অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। নতুন করে আরও একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত কালিতলা আশুতিপুর থানার পুলিশ। বিষ্ণুপুরে প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতির মামলায় এই গ্রেপ্তারি বলে আদালতে জানান সুমিতের আইনজীবী।
আইনজীবী আদালতে জানান, একটি মামলায় গ্রেপ্তারির পর নতুন করে আরও একটি মামলায় সুমিতকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে অন্য কোনও মামলায় যাতে তাঁকে আর গ্রেপ্তার করা না হয়, সেই মর্মে আদালতের কাছে আবেদন জানান তিনি। তবে সেই আবেদনে সাড়া দেননি বিচারপতি। সুমিতের আবেদন খারিজ করে দেয় আদালত।
অন্যদিকে, রাজ্যের হয়ে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতে জানান, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার ওই দিন মামলায় উপস্থিত থাকতে পারবেন না। তাই বক্তব্য জানানোর জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়ে আবেদন জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও অনিশ্চয়তায় পড়ুয়া, রিপোর্ট তলব হাইকোর্টের
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতি ও জমি জালিয়াতির মামলায় এর আগে সিআইডি গ্রেপ্তার করেছিল সুমিত রায়কে। নতুন করে আরও একটি মামলায় গ্রেপ্তারির পর অন্য মামলায় গ্রেপ্তারি থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আগামী ১৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।




