• facebook
  • twitter
  • youtube
Tuesday, 3 November, 2026

ঘরের মাঠে আল সিবের বিরুদ্ধে ‘ফাইনাল’ হাবাসের ইস্টবেঙ্গলের! নকআউটের আশা বাঁচিয়ে রাখতে চাই তিন পয়েন্ট

মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওমানের আল সিব ক্লাবের বিরুদ্ধে গ্রুপ ডি-র চতুর্থ ম্যাচ খেলতে নামবে আন্তোনিও লোপেজ হাবাসের দল

ঘরের মাঠে আল সিবের বিরুদ্ধে ‘ফাইনাল’ হাবাসের ইস্টবেঙ্গলের! নকআউটের আশা বাঁচিয়ে রাখতে চাই তিন পয়েন্ট

Photo: Representational Image

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এ এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ (East Bengal)। তাই ঘরের মাঠে আজ সন্ধ্যায় জয়ের খোঁজে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওমানের আল সিব ক্লাবের বিরুদ্ধে গ্রুপ ডি-র চতুর্থ ম্যাচ খেলতে নামবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে তিন পয়েন্ট চাইই ইস্টবেঙ্গলের (East Bengal)।

তিন ম্যাচে দু’পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে গঙ্গাপাড়ের ক্লাব। সেপ্টেম্বরে জর্ডনের মাঠে আল হুসেনের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল তারা। অক্টোবরে যুবভারতীতে ইরাকের আল শর্তার কাছে ২-৩ গোলে হারতে হয় লাল-হলুদ বাহিনীকে। গত ২৭ অক্টোবর ওমানের আল সিব স্টেডিয়ামে দুই দলের প্রথম সাক্ষাতও গোলশূন্য ড্র হয়েছিল।

সেই ম্যাচে রক্ষণে যথেষ্ট দৃঢ়তা দেখালেও গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। ডেভিড লালনসাঙ্গা, দানি রামিরেজ এবং বিপিন সিং একাধিক সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু গোল আসেনি।

শেষ মুহূর্তে ফুরবা লাচেনপা দুরন্ত সেভ করে দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন। এক সপ্তাহের মধ্যে ফের আল সিবের মুখোমুখি হওয়ায় প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা রয়েছে হাবাসের।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের! ঘরের মাঠে বিদায়ী ম্যাচের স্বপ্ন অধরাই থেকে গেল অস্ট্রেলীয় তারকার

গ্রুপের পরিস্থিতিও যথেষ্ট কঠিন। সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আল শর্তা। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হুসেন। ফলে মঙ্গলবারের ম্যাচে জয় না পেলে পরের পর্বে যাওয়ার লড়াইয়ে আরও পিছিয়ে পড়বে ইস্টবেঙ্গল।

তবে ঘরোয়া লিগের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস নিতে পারে লাল-হলুদ। চার্চিল ব্রাদার্সকে ৪-০ এবং ইন্টার কাশীকে ৫-১ গোলে হারিয়েছে তারা। দু’টি ম্যাচে মোট ন’টি গোল করেছে দল। আক্রমণভাগের সেই ছন্দ এ বার এশীয় মঞ্চেও ধরে রাখতে চাইবেন হাবাস।

ম্যাচের ২৪ ঘণ্টা আগে, সোমবার সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, ‘আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে খেলোয়াড়দের চাঙ্গা করাই এখন আমাদের প্রথম লক্ষ্য। আমার কাছে ভারতীয় ও বিদেশি ফুটবলারের মধ্যে কোনও পার্থক্য নেই। ম্যাচের আগে ফুটবলারদের শারীরিক অবস্থা দেখে প্রথম একাদশ ঠিক করি। এ বার নিজেদের সমর্থকদের সামনে খেলব। তাই মাঠে আরও বেশি খিদে এবং তীব্রতা নিয়ে নামতে হবে আমাদের।’

হাবাসের দলের বিদেশি ফুটবলার মহম্মদ রশিদের কথাতেও ধরা পড়েছে ম্যাচের গুরুত্ব। তিনি বলেন, ‘আগামীকালের ম্যাচকে আমরা ফাইনাল হিসাবেই দেখছি। এই ম্যাচ জিততেই হবে আমাদের। এই মুহূর্তে গ্রুপের শেষ দু’টি ম্যাচ নিয়ে ভাবছি না। আল সিবের বিরুদ্ধে আগের ম্যাচে গোল করতে পারিনি ঠিকই, কিন্তু আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেছিলাম।’

অন্য দিকে, আল সিবও কলকাতায় আসছে পয়েন্টের খোঁজে। আল শর্তার কাছে ০-১ এবং আল হুসেনের কাছে ০-৩ গোলে হারের পর ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে ২০২২-এর এএফসি কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে ওমানের এই ক্লাবের। তাই প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার কোনও সুযোগই নেই। ভারতে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে শুধুমাত্র ফ্যানকোড অ্যাপে। সন্ধ্যা ৭.১৫ থেকে।

দেখুন: