• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

সদ্য বিবাহিত যুবককে কুপিয়ে খুন বাঁকুড়ায়, বন্ধুর আমন্ত্রণে বিসর্জনে গিয়ে বিবাদ, গ্রেপ্তার ৩

জানা গিয়েছে, বিসর্জন মিটে যাওয়ার পরেই নতুন করে বচসা শুরু হয়। তখনই দশজন যুবক একজোট হয়ে আদিত্যকে ঘিরে ধরে এবং তাড়া

সদ্য বিবাহিত যুবককে কুপিয়ে খুন বাঁকুড়ায়, বন্ধুর আমন্ত্রণে বিসর্জনে গিয়ে বিবাদ, গ্রেপ্তার ৩

Aditya Vakat Murder Photo-SNS

কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে রক্তাক্ত হল বাঁকুড়া শহরের রাস্তা। বিসর্জন শোভাযাত্রায় বিবাদের জেরে নৃশংসভাবে খুন হতে হল এক যুবককে। বেশি রাতে এই হাড়হিম এবং নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত লোকপুর পাড়া এলাকায়। খুন হওয়া যুবকের নাম আদিত্য ভকত। এই খুনের ঘটনায় তিনজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার কথা সামনে আসতেই এলাকায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে ঘটনাস্থলে যান এলাকার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আদিত্য ভকত (২৮)।কয়েক মাস আগেই বিয়ে হয় তাঁর। এই খুনের তদন্তে নেমে ইতিমধ্যেই সুরাজ রোসা-সহ মোট তিনজন যুবককে গ্রেপ্তার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকালেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এলাকার বিধায়ক। গতকাল বেশি রাতে বাঁকুড়া সদর থানার অন্তর্গত লোকপুর পাড়ায় কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। তখনই কোনও একটি বিষয়ে দুই দলের মধ্যে তীব্র বচসা বাধে। স্থানীয় ভক্তপাড়ার বাসিন্দা আদিত্য ভকত ওই বিবাদে জড়িয়ে পড়েছিলেন। প্রথমে ওই বিবাদ মিটিয়ে দেওয়া হলেও পরে আবার বচসা শুরু হয়। বিসজর্নের পরে ওই যুবককে ঘিরে ধরে হামলা চালানো হয়।

জানা গিয়েছে, বিসর্জন মিটে যাওয়ার পরেই নতুন করে বচসা শুরু হয়। তখনই দশজন যুবক একজোট হয়ে আদিত্যকে ঘিরে ধরে এবং তাড়া করে বেধড়ক মারধর শুরু করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আদিত্যের শরীরের একাধিক জায়গায় নৃশংসভাবে কোপ মারে। এমনকী তাঁর মাথার পিছনেও ভারী কোনও বস্তু দিয়ে সজোরে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ। এই চরম আঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন আদিত্য ভকত। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আদিত্য ভকতকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত করে শনিবার সকাল পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

তাছাড়া লোকপুরের ভক্তপাড়ার বাসিন্দা নিতাই ভক্তের ছেলে আদিত্য এলাকায় একজন দক্ষ ফুটবল খেলোয়াড় হিসেবেও পরিচিত। কয়েক মাস আগেই নদিয়ার কল্যাণীতে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে কর্মসূত্রে এবং সংসারের তাগিদে কল্যাণীতেই থাকছিলেন। কালীপুজোর আনন্দ ভাগ করে নিতে ছুটিতে নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন আদিত্য। বন্ধু দেবজ্যোতি দাসের আমন্ত্রণে কালীপুজোর বিসর্জন শোভাযাত্রায় যোগ দেন তিনি। কিন্তু সেই আনন্দযাত্রাই তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াল। বিবাহিত ছেলের এমন নৃশংস মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এই বিষয়ে এলাকার ওয়ার্ড সভাপতি বিজেপির রোহিত ভকত বলেন, ‘আমাদের ক্লাবের সদস্যকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা মানা যায় না। এই ঘটনার পিছনে কী কারণ, হামলায় কারা জড়িত এবং কোনও পুরনো বিবাদ ছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।’