• facebook
  • twitter
  • youtube
Tuesday, 3 November, 2026

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের! ঘরের মাঠে বিদায়ী ম্যাচের স্বপ্ন অধরাই থেকে গেল অস্ট্রেলীয় তারকার

মঙ্গলবার ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। একই সঙ্গে ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে চার দিনের এবং ৫০ ওভারের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের! ঘরের মাঠে বিদায়ী ম্যাচের স্বপ্ন অধরাই থেকে গেল অস্ট্রেলীয় তারকার

Photo: Representational Image

শেষ হল ‘বিগ শো’। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell Retires)। মঙ্গলবার ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। একই সঙ্গে ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে চার দিনের এবং ৫০ ওভারের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বিদায়ের সিদ্ধান্তের পিছনে রয়েছে শারীরিক ধকল সামলানোর ভাবনাও। দীর্ঘ দিন ধরে চোট-আঘাতের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। কেরিয়ারের বাকি কয়েকটি প্রতিযোগিতায় নিজেকে পুরোপুরি ফিট রাখতে চান অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটার।

‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে অবসরের কথা ঘোষণা করে ম্যাক্সওয়েল (Glenn Maxwell) বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট এবং ভিক্টোরিয়ার হয়ে ৫০ ওভারের ও চার দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, এ বার শরীরের দিকে আরও বেশি নজর দেওয়ার সময় এসেছে। কেরিয়ারের বাকি কয়েকটি প্রতিযোগিতায় খেলতে হলে নিজেকে আরও ভাল ভাবে তৈরি রাখতে হবে।’

তবে বিদায়ের আগে নিজের ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা ছিল তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে সেই সুযোগ পাওয়ার ক্ষীণ আশাও করেছিলেন। কিন্তু সোমবার অস্ট্রেলিয়ার দল ঘোষণার পরে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দিকেই বেশি গুরুত্ব দিয়েছে অস্ট্রেলীয় নির্বাচকরা।

আরও পড়ুন: ঘরের মাঠে আল সিবের বিরুদ্ধে ‘ফাইনাল’ হাবাসের ইস্টবেঙ্গলের! নকআউটের আশা বাঁচিয়ে রাখতে চাই তিন পয়েন্ট

ম্যাক্সওয়েল (Glenn Maxwell) বলেন, ‘এমসিজিতে একটি বিদায়ী ম্যাচ খেলার সামান্য আশা বা আলোচনা হয়েছিল। তবে নির্বাচকেরা যে পথে এগোতে চাইছেন, তা আমি সম্পূর্ণ বুঝতে পারছি।’ অস্ট্রেলীয় ক্রিকেটের আগামী দিনের পরিকল্পনায় তরুণদের সুযোগ দেওয়াই যে এখন প্রধান লক্ষ্য, তা মেনে নিয়েছেন তিনি। বিশেষ করে ২০২৮ সালের অলিম্পিক্সের কথা মাথায় রেখে নতুন ক্রিকেটারদের আন্তর্জাতিক চাপের সঙ্গে পরিচিত করানো জরুরি বলে মনে করেন ম্যাক্সওয়েল।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৪ বছরের কেরিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট, ১৪৯টি এক দিনের আন্তর্জাতিক এবং ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এক দিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ৩৯৯০ রান। টি-টোয়েন্টিতে করেছেন ২৮৯৭ রান। সংক্ষিপ্ত ফরম্যাটে নিয়েছেন ১২৮টি উইকেট।

অস্ট্রেলিয়ার ২০১৫ এবং ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি শতরান রয়েছে তাঁর নামের পাশে। এই কৃতিত্বে ভারতের রোহিত শর্মার সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন তিনি।

গত বছরই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell Retires)। চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। এ বার আন্তর্জাতিক ক্রিকেটের সব অধ্যায়েই ইতি টানলেন ‘বিগ শো’।

তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক এখনই শেষ হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আগামী বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।

দেখুন: