• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৬টি কামরা, আহত একাধিক যাত্রী

দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়। আহতদের প্রয়োজনীয় সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে গোটা পরিস্থিতি সামলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলকর্মীরা।

অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৬টি কামরা, আহত একাধিক যাত্রী

Photo: Statesman

অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অসমের গুয়াহাটির কাছে দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকালে গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে কামরূপ জেলার দিগারু রেল স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিন-সহ অন্তত ৬টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর)।

রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ট্রেনটি মিজোরামের সাইরাং থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। গুয়াহাটির উপকন্ঠে দিগারু রেল স্টেশনের কাছে আচমকাই ট্রেনটির ইঞ্জিন ও ৬টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকেরা। রেলকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়। আহতদের প্রয়োজনীয় সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে গোটা পরিস্থিতি সামলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলকর্মীরা।

আরও পড়ুন: দিল্লির বিষাক্ত বাতাসে অসুস্থ হচ্ছেন সুস্থরাও! দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, সতর্ক করছেন চিকিৎসকেরা

দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দুর্ঘটনার পর রেল পরিষেবায় কতটা প্রভাব পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করবেন রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, মিজোরামের সাইরাংয়ের সঙ্গে কলকাতা-সহ দেশের পূর্বাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলকাতা-সাইরাং এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে ওই গুরুত্বপূর্ণ রেলপথে সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।