্যাপারকে
ভাবের চক্ষে দেখি তখনই সে আর যন্ত্রের দেখা থাকে না।’ —শরৎচন্দ্র এই বিশেষ ভাষায় দক্ষ ছিলেন।
শরৎচন্দ্র মানুষের জীবনের মধ্য দিয়ে মানুষের মোহান্ধ চোখে, সত্যকে ভাস্বর ও সুন্দর করে তুলেছেন। সকল শ্রেণীর নরনারীর প্রতি ছিল তাঁর গভীর দরদ। তিনি যদি তাঁর সাহিত্য কেবলমাত্র কবিতার মধ্য দিয়েই সৃষ্টি করতেন তাহলে এ অসাধ্যসাধন করতে পারতেন কিনা বলা শক্ত। রক্তে-মাংসে জীবন্ত বাঙালির সমাজ ও সংসার হয়েছে তাঁর সৃষ্টির উপজীব্য উপকরণ ও উপাদান। কবিমন না থাকলে কি এতটা সম্ভব হত? শরৎচন্দ্রের কবিত্ব যে কতখানি, তার প্রমাণ শ্রীকান্ত চরিত্রে, তার দৃষ্টিভঙ্গিতে এবং ভাষণে প্রকাশ পায়। ইন্দ্রনাথের নির্ভীক স্বার্থত্যাগ ও সহজ
বৈরাগ্য সম্পর্কে শ্রীকান্তের কন্ঠে যে বিমুগ্ধতা তা তো এককথায় গীতিকবিতার নামান্তর। শ্রীকান্তের মুখে বর্ণিত অন্ধকারের রূপ বর্ণনা সেও যেন এক কবিতা। বিহারের গ্রামে সখের সন্ন্যাসী শ্রীকান্ত মাধুকরী করতে গিয়ে যে অভাগিনী বাঙালিকন্যার শোচনীয় দশা দেখেছিলেন, তার বর্ণনাতেও এক কাব্যিক প্রকাশ লক্ষ করা যায়। সাইক্লোনের স্মৃতিকথা বিবৃতি প্রসঙ্গে শ্রীকান্তের মুখে সমুদ্রের যে প্রলয়ঙ্কর ভয়ঙ্কর বর্ণনা, তাতে লিরিক্যাল আত্ম-অভিব্যক্তিই প্রকাশ পেয়েছে। এই লিরিকিজমই শ্রীকান্ত গ্রন্থের ঐশ্বর্য।
বিদ্যাসুন্দর যেমন অন্নদামঙ্গলের কাব্যিক প্রকাশ, শ্রীকান্ত ও পিয়ারীর প্রণয়কহিনীও তেমনি ‘শ্রীকান্ত’ উপন্যাসের মূল গর্ভকাব্য। সাধারণ উপন্যাসে কিন্তু এই লিরিক্যাল মুড বা ভাব থাকে না। মুরারিপুরের আখড়া শরৎচন্দ্রের কবি মনের সৃষ্টি। শরৎচন্দ্র তাকে আপন মনের মাধুরী দিয়ে সম্পূর্ণ করেছেন। কমললতা এই কাব্যের নায়িকা। শরৎচন্দ্র লিখেছেন, ‘ওর জীবনটা যেন প্রাচীন বৈষ্ণব কবিচিত্তের অশ্রুজলের গান। ওর ছন্দে মিল নাই, ব্যাকরণে ভুল আছে, ভাষায় ত্রুটি অনেক; কিন্তু ওর বিচার তো সেদিক দিয়া নয়, ও যেন তাহাদেরই দেওয়া কীর্তনের সুর-মর্মে যার পশে সেই শুধু তাহার খবর পায়। ও যেন গোধূলি, আকাশে নানা রঙের ছবি। ওর নাম নাই, সংজ্ঞা নাই— কলাশাস্ত্রের সূত্র মিলাইয়া ওর পরিচয় দিতে যাওয়া বিড়ম্বনা।’
