• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

নারী নিরাপত্তা ও সুরক্ষা

দিল্লির ক্ষেত্রে তা আরও ভয়ঙ্কর, অভিযুক্তেরা সেখানে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল, পুলিশ ও আইনের ভাষা ব্যবহার করে মেয়েটিকে ভয় দেখিয়েছিল। সঙ্কট এখানে তুঙ্গস্পর্শী— সমাজে আইনশৃঙ্খলা-পরিস্থিতি কোন অধঃপাতে গেলে একজন নাবালকও এক নাবালিকাকে যৌন আক্রমণে দ্বিধা করে না; আর পুলিশ, প্রভাবশালী কেষ্টবিষ্টু বা নেতা-মন্ত্রীর বরাভয়ের কথা তো ছেড়েই দেওয়া যাক।

নারী নিরাপত্তা ও সুরক্ষা

Photo: Pexels

যে সমাজে মহিলাদের হেনস্থার শিকার হতে হয়, তাকে সভ্য সমাজ বলে দাবি করারও কোনও কারণ নেই। বেটি বাঁচাও স্লোগানের দেশে আলোর বদলে কেবলই অন্ধকারের ছায়া দীর্ঘায়িত হচ্ছে। রাজধানী দিল্লিতে উপর্যুপরি নারী-নির্যাতন নতুন করে ত্রস্ত করে। প্রায় একই কৌশলে বিহারের জামুইয়ে কিশোরীকে তার সঙ্গীর থেকে আলাদা করে নিয়ে গিয়ে হেনস্থার ঘটনা দেশ জুড়ে গণনিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। কলকাতায় কসবার শপিং মলের প্রেক্ষাগৃহের অন্দরে সন্ধ্যার শো চলাকালীন ছয় ব্যক্তির বিরুদ্ধে মহিলা চিকিৎসকের প্রতি গুটখামিশ্রিত থুতু নিক্ষেপ ও কটূক্তির প্রতিবাদে হেনস্থা ও অশালীন হুমকিতে নতুন বাংলার চরিত্র উদ্ঘাটিত হয়েছে। ক্রমশই দেশব্যাপী নিরাপদ, সুস্থ, স্বাভাবিক গণপরিসরের ধারণা বিলীয়মান। এমনকি বাণিজ্যিক পরিসরের নিরাপত্তা নিয়েও উদ্বেগজনক প্রশ্ন উঠছে।

প্রমাণিত, পরিণামের ভয় তাদের নেই, কারণ এমন ক্ষেত্রে ছাড় পাওয়াই নিয়ম হয়ে উঠেছে। পুলিশের প্রতি তাদের আচরণও অত্যন্ত উদ্বেগজনক, বার্তা স্পষ্ট যে অপরাধীরা আর আইনরক্ষকদেরও ভয় বা সমীহ করে না।

দেশ জুড়ে নারীদের বিরুদ্ধে অপরাধের পুনরাবৃত্তিতে আশঙ্কা জাগতে বাধ্য যে আইনের ভয় বিলুপ্ত, বেআইনি আচরণ স্বাভাবিক হওয়ার বিপদ দেখা দিয়েছে। নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে বর্তমান সরকার ‘শূন্য সহনশীলতা’র ও কঠোর পদক্ষেপের কথা বলেছে, মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন। কিন্তু এমন ঘোষণা তখনই অর্থময়, যখন প্রাত্যহিক জীবনে তার প্রতিফলন দেখা যায়। পরিস্থিতি বিপরীত। পশ্চিমবঙ্গ কিন্তু মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যায় তালিকার উপরের দিকে। মনে রাখা জরুরি, নারী-নিরাপত্তা শুধু অপরাধের পরিসংখ্যানেই পরিমাপযোগ্য নয়, গণপরিসরে তিনি কতটা স্বচ্ছন্দ, তার উপরও নির্ভরশীল। অপরাধীদের দ্রুত জামিন পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে, তবে আইন তার নিজপথে চলবে, জামিন বিচারব্যবস্থার স্বীকৃত অধিকার। বৃহত্তর প্রশ্নটি হল— অপরাধ সংঘটনের আগেই অপরাধীকে রুখে দেওয়ার মতো ব্যবস্থা বলবৎ হবে না কেন?

