আইপিএলের (IPL) আয়তন আরও বাড়তে চলেছে? ১০ দলের প্রতিযোগিতা কি ২০২৮ সাল থেকে ১২ দলের হতে চলেছে? তেমনই পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি আনার ব্যাপারে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে খবর। সম্ভাব্য নতুন দল পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্রের পুণে এবং গুজরাতের বরোদা।
২০২৮-৩২ সালের নতুন সম্প্রচার স্বত্বকে সামনে রেখেই এই পরিকল্পনা। বিষয়টি নিয়ে আলোচনার সঙ্গে যুক্ত কয়েক জনের সূত্রে পাওয়া গিয়েছে এই খবর। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন দল কোথায় হবে, তা-ও বদলাতে পারে। বিনিয়োগকারীদের আগ্রহ এবং বাণিজ্যিক সম্ভাবনার উপর অনেক কিছু নির্ভর করছে।
প্রতিটি নতুন ফ্র্যাঞ্চাইজির দাম ১০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকারও বেশি! সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে এশিয়া, আমেরিকা এবং ভারতের একাধিক আন্তর্জাতিক প্রাইভেট ইক্যুইটি সংস্থা এবং বড় শিল্পগোষ্ঠি। কয়েক জন ধনকুবেরও নতুন দলগুলিতে অংশীদার হওয়ার বিষয়ে আগ্রহী বলে জানা গিয়েছে।
কেন পুনে, বরোদা?
আইপিএলের (IPL) সঙ্গে পুনের সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে দু’বার এই শহরের দল প্রতিযোগিতায় খেলেছে। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইপিএলে (IPL) ছিল সাহারা গোষ্ঠির মালিকানাধীন পুনে ওয়ারিয়র্স। বিসিসিআইয়ের সঙ্গে আর্থিক বিরোধের কারণে পরে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় তারা।

অন্য দিকে, বরোদাকে নতুন ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য কেন্দ্র হিসাবে দেখা হচ্ছে। আহমেদাবাদ থেকে বরোদার দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। গুজরাত টাইটান্সের ঘরের মাঠ আহমেদাবাদ। গুজরাতকে আন্তর্জাতিক ক্রীড়াকেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
একটি সূত্রের বক্তব্য, ‘আহমেদাবাদকে খেলাধুলার কেন্দ্র হিসাবে গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই কারণেই গুজরাতে বরোদার আরও একটি দল থাকার সম্ভাবনা তৈরি হয়েছে’।
২০৩৬ অলিম্পিক্স আয়োজনের লক্ষ্যে ভারত যখন পরিকাঠামো তৈরির পরিকল্পনা করছে, তখন আহমেদাবাদকেও আন্তর্জাতিক প্রশিক্ষণকেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: হার্দিকের পঞ্জাব যাত্রা, মুম্বইয়ে অর্শদীপের আগমনের খবরে সিলমোহর পেসারের বাবার
আকাশছোঁয়া ব্র্যান্ডমূল্য হলেও অপর্যাপ্ত তারকা!
