পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যায় বহু শ্রমিক। কারণ এখানে তেমন কাজের সুযোগ নেই। তাই ভিন রাজ্যে গিয়ে কাজ করে সংসার চালাতে হয়। কিন্তু সেখানে গিয়ে কাজ করেও নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। তাই এবার ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর তাই প্রায় ২৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে এসএমএস পাঠিয়ে ‘নিজের গ্রামে’ ফিরে এসে ‘১২৫ দিনের কাজ’ করার ক্ষেত্রে যোগ দিতে আবেদন করছে রাজ্য সরকার। চিহ্নিত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড বা জবকার্ড পৌঁছে দিতেও বিশেষ অভিযান শুরু করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।
এদিকে রাজ্যের শ্রমদপ্তরের হাতে এসেছে ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিকের তথ্য। যাঁরা ভিন রাজ্যে গিয়ে কাজ করেন। সেই তথ্যকে কাজে লাগিয়ে পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও ‘ভিবি জি রাম-জি’ প্রকল্পের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পাঠানো এসএমএসে বলা হচ্ছে, ‘ভিবি জি রাম-জি প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ আছে। ১ জুলাই থেকে রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। বছরে ১২৫ দিন কাজের সুযোগ আছে। দৈনিক মজুরির ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের ৩০০ টাকা, অর্ধদক্ষ শ্রমিকদের ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকদের ৬০০ টাকা পর্যন্ত মজুরি দেওয়া হচ্ছে। রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের নিজের গ্রামে ফিরে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের মাধ্যমে কাজের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা গ্রামে ফিরে আসুন।’
অন্যদিকে এই এসএমএস করার পাশাপাশি কার্ড না থাকলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন করার কথাও উল্লেখ করা হচ্ছে বলে সূত্রের খবর। আসলে পরিযায়ী শ্রমিকদের নিজের এলাকায় ফিরিয়ে কর্মসংস্থান দেওয়াই রাজ্য সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিঠি লিখেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে। সেখানে অদক্ষ শ্রমিকদের মজুরি বাড়ানোর আর্জি জানিয়েছেন. ৩০০ টাকা থেকে তা ৪০৭ টাকা করার প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর। তাতে সিলমোহর দিতে চলেছে কেন্দ্র বলে জানা যাচ্ছে। সুতরাং রোজগার ভাল হবে শ্রমিকদের।
তাছাড়া কদিনের মধ্যেই এই এসএমএস পৌঁছে যাবে ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকদের কাছে। তাতে যাঁরা সাড়া দেবেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। আর ব্যবস্থা করা হবে নিজ ভূমে কর্মসংস্থানের। প্রথম এসএমএস মেলার পর যাঁরা যোগাযোগ করবেন তাঁদের ব্যবস্থা আগে করা হবে। ১৫ দিন পর আবার যাবে এসএসএস। এভাবেই ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজের জেলায় ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সরকার বলে সূত্রের খবর।