নারী-নিগ্রহের ঘটনায় আইন নির্ধারিত পথে সর্বোচ্চ কঠোরতা প্রয়োগই কাম্য। অভিযোগকারীর সামাজিক, রাজনৈতিক পরিচয়, ধর্ম, জাতি কিছুই যেন আইন প্রয়োগের নিরপেক্ষতায় তারতম্য না ঘটায়, তাও নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব নাগরিকের নিরাপত্তা বিধান, তার যে কোনও বিচ্যুতি অসহনীয়। নারী-নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্নটি ভারতে রাজনৈতিক জমানা-নির্বিশেষে মোছে না।

বর্তমান জমানায় তার সঙ্গে জুড়েছে আরও গুরুতর এই প্রশ্ন— শিশু, কিশোরী কন্যাসন্তানের নিরাপত্তাও কি এ দেশে আছে? খেলতে গিয়ে উধাও হয়ে যাওয়া, চকলেট বা বিস্কুটের আকর্ষণে প্রতিবেশী বা পরিচিতের সঙ্গে গিয়ে তারই হাতে ধর্ষণ ও হত্যার শিকার হওয়া, বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া কিশোরীকে ছেলেটির থেকে আলাদা করে দিয়ে তাকে যৌন হেনস্থা ও নির্যাতন— উদাহরণগুলি ফুরানোর নয়। কোথায় সেই আইনশৃঙ্খলা ও নজরদারি, যার অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতীরা বারংবার এই ঘটনা ঘটাচ্ছে?

প্রতিটি ঘটনার পরে পুলিশের ধরপাকড়-গ্রেপ্তার, তদন্তের আশ্বাস আসে নিয়ম করে, রাজ্যবিশেষে ঘটে এনকাউন্টারে অভিযুক্তের গুলি খাওয়া বা নিহত হওয়ার ঘটনা— কিন্তু এই গোটা প্রক্রিয়াটিই যে লক্ষ্যচ্যুত, তা বোঝা যায় অচিরেই অন্য কোথাও একই ঘটনার পুনরাবৃত্তিতে। নাবালিকার বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে পকসো আইন রয়েছে, রয়েছে বিশেষ সুরক্ষার বিধান। কিন্তু কঠোর আইন থাকাটাই যে সব নয়, বাস্তবে তার কঠোরতর প্রয়োগ না হলে, উপরন্তু তা প্রয়োগের পরিবেশটি তৈরি না থাকলে যে কিছুই হওয়ার নয়— বিহারের জামুই বা দিল্লির আস্থা কুঞ্জ পার্কের মতো ঘটনা দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। অপরাধ ঘটে যাওয়ার পরে দ্রুত পদক্ষেপ তো অবশ্যই প্রয়োজন, তারও সমান বা বেশি জরুরি এমন পরিবেশ তৈরি, যেখানে এই বার্তাটি সকলের জানা থাকবে যে এই অপরাধ করে পার পাওয়া যাবে না, কোথাও এর আশ্রয় নেই। বারংবার দেখা যাচ্ছে, এ ধরনের ঘটনায় ‘নিয়মশৃঙ্খলা’ শব্দটি এমন ভাবে ভাসিয়ে দেওয়া হয়, যেন আক্রান্ত মেয়েটির আচরণ ও চলাফেরাই সমস্যার কারণ।

কোনও মেয়ে— সে নাবালিকা হোক বা না হোক— কখন কোথায় গেল, কার সঙ্গে কথা বলল, কী পোশাক পরল— এর কোনোটিই কোনও অবস্থায় তাকে যৌন হেনস্থার ছাড়পত্র হতে পারে না। মেয়েদের উপরে এই সামাজিক পাহারা ও নীতিপুলিশিই অবাধ যৌন আক্রমণের রূপ নিচ্ছে, এই প্রবণতাটি বোঝা দুষ্কর নয়। যে বিষয়টি নতুন ও বিস্ময়কর, তা হল, এই নীতিপুলিশ ও নারী-নির্যাতকদের অনেকেই নাবালক; জামুই ও দিল্লি দু’টি ক্ষেত্রেই এই সাদৃশ্য লক্ষণীয়।

দিল্লির ক্ষেত্রে তা আরও ভয়ঙ্কর, অভিযুক্তেরা সেখানে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল, পুলিশ ও আইনের ভাষা ব্যবহার করে মেয়েটিকে ভয় দেখিয়েছিল। সঙ্কট এখানে তুঙ্গস্পর্শী— সমাজে আইনশৃঙ্খলা-পরিস্থিতি কোন অধঃপাতে গেলে একজন নাবালকও এক নাবালিকাকে যৌন আক্রমণে দ্বিধা করে না; আর পুলিশ, প্রভাবশালী কেষ্টবিষ্টু বা নেতা-মন্ত্রীর বরাভয়ের কথা তো ছেড়েই দেওয়া যাক।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ভারতে ১২ থেকে ১৮ বছর বয়সি মেয়েদের উপরে অপরাধের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি, বিগত বছরগুলোয় নিয়ম করে। রাজ্যের ক্রাইম রেকর্ডস ব্যুরো জানিয়েছে, পশ্চিমবঙ্গে এ বছর ১ মে থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের মামলার সংখ্যা ২৪৫৪। অর্থাৎ গড়ে মাসে ৪৯০টি ধর্ষণের মামলা হচ্ছে। এই সংখ্যা একটি ইঙ্গিত মাত্র। বারাসতের একটি ঘটনায় দেখা গিয়েছে, প্রকাশ্য রাস্তায় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষিত হতে দেখেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। নিজের পল্লিতে স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তাটিও বিপজ্জনক, শহরের রাজপথও তাই।

