আইপিএলে নতুন মরসুমের প্রস্তুতি শুরু হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং বিভাগে বড়সড় রদবদল হল। প্রধান কোচ মাহেলা জয়বর্ধনের বিদায়ের পরে এ বার দল ছাড়লেন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা ও পরশ মাম্বরে। সঙ্গে চাকরি গেল ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনেরও। বৃহস্পতিবার তিন কোচের বিদায়ের কথা সরকারি ভাবে জানি দিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ফলে আইপিএল ২০২৭-এর আগে কার্যত নতুন করে সাজানো হচ্ছে মুম্বইয়ের কোচিং বিভাগ।
মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম মালিঙ্গা। শ্রীলঙ্কার এই প্রাক্তন পেসার শুধু দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্রই ছিলেন না, চারটি আইপিএল খেতাব জয়ের পিছনেও তাঁর বড় ভূমিকা ছিল। ২০১১-র চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ী দলেও ছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে মেন্টর ও কোচ হিসাবেও মুম্বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন মালিঙ্গা।
ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ পরশ মাম্বরের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক মুম্বইয়ের। ২০০৮-এ ফ্র্যাঞ্চাইজির প্রথম মরসুমেই দলের সাপোর্ট স্টাফের অংশ ছিলেন তিনি। পরে ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত মুম্বইয়ের কোচিং বিভাগে কাজ করেন। সেই সময়ে ২০১৩-র আইপিএল এবং ২০১১ ও ২০১৩-র চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জেতে দল।
২০২৪-এ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে ফের মুম্বইয়ে যোগ দেন মাম্বরে। আইপিএলে মুম্বইয়ের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগে মুম্বই এমিরেটসের বোলিং কোচ হিসাবেও দায়িত্ব সামলেছেন তিনি।
২০২৫ মরসুমের আগে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন হপকিনসন। ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হিসাবে ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। ইংল্যান্ডের ২০১৯-এর ওয়ান ডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
২০২৬ আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেনি মুম্বই। তার পরেই প্রধান কোচের পদ থেকে জয়বর্ধনেকে বিদায় দিয়ে কায়রন পোলার্ডকে দায়িত্ব দেওয়া হয়। এ বার মালিঙ্গা, মাম্বরে ও হপকিনসনের বিদায়ে পরিষ্কার, আগামী মরসুমের আগে কোচিং বিভাগে বড় পরিবর্তনের পথে হাঁটছে ফ্র্যাঞ্চাইজি। তবে এই তিন কোচের পরিবর্তে কারা দায়িত্ব নেবেন, তা এখনও স্পষ্ট নয়। আইপিএল ২০২৭-এর আগে কোচদের নতুন লাইন-আপ তৈরি করাই এখন মুম্বইয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।




