তোলাবাজি ও দুর্নীতি নিয়ে দলের নেতাদের একের পর এক কড়া বার্তার মধ্যেই এবার সরব হলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তোলাবাজি বন্ধ করতে দলীয় নেতা-কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর নাম করে কিংবা দলের পরিচয় দিয়ে কেউ টাকা চাইলে সরাসরি অভিযোগ জানাতে হবে। প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করবেন বলেও ঘোষণা করেছেন তিনি।
বিজেপির একাধিক নেতা ইতিমধ্যেই রাজ্যে তোলাবাজির বিরুদ্ধে মুখ খুলেছেন। শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের পর সম্প্রতি একই বিষয়ে সরব হয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। রাজ্যে এখনও তোলাবাজি চলছে বলে স্বীকার করে তিনি জানিয়েছিলেন, এই প্রবণতা বন্ধ না হলে মানুষের আস্থা ফেরানো সম্ভব নয়। এবার সেই সুরেই কড়া অবস্থান নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুমনা সরকার বলেন, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নেওয়া হয়েছে। বলাগড় বিধানসভা কেন্দ্রের কোনও নেতা যতই প্রভাবশালী হোন না কেন, দুর্নীতি বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, “দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনও দুর্নীতি করা যাবে না। যে যত বড় মাপের বলাগড় বিধানসভা কেন্দ্রের নেতা হোন না কেন, কোনও দুর্নীতি আমি করতে দেব না। দুর্নীতি বন্ধ করতে গেলে যতদূর আমাকে নামতে হয়, আমি ততদূর নেমে লড়াই করব।”
তোলাবাজি নিয়েও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তাঁর অভিযোগ, কেউ কেউ নেতা পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতে পারেন। বাড়ি তৈরি, জমি কেনা কিংবা অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়া হলে তাঁকে জানানোর পরামর্শ দিয়েছেন সুমনা। তিনি বলেন, “কেউ তোলাবাজি করবে, কেউ দাদাগিরি করবে, কেউ মস্তানি করবে, তা আমি মেনে নেব না। প্রয়োজনে আমি প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যাব। মাইক নিয়ে বলে আসব যে কোনও নেতা, সে যেই হোক, যদি আমার নাম করে বা কোনওরকম পার্টির নাম করে আপনাদের কাছে টাকা চায়, সরাসরি জানাবেন।”
ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের চেষ্টা হলেও তা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। অভিযুক্ত নেতা যতই প্রভাবশালী হোন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি তোলাবাজির সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। তিনি বলেছিলেন, “আমি জানি এটা। অস্বীকার করব না। এটা খুব দুঃখজনক ব্যাপার। তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন মানুষের আস্থা ফেরত আসবে না।” নিজের কেন্দ্রেও তোলাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছিলেন তিনি। তাঁর মতে, দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। এবার সুমনা সরকারের কড়া বার্তায় রাজ্যে তোলাবাজি বন্ধের প্রশ্নে বিজেপির অন্দরে নতুন করে চর্চা শুরু হয়েছে।




