দুর্গাপুজো, নবরাত্রী, দীপাবলি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো মিলিয়ে গোটা দেশজুড়ে এখন উৎসবের মরসুম। তার উপর আগামী ডিসেম্বর মাসেই আবার ক্রিসমাস বা বড়দিন। কিন্তু তার আগেই মধ্যবিত্তের পকেটে জোর ধাক্কা লাগল! বৃহস্পতিবার থেকেই বাড়ছে দুধের দাম। লিটার প্রতি ২ থেকে ৪ টাকা বাড়তে পারে বলেই সূত্রের খবর। দাম বৃদ্ধির খবর পেতেই মাথায় হাত ব্যবসায়ী-সহ ক্রেতাদের। কারণ দেশের অন্যতম বড় দুগ্ধ সংস্থা মাদার ডেয়ারি দাম বাড়াচ্ছে। তাদের পক্ষ থেকেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২ নভেম্বর থেকে। সুতরাং ১২ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। তার জেরে প্রত্যেকদিনের সংসারের বাজারে খরচ আরও বাড়তে চলেছে।
যেসব পরিবারে প্রায় রোজই বেশি পরিমাণে দুধ কেনা হয়, তাঁদের উপর এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। মাদার ডেয়ারি সংস্থার দাবি, দুধ উৎপাদনের খরচ এবং কৃষকদের কাছ থেকে দুধ কেনার দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, দুধ উৎপাদন এবং কৃষকদের থেকে সেটা সংগ্রহ করার খরচ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। তার জেরে অবশেষে দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে মাদার ডেয়ারি। চলতি বছরের মে মাসেই দুধের দাম বাড়ানো হয়েছিল। তারও আগে ২০২৫ সালের এপ্রিল মাসে দাম বাড়ানো হয়েছিল দুধের। তবে এই মূল্যবৃদ্ধির বিষয়ে মাদার ডেয়ারির মুখপাত্র অবশ্য কোনও মন্তব্য করেনি।
সংবাদসংস্থা সূত্রে আরও জানানো হয়েছে, দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) বাজারে মাদার ডেয়ারির নানা ধরনের দুধের দাম বাড়ানো হয়েছে। সংস্থার সূত্রে খবর, কৃষকদের কাছ থেকে দুধ কেনার খরচ বেড়ে যাওয়ায় তার কিছুটা চাপ গ্রাহকদের উপর দিতে হচ্ছে। মাদার ডেয়ারি দুধের মূল্যবৃদ্ধির জেরে টোনড মিল্ক (বাল্ক) দাম ৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। ফুল ক্রিম দুধের (পাউচ) দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা। টোনড মিল্ক (পাউচ) দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ টাকা। ডবল টোনড মিল্ক দাম ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা। আর গরুর দুধের দাম ৬২ টাকা থেকে বেড়ে হল ৬৫ টাকা। এই নতুন দাম আপাতত কার্যকর হবে দিল্লি-এনসিআর সংলগ্ন এলাকায়।
তাছাড়া মাদার ডেয়ারি তাদের দুধ বিক্রি থেকে হওয়া আয়ের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশই কৃষকদের দুধ কেনার জন্য খরচ করে। সুতরাং কৃষকদের কাছ থেকে বেশি দামে দুধ কিনতে হলে সংস্থার সামগ্রিক খরচও বেড়ে যায়। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত মাদার ডেয়ারি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা। দিল্লি-এনসিআর এলাকায় রোজ প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে তারা। গোটা দেশে সংস্থার দৈনিক দুধ বিক্রির পরিমাণ ৫০ লক্ষ লিটারেরও বেশি। মাদার ডেয়ারির ব্যবসাতেও গত অর্থবর্ষে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। চাহিদা বাড়ার জেরে ১৭ শতাংশ বেড়ে ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ২০,৩০০ কোটি টাকা।