কোনও জায়গাই মেয়েদের পক্ষে নিরাপদ নয়, এই ধারণার বিরুদ্ধেই আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডের পরে বিপুল সংখ্যায় রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। যৌনহিংসা থেকে নিরাপত্তায় মেয়েদের বিশেষ অধিকার, ‘রাত দখল’ করে এই বার্তা ক্ষমতান্ধ সরকারকে পৌঁছে দিতে চেয়েছিল বিপুল জনতা। বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পট-পরিবর্তনের নানা কারণের মধ্যে এই আবেগের ভূমিকাও ছিল যথেষ্ট, মনে করেন বিশেষজ্ঞরা। অথচ, অভয়া বিচার পাবে কি না, তা আগের মতোই অনিশ্চিত।

পুলিশের সঙ্গে ‘এনকাউন্টার’-এ ধর্ষণে অভিযুক্তদের নিহত হওয়ার ঘটনা ধর্ষিতের সুবিচার পাওয়ার অনিশ্চয়তাকে আরও গাঢ় করেছে। বিচার-বহির্ভূত শাস্তি মানুষের মনে নিরাপত্তার বোধ জাগায় না, বরং আইনের শাসনের প্রতি শাসকদল তথা সরকারের তাচ্ছিল্য দেখলে মেয়েরা আরও অসহায় বোধ করে। অভয়া আন্দোলনে রাস্তায় লেখা হয়েছিল ‘রাষ্ট্রই ধর্ষক’, কারণ ধর্ষণে অভিযুক্ত বাহুবলীরা শাসক দল এবং পুলিশ-প্রশাসনের প্রশ্রয়েই অবাধে হয়রানি, নিগ্রহ চালিয়ে যায়। আক্ষেপ, নির্বাচনের পরেও ভরসা ফিরে আসার পথটি তৈরি হয়নি।

সম্প্রতি দু’টি অসরকারি সংস্থার রিপোর্টে প্রকাশ, পশ্চিমবঙ্গে তেষট্টি জন বিধায়ক এবং ছয় জন সাংসদের নামে নারীহিংসার মামলা রয়েছে। এ বিষয়ে অন্য সব রাজ্যের থেকে এগিয়ে বাংলা। নিরাপত্তার আশ্বাস দিতে হলে প্রয়োজন তদন্ত ও বিচারব্যবস্থাকে আরও তৎপর এবং কার্যকর করা। কেন্দ্রে এবং রাজ্যে যে-হেতু বিজেপি সরকার, তাই সংশোধিত ফৌজদারি আইনে এবং কেন্দ্রের নীতি ও প্রকল্পে নারীহিংসা প্রতিরোধের যে ব্যবস্থাগুলি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলির নির্মাণে রাজ্য তৎপর হবে, এমনই প্রত্যাশা ছিল।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (২০২৩) অনুসারে জেলায় জেলায় ফরেন্সিক ল্যাবরেটরি গঠন এবং বিশেষজ্ঞ দল নিয়োগ করার কথা, যাতে ধর্ষণের যে কোনও ঘটনায় দ্রুত প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করা যায়। কেন্দ্রের ‘সখী’ প্রকল্পের অধীনে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ তৈরি করার কথা, যেখানে থাকবেন পুলিশকর্মী, চিকিৎসাকর্মী, মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা, কেস ওয়ার্কার-সহ নানা স্তরের কর্মী। এ রাজ্যে ক’টি কেন্দ্র তৈরি হয়েছে, কতটুকু কাজ হচ্ছে? ধর্ষণের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য নির্মিত ফাস্ট ট্র্যাক কোর্টগুলি বিচারক এবং পরিকাঠামোর অভাবে ধুঁকছে। যৌন হয়রানি প্রতিরোধ আইন (২০১৩) অনুযায়ী অভিযোগ নিষ্পত্তির জন্য জেলায় জেলায় ‘লোকাল কমপ্লেনস কমিটি’ তৈরি হওয়ার কথা, সেগুলিও অধিকাংশ ক্ষেত্রে রয়েছে কেবল নামে। অথচ তদন্ত ও বিচারের পরিকাঠামোয় বিনিয়োগ নারী-নিরাপত্তার প্রধান উপায়।