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ কর্তৃক সূচিত বাস্তবতার প্রতি অগ্রসরতাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি রবীন্দ্রনাথের প্রথাসমূহ থেকে মুক্তির বিষয়টিকে সমর্থনদান করেছেন এবং প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বিদ্রোহের পথে বস্তুত আরও এগিয়ে গেছেন। ‘চোখের বালি’কে তিনি প্রায়শ বর্ণনা করতেন বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস হিসেবে, যে উপন্যাস মুক্ত ছিল নৈতিকতার অতিস্বর থেকে। এক অর্থে শৈল্পিক গুণের বিবেচনায় তিনি এমনকি রবীন্দ্রনাথের চেয়েও বেশি নিরপেক্ষ ছিলেন। রবীন্দ্রনাথ সেসব প্রশ্ন তুলেছিলেন যেগুলির একটি উত্তর নিহিত তাঁর সার্বিক জীবনদর্শনের মধ্যে। পক্ষান্তরে শরৎচন্দ্র বিশ শতকের অধিকাংশ সাহিত্য-বৈশিষ্ট্যের অনুগামী ছিলেন, যেগুলিতে প্রশ্ন উত্থাপন করা হয়েছে কিন্তু উত্তর দেওয়ার কোনো চেষ্টা করা হয়নি। ইবসেন এবং বার্নার্ড শ শুধু প্রশ্নই উত্থাপন করেননি বরং উত্তরও প্রস্তাব করেছেন, কিন্তু শরৎচন্দ্র প্রায়শ শুধু প্রশ্ন তুলেই সন্তুষ্ট ছিলেন।
সমাজের লাঞ্ছিত ও নিপীড়তরা শরৎচন্দ্রের গভীরতম সহানুভূতি পেয়েছিল। তিনি পর্যবেক্ষণের সূক্ষ্মতা ও বিশ্লেষণ সহযোগে তাদের অবস্থার কথা বর্ণনা করেছেন যা অবশ্যই উল্লেখের দাবি রাখে। তাঁর বাস্তববাদিতায় তিনি অনুসরণ করেছেন রবীন্দ্রনাথের প্রথমদিকের উপন্যাসগুলির ঐতিহ্য, কিন্তু তাঁর মৌলিকতার ছাপ রয়েছে সামাজিক প্রথাসমূহের বিরুদ্ধে বিদ্রোহকারীদের প্রতি তাঁর প্রকাশ্য সহানুভূতি প্রকাশের মধ্যে। তিনি সামাজিক সমস্যাগুলির কোনও সমাধান নির্দেশের চেষ্টা করেননি, তবে আমাদের আনুগত্যের প্রতি সমাজের দাবি সম্পর্কে প্রশ্ন তুলেছেন। সামাজিক বিধিনিষেধগুলি দ্বারা সৃষ্ট দুঃখ-কষ্ট ও দুর্দশা বিষয়ে তিনি গভীরভাবে পীড়িত ছিলেন। এর পরিণামস্বরূপ অবৈধ ও অসামাজিক প্রেম নিয়ে তাঁর বিশ্লেষণের বৈশিষ্ট্য হচ্ছে ব্যতিক্রমী সাহস ও সহানুভূতি। তিনি গৃহীত প্রথাসমূহ ও ঐতিহ্যকে তাঁর অনুসন্ধানমূলক নিরীক্ষণের বিষয় করেন এবং মুক্ত ও খোলা মন নিয়ে মানব-মানবীর সম্পর্ককে যাচাই করে দেখেন। এ কথা বলা অন্যায় হবে না যে, তাঁর খ্যাতির কারণগুলির মধ্যে একটি হচ্ছে সহানুভূতির প্রচলিত সামাজিক নীতিমালা অমান্যকারী নারী ও পুরুষদের চরিত্রচিত্রণ।
