ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক সাবির আলির (Sabir Ali) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তেলেঙ্গানা ফুটবল সংস্থা (TFA)। এক বছরের জন্য তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলে তাঁকে সরাসরি সাসপেনশনের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গ, সংস্থার নিয়ম না মানা এবং অনুমতি ছাড়া বৈঠকে যোগ দেওয়ার মতো একাধিক মারাত্মক অভিযোগ এনে এই শাস্তি দেওয়া হয়েছে।
শুধু ভারতের প্রাক্তন অধিনায়কই নন, ধ্যানচাঁদ পুরস্কারজয়ী বাংলায় দীর্ঘদিন খেলে যাওয়া ও কোচিং করা সাবির আলি (Sabir Ali) বর্তমানে হায়দরাবাদের আব্বাস ইউনিয়ন ফুটবল ক্লাবের সভাপতি। এমন একজন ফুটবল কিংবদন্তির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলে তাঁকে শাস্তি দিয়েছে টিএফএ (Telangana Football Association)। সংস্থার সচিব জি পালগুনার বক্তব্য, সংস্থার স্বার্থ, শৃঙ্খলা, সুনামের পরিপন্থী, এমন একাধিক কাজ করেছেন সাবির। সেই কারণেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাবিরের (Sabir Ali) বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির মধ্যে সবচেয়ে মারাত্মক হল, মিথ্যে কথা বলে সন্তোষ ট্রফিতে তেলেঙ্গানার কোচ হওয়া। টিএফএ (TFA) -র দাবি, কোচ হিসাবে নিয়োগের সময় সাবির জানিয়েছিলেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নিয়ম অনুযায়ী তাঁর কাছে এএফসি-র ‘বি’ লাইসেন্স রয়েছে।
পালগুনার কথায়, ‘ওঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা সাবিরকে তেলেঙ্গানা দলের কোচ হিসাবে নিয়োগ করেছিলাম। কিন্তু পরে বেঙ্গালুরুতে সন্তোষ ট্রফি চলাকালীন এআইএফএফ তাঁকে কোচ হিসাবে দায়িত্ব পালনের অনুমতি দেয়নি। কারণ, তাঁর কাছে এএফসি ‘বি’ লাইসেন্স ছিল না’।
টিএফএ (TFA)-র সচিবের দাবি, তা সত্ত্বেও সাবিরের সম্মানরক্ষার জন্য তাঁকে কোচ থেকে ম্যানেজার করার আবেদনও এআইএফএফের কাছে জানানো হয়েছিল। শেষে কর্নাটক ফুটবল সংস্থার কাছ থেকে একজন কোচ ‘ধার’ করে অবস্থা সামাল দেয় টিএফএ।
এ ছাড়াও অনুমতি ছাড়া সংস্থার নির্দিষ্ট নিয়ম এড়িয়ে সরাসরি সরকারি আধিকারিক এবং এআইএফএফের (AIFF) প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ৭ অক্টোবর হায়দরাবাদের অলিম্পিক ভবনে একটি বৈঠকে তাঁর যোগ দেওয়া নিয়েও সাবিরের (Sabir Ali) বিরুদ্ধে অভিযোগ করেছে টিএফএ।
আরও পড়ুন: টেস্টে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুর রহিমের
পালগুনা বলেন, ‘আমরা সংস্থার অনুমোদিত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সমস্ত অনুমোদিত ক্লাব, বিভাগ এবং অ্যাকাডেমিকে ওই বৈঠকে যোগ না দেওয়ার নির্দেশ দিয়েছিলাম। একই সঙ্গে জানানো হয়েছিল, নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তা সত্ত্বেও সাবির আলি ওই বৈঠকে যোগ দেন’। এর পরেই ৮ অক্টোবর আব্বাস ইউনিয়ন ফুটবল ক্লাবের সচিবকে শো-কজ নোটিস পাঠায় টিএফএ।
ভারতীয় ফুটবলে সাবির আলির (Sabir Ali) অবদান দীর্ঘ দিনের। ১৯৭৪ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। প্রায় ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ৩০টি গোল রয়েছে তাঁর। ১৯৮১ সালে মারডেকা কাপ, উত্তর কোরিয়া সফর এবং ব্যাংককে কিংস কাপে ভারতীয় দলের অধিনায়কত্বও করেছিলেন।
খেলোয়াড়জীবন শেষ হওয়ার পর কোচ এবং ম্যানেজার হিসাবেও কাজ করেছেন। ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, চলতি মাসেই এআইএফএফ (AIFF) তাঁকে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৭ এশীয় যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দলের হেড অব ডেলিগেশন হিসাবে নিয়োগ করেছিল। তার কয়েক দিনের মধ্যেই টিএফএ (TFA) -র এই শাস্তির সিদ্ধান্ত। এই প্রসঙ্গে সাবিরের প্রতিক্রিয়া নিতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
দেখুন:




