• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

দিল্লিতে কিছুটা কমল দূষণের দাপট, তবুও ‘খারাপ’ বাতাসে হাঁসফাঁস অবস্থা রাজধানীর

স্কাইমেটের ভাইস প্রেসিডেন্ট তথা আবহাওয়াবিদ মহেশ পালাওয়াত জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় গড়ে ১২-১৪ কিলোমিটার বেগে হাওয়া বইছে। এর ফলে দূষিত পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ছে। আগামী ২ দিনও হাওয়ার গতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দূষণের মাত্রা আরও কমতে পারে।

দিল্লিতে কিছুটা কমল দূষণের দাপট, তবুও ‘খারাপ’ বাতাসে হাঁসফাঁস অবস্থা রাজধানীর

Delhi AQI Photo-ANI

দীপাবলির পর দূষণের মাত্রা কিছুটা কমলেও স্বস্তি ফিরল না দিল্লিবাসীর। বুধবার সকালে রাজধানীর সামগ্রিক বায়ুর গুণমান সূচক (AQI) নেমে দাঁড়াল ২৯৯-এ। সকাল ৭টার পরিসংখ্যান অনুযায়ী, দিল্লির বাতাস এখনও খারাপ পর্যায়ে রয়েছে। তবে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বেশ কয়েকটি এলাকায় দূষণের মাত্রা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে।

বায়ুর গুণমান পর্যবেক্ষণকারী ৫৮টি কেন্দ্রের মধ্যে ২৮টিতে দূষণের মাত্রা ছিল অত্যন্ত খারাপ। বাকি ৩০টি কেন্দ্রে বাতাসের মান ছিল খারাপ। দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি চাঁদনি চক এলাকায়। সেখানে একিউআই-এর মাত্রা ৩৭৯। আইআইটি দিল্লি এবং দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এলাকায় সূচক ৩৭৫।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে একিউআই ৩৭৪, আইটিও-তে ৩৬৭ ও বুরারি ক্রসিংয়ে ৩৬২। এছাড়া পুসায় ৩৫৯ এবং পাঞ্জাবি বাগে ৩৪১ রেকর্ড করা হয়েছে। ইন্ডিয়া গেটে একিউআই ছিল ২৪২। অন্যদিকে, আনন্দ বিহারে দূষণের মাত্রা ৩০৩। একমাত্র দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় বাতাসের মান ছিল মাঝারি। সেখানে একিউআই ১১৭।

উল্লেখ্য, দীপাবলির দিন দিল্লির একিউআই বেড়ে ৩৭৬-এ পৌঁছেছিল। বাজি পোড়ানো ও প্রতিকূল আবহাওয়ার কারণে দূষণের মাত্রা আরও বেড়ে যায়। যদিও এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। সোমবার একিউআই ছিল ৩৪৪। তবে মঙ্গল ও বুধবার তা কমে ২৯৯-এ পৌঁছেছে। আবহাওয়ার পরিবর্তন ও হাওয়ার কারণে বাতাসে দূষিত কণার পরিমাণ কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্কাইমেটের ভাইস প্রেসিডেন্ট তথা আবহাওয়াবিদ মহেশ পালাওয়াত জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় গড়ে ১২-১৪ কিলোমিটার বেগে হাওয়া বইছে। এর ফলে দূষিত পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ছে। আগামী ২ দিনও হাওয়ার গতি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দূষণের মাত্রা আরও কমতে পারে।

দিল্লির এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেমের পূর্বাভাসেও আগামী ২দিন পিএম২.৫ (PM2.5) এবং পিএম১০ (PM10)-এর মাত্রা কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে দিল্লি সংলগ্ন এনসিআর এলাকায় দূষণের ছবিটা একরকম নয়। নয়ডায় একিউআই কমে ২৭৮, গুরুগ্রামে ২৯২ ও ফরিদাবাদে ২৭৫ হয়েছে। অন্যদিকে, গাজিয়াবাদে দূষণের মাত্রা বেড়ে ২৮২-তে পৌঁছেছে।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস, হেল্প ডেস্ক খুলল রেল

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর নিয়ম অনুযায়ী, একিউআই ০-৫০ হলে ‘ভালো’, ৫১-১০০ হলে ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১-৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘অত্যন্ত খারাপ’ এবং ৪০১-৫০০ হলে তা ‘গুরুতর’ হিসেবে বিবেচিত হয়।