• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

ক্ষমতা ধরে রাখতে প্রতিপক্ষের সঙ্গেই হাত মেলাতে রাজি নেতানিয়াহু, ইজরায়েলে বৃহত্তর সরকার গঠনের ইঙ্গিত

ইজরায়েলের ক্ষমতার সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত। প্রধানমন্ত্রী পদে ফেরার পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে বেঞ্জামিন নেতানিয়াহুর। সরকার গঠনের

ক্ষমতা ধরে রাখতে প্রতিপক্ষের সঙ্গেই হাত মেলাতে রাজি নেতানিয়াহু, ইজরায়েলে বৃহত্তর সরকার গঠনের ইঙ্গিত

ইজরায়েলের ক্ষমতার সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত। প্রধানমন্ত্রী পদে ফেরার পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে বেঞ্জামিন নেতানিয়াহুর। সরকার গঠনের জন্য তাঁর প্রধান প্রতিপক্ষ গাদি আইজেনকোটকে ইতিমধ্যেই ২৮ দিনের সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এই পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে এবার প্রতিপক্ষের সঙ্গেই হাত মেলানোর প্রস্তাব দিলেন বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৃহত্তর ঐক্যবদ্ধ সরকার গঠনের বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি ‘ইয়াশার পার্টি’র নেতা গাদি আইজেনকোট জানিয়েছিলেন, তাঁর নেতৃত্বে সরকার গঠিত হলে নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’কে জোটে স্বাগত জানাতে আপত্তি নেই। তার ঠিক একদিন পর, সোমবার সেই প্রস্তাবে ইতিবাচক ইঙ্গিত দেন নেতানিয়াহু। দেশের স্বার্থে বৃহত্তর সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

নেতানিয়াহুর কথায়, “আমি একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এটি এখন একান্ত প্রয়োজন।” যদিও আইজেনকোট বা তাঁর দলের কোনও নেতা এখনও আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার কথা নিশ্চিত করেননি। তবে দুই নেতার মধ্যে সমঝোতা হলে ইজরায়েলের রাজনীতিতে ক্ষমতার সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ইজরায়েলের আইনসভা কেনেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন সদস্যের সমর্থন। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের ঝুলিতে রয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব দলগুলি। ফলে সরকার গঠনের লড়াইয়ে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরব দলগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটকে সমর্থন করতে প্রস্তুত। সেই সমর্থন পেলে প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যা সহজেই ছুঁতে পারে আইজেনকোটের জোট। এই পরিস্থিতিতেই তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট হেরজগ।

তবে ইজরায়েলের রাজনীতিতে সমীকরণ এতটা সহজ নয়। আরব দলগুলির সমর্থন পাওয়ার সম্ভাবনা থাকলেও সেদেশের মূলধারার রাজনৈতিক দলগুলির একাংশ তাদের সঙ্গে জোট গড়তে অনাগ্রহী। নেতানিয়াহু এবং আইজেনকোট—কেউই প্রকাশ্যে আরব দলগুলির সমর্থনের উপর নির্ভর করতে বিশেষ আগ্রহ দেখাননি।

এই আবহে আইজেনকোটের সামনে বিকল্প পথও খোলা রয়েছে। আরব দলগুলির সমর্থন ছাড়াই নেতানিয়াহুর বর্তমান জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করতে পারেন তিনি। অর্থাৎ, নেতানিয়াহুর জোট ভেঙে নতুন সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, সম্ভাব্য রাজনৈতিক সমীকরণে নিজের অবস্থান ধরে রাখতে এবার আইজেনকোটের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। ফলে আগামী চার সপ্তাহ ইজরায়েলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত বিরোধী নেতার নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে, নাকি সমঝোতার পথে ক্ষমতার সমীকরণে নতুন কোনও পালাবদল ঘটবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।