আইপিএলের (IPL) ব্যবসায়িক মূল্য যে দ্রুত বাড়ছে, তার প্রমাণ সাম্প্রতিক কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হয়েছে ১৭৮ কোটি ডলারে> রাজস্থান রয়্যালসের মালিকানা বদলের ক্ষেত্রেও দর উঠেছে ১৬৫ কোটি ডলার।
২০২২ সালে শেষ বার আইপিএলে (IPL) দল বেড়েছিল। সে বার লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স প্রতিযোগিতায় যোগ দেয়। লখনউকে ৯৪ কোটি ডলারে কিনেছিল আরপিএসজি গোষ্ঠী। ৭৫ কোটি ডলারে গুজরাত টাইটান্সের মালিকানা পেয়েছিল সিভিসি ক্যাপিটাল পার্টনার্স।
তবে নতুন দল এলেই যে সব সমস্যা মিটবে, তা নয়। ভারতীয় ক্রিকেটে পর্যাপ্ত তারকা ক্রিকেটার রয়েছেন কি না, সেটাও বড় প্রশ্ন। এক সূত্রের কথায়, ‘নতুন দলগুলিকে জনপ্রিয় করে তুলতে পারে, এমন যথেষ্ট ভারতীয় তারকা ক্রিকেটার এই মুহূর্তে রয়েছে কি না, সেটাই একটা বড় প্রশ্ন হয়ে উঠতে পারে’।
শীতকালীন আইপিএলের প্রস্তাবে সায় জুহির
অন্যদিকে, আইসিসি-র নয়া ফিউচার টুর প্রোগ্রাম প্রণয়নের আগে আরও এক দাবি ক্রমশ জোরালো হচ্ছে। আইপিএল তুমুল গরমে না করে শীতে সরিয়ে আনা হলে মানুষের আগ্রহ আরো বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। এই দাবি সম্প্রতি জোরালো ভাবে তুলেছেন আইপিএলের জনক হিসেবে পরিচিত ললিত মোদী এবং তাঁকে সমর্থন করে গলা মিলিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহি চাওলা।
আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর (Lalit Modi) প্রস্তাবকে সমর্থন করেছেন জুহি। আইপিএল (IPL) জানুয়ারি মাসে শুরু করার পক্ষে সওয়াল করেছেন তিনি। ক্রমবর্ধমান তাপমাত্রার কথা মাথায় রেখে মার্চ থেকে মে মাসের মধ্যে প্রতিযোগিতা আয়োজনের বর্তমান সূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জুহি।
তাঁর মতে, আইপিএল (IPL) জানুয়ারি মাসে আয়োজন করা হলে ক্রিকেটাররা খেলার জন্য আরও অনুকূল পরিবেশ পাবেন। প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সকলের কাছেও অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক হবে, দর্শকদের আগ্রহও আরো বাড়বে।
আরও পড়ুন: বৃষ্টির কাছে হার, হ্যামিল্টনে বল না গড়িয়েই পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড ম্যাচ
আইপিএলের (IPL) প্রতিষ্ঠাতা ললিত মোদী (Lalit Modi) সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রতিযোগিতার সূচি নতুন করে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। তাঁর যুক্তি, আইপিএল এখন এতটাই বড় একটি ক্রীড়া ও বাণিজ্যিক ব্র্যান্ডে পরিণত হয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে এর জন্য আর আলাদা সময় বের করে রাখার প্রয়োজন নেই। তবে মোদী যা-ই বলুন, আইপিএল-কে শীতে সরাতে গেলে আইসিসি-র অনুমোদন অবশ্যই প্রয়োজন।
এমন ভাবনা বোর্ডের অন্দরমহলে অনেকদিন ধরেই রয়েছে এবং সেই খবর গত জুন মাসে ‘দৈনিক স্টেটসম্যান ডিজিটাল’-এ প্রকাশিতও হয়েছিল। এখন সেই ললিত মোদী ফের নতুন করে এই দাবি তোলায় ও জুহি তাঁকে সমর্থন করায় নতুন করে এই ভাবনা শুরু হয়েছে বোর্ডে।
সম্প্রচার সংস্থাগুলির আগ্রহও গুরুত্বপূর্ণ। নতুন দু’টি দল এলে ম্যাচের সংখ্যা বাড়বে। ফলে সম্প্রচার স্বত্বের খরচও বাড়তে পারে। এক সূত্রের বক্তব্য, ‘নতুন দল যোগ করার বিষয়টি নির্ভর করবে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি কতটা আগ্রহ দেখাচ্ছে তার উপরেও। কারণ, ম্যাচের সংখ্যা বাড়লে প্রতি ম্যাচের জন্য তাদের খরচ কয়েক মিলিয়ন ডলার করে বাড়তে পারে। ফলে লভ্যাংশও কমতে পারে’।
বর্তমানে ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ৬২০ কোটি ডলারে। ফলে ২০২৮ সালের নতুন চক্রের আগে বিসিসিআইয়ের সামনে বড় বাণিজ্যিক সুযোগ রয়েছে। আইপিএলে দল বাড়ালে ও তা যদি শীতকালে উৎসবের মরসুমে করা যায়, তা হলে এর ব্র্যান্ড ভ্যালু আরো বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
তবে আপাতত পুণে ও বরোদার নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইপিএলকে (IPL) ১২ দল নিয়ে শীতকালে করার পরিকল্পনা বাস্তবায়িত হয় কি না, সেটাই এখন দেখার।
দেখুন:




