শুরুটা ভাল করেও শেষরক্ষা হল না। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফুটবল উৎসবে আফগানিস্তানের কাছে ১-২ গোলে হারল ভারতের ছোটরা। বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার ৮১ থেকে ৮৮ নম্বর স্থান নির্ধারণের কোয়ার্টার ফাইনালে এই হার হয় ভারতের। আফগানিস্তানের হয়ে গোল করেন মহম্মদ মুস্তাফা ও শাহজাদা সুলতানি। ভারতের একমাত্র গোলদাতা নিবাস মেইতেই ওয়াহেংবাম।
ম্যাচের শুরুতে, ষষ্ঠ মিনিটেই গোল করার সুযোগ এসেছিল। বাঁ দিক থেকে লালরেম রুয়াতফেলার নিচু ক্রস আফগানিস্তানের গোলকিপার ঠিকমতো সামলাতে পারেননি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ভিক্টর লালাওয়াম্পুইয়া। ফিরতি বল পেয়ে আবার আক্রমণ গড়ে তোলে ভারত। এ বার লালরেম রুয়াতফেলার বাঁ পায়ের শট কোনও রকমে বাঁচান আফগান গোলকিপার।
নবম মিনিটেও গোলের সুযোগ তৈরি হয়েছিল। উইং থেকে নিবাসের বাড়ানো বল ধরে গোলের দিকে এগোচ্ছিলেন লালাওয়াম্পুইয়া। কিন্তু বিপদ বুঝে এগিয়ে এসে বল ধরে নেন আফগানিস্তানের গোলকিপার।
ভারত যখন একের পর এক আক্রমণ তুলে আনছে, তখনই আচমকা গোল করে এগিয়ে যায় আফগানিস্তান। ১৫ মিনিটে বাঁ দিক থেকে শাহজাদা সুলতানির ক্রস ধরে ভারতীয় ডিফেন্ডার বিরজিৎ সিং আমোমকে কাটিয়ে ডান পায়ের ভলিতে গোল করেন মহম্মদ মুস্তাফা।
২৭ মিনিটে ভারতের রক্ষণে বড় ভুলের সুযোগ নেয় আফগানিস্তান। খাইর মহম্মদ নাজারির চাপে নারা মেইতেই লৌশামবামের ভুল পাস ধরে ফেলেন সুলতানি। তার পরে ভারতীয় ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের কাছ থেকে জোরালো শটে গোল করেন তিনি। ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ভারত। পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চলছিল। কিন্তু কর্নার ও সেট পিস থেকে গোলের মুখ খুলতে পারছিল না ব্লু কোল্টসরা।
অবশেষে ৩৭ মিনিটে ব্যবধান কমায় ভারত। বক্সের মধ্যে লালরেমের বাড়ানো বল ধরে নিখুঁত শটে গোল করেন নিবাস। ম্যাচে ফেরার আশা জাগে ভারতীয় শিবিরে। শেষ দিকে সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা করে ভারত। কিন্তু আফগানিস্তানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ১-২ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এ বার ভারতের সামনে কাজাখস্তান। হাঙ্গেরির কাছে হেরে আসা কাজাখস্তানের বিরুদ্ধে ৮৫ থেকে ৮৮ নম্বর স্থানের সেমিফাইনালে খেলবে ভারত।