বাংলা উপন্যাসের বিবর্তনে শরৎচন্দ্র চট্টেপাধ্যায়ের অবস্থান সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের চোখে ধরা পড়ে তা হলো, বাঙালি পাঠকদের মধ্যে তাঁর অতুলনীয় জনপ্রিয়তা। বহু ভারতীয় ভাষায় তাঁর বইগুলি অনূদিত হয়েছে এবং সেসব ভাষায় উপন্যাসের বিকাশকে তা প্রভাবিত করেছে। তা সত্ত্বেও এ কথা বলতে হয় যে, গুণগত উৎকর্ষের দিক থেকে তিনি বাংলারই ঔপন্যাসিক। বাঙালি চরিত্রের শক্তি ও দুর্বলতাগুলি তাঁর লেখায় প্রতিফলিত হয়েছে, উষ্ণ সহানুভূতি ও ত্বরিত সংবেদিতা গুণসহ, অধিকতর নিখুঁতভাবে সম্ভবত অন্য যে-কোনো লেখকের চেয়ে। বাঙালি মধ্যবিত্ত শ্রেণির গড়পড়তা মানুষের জীবনের বৈশিষ্ট্য যে ভাবপ্রবণতা, তা উঠে এসেছে তাঁর লেখায় বিরল বিশ্বস্ততার সঙ্গে। বাংলা ভাষায় তাঁর চাইতে মহত্তর বা অধিক জ্ঞানঋদ্ধ লেখক থাকতে পারেন, কিন্তু নিশ্চিতভাবে সেখানে এমন কেউ ছিলেন না যিনি মানুষের ভালোবাসা তাঁর চেয়ে বেশি পেয়েছেন। তাঁর উপন্যাস দ্রুত ও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল, কিন্তু তা অর্জিত হয়েছিল সেগুলির শিল্পগুণের ঘাটতির বিনিময়ে।
শরৎচন্দ্র তাঁর শেষের দিকের উপন্যাসগুলিতে প্রায়শ নতুন নতুন ধারণা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, কিন্তু সেগুলির সঙ্গে গভীর পরিচয় বা সম্পর্ক স্থাপনে তিনি সবসময় সফল হতে পারেননি। তাঁর সব লেখায় একটি শক্তিশালী উদ্দেশ্যমূলক পর্যবেক্ষণ বর্তমান, কিন্তু সর্বশেষ উপন্যাসগুলিতে তা কট্টর ও রূঢ় হয়ে পড়েছে। প্রচারের দাবিকে তিনি সেখানে শিল্পের দাবিকে অতিক্রম করতে দিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে জাতীয় এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন এবং তাঁর কাজগুলিতে এর স্থায়ী চিহ্ন থেকে যায়। তিনি নতুন নতুন ধারণার আবেদন অনুভব করতে পেরেছিলেন, কিন্তু তাঁর কল্পনাশক্তির মধ্যে সেগুলির পূর্ণ গুরুত্ব সংহত করতে পারেননি।
শরৎচন্দ্রের কাছে প্রকৃতি ছিল নৈসর্গিক একটি উপাদান, সৌন্দর্যের আধার। প্রকৃতির সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। তাই তিনি শুধু প্রকৃতিপ্রেমিক ছিলেন তাই নয়, প্রকৃতির প্রতি তাঁর অপরিসীম মমত্ববোধও ছিল। প্রকৃতিকে বিভিন্ন রূপে দেখার লালসা তাঁর এতই তীব্র ছিল যে, জীবনকে বিপন্ন করতেও তিনি কুন্ঠিত হতেন না। কবি ওয়ার্ডওয়ার্থের মত শরৎচন্দ্র ও প্রকৃতিকে অবচেতন পদার্থ রূপে কখনো দেখেননি, প্রকৃতিকে তিনি উপলব্ধি করেছেন জীবন্ত জীবের মতই।
১৯১৩ থেকে ১৯৩৩ এই কুড়ি বছরের মধ্যে শরৎচন্দ্র বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি বিতর্কিত এবং সবচেয়ে বেশি সংবর্ধিত কথাসাহিত্যিকরূপে প্রতিষ্ঠিত হন। কোনও লেখকের প্রতি যখন আকর্ষণ তীব্র হয়ে ওঠে, তখন পাঠক আর শুধু পাঠক থাকতে চায় না, সে চায় তার ভালো লাগা, তার আনন্দরসের আস্বাদনা সকলের সঙ্গে একযোগে উপভোগ করতে। অর্থাৎ পাঠক দর্শক হতে চায়, একান্তে সাহিত্য পাঠের মধ্য দিয়ে যেসব চরিত্রের নিরবয়ব মূর্তি সে দেখেছে, তাদের সাবয়ব মূর্তিতে চোখের সামনে দেখতে চায়। শুধু একা দেখা নয়, সকলের সঙ্গে এক হয়ে দেখা। আনন্দ, বেদনা, হাসি, অশ্রু— এই সব অনুভূতি ও অনুভূতির অভিব্যক্তিগুলি সকলের মধ্যে দেখে একরকম নান্দনিক তৃপ্তি লাভ করা। যখন পাঠকের মানসমূর্তি ও দর্শকের প্রত্যক্ষ মূর্তি এক হয়ে যায়, তখনই সেই চরিত্রের ভাবরসাত্মক রূপ দর্শকমনে চিরস্থায়ী হয়ে যায়।
দায়দায়িত্বহীন মুক্তজীবন ছিল শরৎচন্দ্রের। স্বচ্ছ মোহমুক্ত দৃষ্টি ও অশৃঙখলিত মন নিয়ে তিনি মানবজীবনকে উপলব্ধি করেছেন বার বার। তাঁর মতে সাহিত্য মানবাত্মার বন্ধনহীন অভিব্যক্তি। শরৎচন্দ্র যে দশ বছর বার্মায় কাটিয়েছিলেন সেই দশ বছরে মানব-মনস্তত্ত্ব সম্পর্কে গভীরতর অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন। তিনি দেখেছিলেন, মানুষ কী পরিমাণ স্বার্থপর ও নির্লজ্জ হতে পারে যখন সামাজিক বাধানিষেধগুলি অপসারিত হয়ে পড়ে। তিনি আরও দেখেছিলেন, অনুভূতির সূক্ষ্ম তারতম্য কত সীমাহীন হতে পারে যখন সমাজ দ্বারা আরোপিত সমরূপতা বিসর্জন দেওয়া হয়। গড়পড়তা সাধারণ মানুষদের ক্ষেত্রে অভ্যাস ও ঐতিহ্যগুলি বিশ্বাসের স্থান গ্রহণ করে। তারা একটি গোলক তৈরি করে যা আমাদের কাছ থেকে তার হৃদয়ের অন্তঃস্থলের গোপনীয়তাগুলি লুকিয়ে রাখে। তার নৈতিকতা ও ধর্ম বহুলাংশে ঐতিহ্যবাহী এবং তার প্রাতিস্বিকতার স্ফূরণ দমিত করে রাখে। সামাজিক চাপগুলি একবার সরিয়ে নেওয়া হলে, নৈরাজ্য ও উচ্ছৃঙ্খলতার ঝুঁকি থেকে যায়, তবে সেখানে প্রাতিস্বিক গুণাবলির পূর্ণ বিকাশের সম্ভাবনাও থাকে। যখন কোনও একক ব্যক্তিসত্তা নিজেকে খুঁজে পায়, নৈতিকতা ও ধর্ম তার জন্য কেবল সামাজিক অভ্যাস থাকে না, বরং তা হয়ে ওঠে তার গভীরতম অভিজ্ঞতার ফসল।
সকল জীবজন্তুর প্রতি শরৎচন্দ্রের ছিল গভীর দরদ। ‘মহেশ’ গল্পে একটি মূক প্রাণীর করুণ পরিণতি নিয়ে তিনি যে ছবি এঁকেছেন পৃথিবীতে খুব কম সাহিত্যে তার নজির পাওয়া যায়। এই দরদের মূলে ছিল তাঁর মানবতাবোধ। এই দরদ ও সহৃদয়তা থেকেই নারীকে সাহিত্যে প্রাধান্য দিয়েছেন তিনি। তাঁর সাহিত্যে একদিকে সামাজিক অবহেলা ও অত্যাচার, অন্যদিকে ব্যক্তির নিষ্ঠুরতা, কোমলতা— এই দুইয়ের বিরুদ্ধভাবের এক অদ্ভুত সমন্বয় সাধন হয়েছে। সত্যদ্রষ্টার মত সমাজের বিভিন্ন স্তরের জীবনকাহিনিকে অতুলনীয় নিষ্ঠার সঙ্গে প্রকাশ করেছেন তিনি। শরৎচন্দ্র নিজের সূক্ষ্মতম অবসরটুকু পরিপূর্ণ সদ্ব্যবহার করে নিজের কবিদৃষ্টি ও বিশিষ্ট রসপ্রবণতার পরিচয় দিয়েছেন। যিনি কবি তিনি তো সহৃদয় হবেনই।
কোনও বস্তু দর্শনে বা চিন্তায় অন্তরের যে অনির্বচনীয় আনন্দ অনুভূতি হয় তাকে কাব্যসাহিত্যে রস বলে। আর অন্তরের ভাবকে রসের সাহায্যে প্রকাশ করাই যদি কবিতা হয়, শরৎচন্দ্রের সাহিত্যে তা প্রতিফলিত হতে দেখি বার বার। ছন্দ, মিল, যতি, ঝঙ্কার কবিতার বসনভূষণ, তা কিন্তু কবিতার প্রাণবস্তু নয়। অনুভূতিতে, ভাবে, হৃদয়াবেগে শরৎচন্দ্র বাস্তবিকই একজন কবি। ‘শ্রীকান্ত’ গ্রন্থে বর্মা যাত্রাকালে মাঝ সমুদ্রে যখন প্রবল ঝড় এলো, সেই সাইক্লোনের বর্ণনায় আমরা কবি শরৎচন্দ্রকেই পাই। নৈর্ব্যক্তিক জীবনই তাঁকে কবি করেছে।
গ্রীক ট্র্যাজিডিতে, শেক্সপিয়ারের নাটকে বা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দৈবের যে বিশাল প্রভাব অনুভব করি, শরৎসাহিত্যে তার কোনও স্থান নেই। ‘দেবদাস’ উপন্যাসে ট্র্যাজেডির গোড়ায় রয়েছে ক্ষণিক অভিমান বা ক্ষণিক ভ্রান্তি। শ্রীকান্ত-রাজলক্ষ্মীর কাহিনিতে মান-অভিমান আছে, কিন্তু এখানে যে ট্র্যাজেডি রয়েছে তা চরিত্রের অন্তঃস্থলে, অন্তরের গভীরতম প্রদেশে। তাই ভালোবাসার আকর্ষণ এখানে যেমন প্রবল, তেমনই তাকে প্রতাখ্যান করার শক্তিও পর্বতের মত দুর্বার।
এ দ্বন্দ্বের কোনও মীমাংসা নেই। এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। শরৎচন্দ্র যেন লিরিক কবির মত ট্র্যাজেডির বেদনাকে প্রকাশ করেছেন। পাঠকেরা শরৎসাহিত্য পড়তে পড়তে নিজেদের মনের বেদনাকে খুঁজে পায়, খুঁজে পায় সমাজের বৃহত্তর গোষ্ঠীর সাধারণ মানুষের কষ্টকে। এখানেই শরৎসাহিত্যের সার্থকতা। পাঠকের হৃদয়ে তার আবেদন কবিতার মতোই।




