এবার তরুণীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়ে পড়ল বরাহনগরে। বন্ধ ছিল ওই ফ্ল্যাট। সেখান থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণ করে খুন নাকি আত্মহত্যা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাইফোঁটার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। বন্ধ ফ্ল্যাটে তরুণীর ঠিক কী হয়েছিল? কেউ রাতে এসেছিল কিনা? খুন করার আগের মুহুর্তে ঠিক কী ঘটেছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাহলে নেপথ্যে কে বা কারা? ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে খবর, পাঁচতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর দেহ উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ। মৃতের নাম অঞ্জলি সাউ (২৬)। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। দেহটি শোয়ানো অবস্থায় ছিল। আঘাতের চিহ্নও মিলেছে। আর এখান থেকেই সন্দেহ বাড়ছে। খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ধর্ষণ করা হয়েছিল কিনা সেটা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। অঞ্জলি সাউ ডানলপের বাসিন্দা। বরাহনগরে দিদি-জামাইবাবুর ফ্ল্যাট ফাঁকা থাকায় মঙ্গলবার সেখানে গিয়েছিলেন তরুণী। মৃত তরুণীর দিদি-জামাইবাবু প্রায় চার বছর ধরে ওই ফ্ল্যাটে থাকতেন। তবে ব্যবসার কারণে এখন তাঁরা হুগলির শ্রীরামপুরে থাকেন। সোমবার ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান তরুণীর জামাইবাবু।
পরিবার সূত্রে খবর, বিকেল ৪টে পর থেকে আর তরুণীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি কোনও সদস্যই। তখন পরিবারের সদস্যরা চিন্তায় পড়ে যান। তারপর খবর দেওয়া হয় বরাহনগর থানায়। তখন পুলিশ এবং আবাসনের বাসিন্দারা পৌঁছন ওই ফ্ল্যাটে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও তরণীর কোনও সাড়া মেলেনি। তখন দরজা ভাঙা হয় এবং মেলে তরুণীর মৃতদেহ। তরুণীর শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। তরুণীকে খুন করা হয়েছে বলে অনেকের অনুমান। কিন্তু দরজা লক করা ছিল। এই ফ্ল্যাটের দরজায় যে ধরণের লক আছে সেটা বাইরে থেকেও বন্ধ করা সম্ভব। সেক্ষেত্রে ভিতর থেকে বন্ধ করা হয়েছে নাকি বাইরে থেকে সেটা বোঝা সম্ভব নয়।
তাছাড়া প্রতিবেশী লতিকা মান্নার দাবি, মঙ্গলবার দুপুরে তাঁর কাছ থেকে চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেলে তরুণীর দিদি ফোন করেন। কিন্তু কোনও উত্তর না মেলায় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে বরাহনগর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে তরুণীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাট এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আবাসনে কে এসেছিলেন? উঠছে প্রশ্ন।




