• facebook
  • twitter
  • youtube
Thursday, 29 October, 2026

‘নিজের জামাই-মেয়ের সময় কোন ফর্মুলা, রক্ত না ভক্ত?’, ফিরহাদের পাড়ায় গদ্দার পোস্টার

অন্যদিকে ফিরহাদের এমন পরিবর্তনে অবাক হয়েছেন সকলে। এবার তাঁর বাড়ির দোরগড়ায় পড়ল অস্বস্তিকর পোস্টার। বিতর্কিত ওই

‘নিজের জামাই-মেয়ের সময় কোন ফর্মুলা, রক্ত না ভক্ত?’, ফিরহাদের পাড়ায় গদ্দার পোস্টার

Gaddar Poster Photo-SNS

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের এলাকায় তাঁকে লক্ষ্য করে অস্বস্তিকর পোস্টার পড়ল। চেতলায় ফিরহাদ হাকিমের বাসভবন থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে ৮২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নামে এই বিতর্কিত ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছে। যেখানে তাঁকে সরাসরি ‘গদ্দার’ বলে কটাক্ষ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চেতলায় এই পোস্টার দেখে অনেকেই রসিকতা করে বলছেন, ‘দুয়ারে গদ্দার’। পোস্টারে যুব তৃণমূল কংগ্রেসের নাম লেখা থাকলেও তাদের দাবি, এরকম কোনও কাজ তারা কেউ করেনি। তাদের নামে কে বা কারা এমন নিন্দনীয় কাজ করল সেটা দেখা উচিত।

এদিকে কদিন আগে সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফিরহাদ হাকিমের করা একটি মন্তব্য এবং আসন্ন পুরসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম মন্তব্য করেছিলেন, দলের নেত্রী ভক্তের চেয়ে রক্তের সম্পর্ককে বেছে নিয়েছেন। কিন্তু দলের নেতাদের নিজেদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে কোন ফর্মুলা বা নীতি প্রযোজ্য হচ্ছে, সেই প্রশ্ন তুলেই এই পোস্টার পড়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর থেকে জয় পেয়ে আবার বিধায়ক হন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় একাধিক দপ্তরের মন্ত্রিত্ব এবং দু’ধাপে কলকাতা পুরসভায় মেয়রের দায়িত্ব পেয়েছেন। কিন্তু দল হেরে যেতেই বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন।

অন্যদিকে ফিরহাদের এমন পরিবর্তনে অবাক হয়েছেন সকলে। এবার তাঁর বাড়ির দোরগড়ায় পড়ল অস্বস্তিকর পোস্টার। বিতর্কিত ওই পোস্টারে লেখা রয়েছে, ‘নিজের বেলায় আঁটি গুটি, পরের বেলায় দাঁত কপাটি। নিজের জামাই ও নিজের মেয়ের সময় কোন ফর্মুলা, রক্ত না ভক্ত।’ প্রাক্তন মেয়রের নিজের এলাকাতেই এই ধরনের পোস্টার দেখতে পাওয়ার পর নানা গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে জোর চর্চাও চলছে। এই বিষয়ে খোদ ফিরহাদ হাকিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফিরহাদ হাকিম ইচ্ছা করেই কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দিয়েছেন বলে অভিযোগ। তারপরই ঋতব্রত শিবিরে যোগ দেন।

তাছাড়া ঘনিষ্ঠ মহলে ফিরহাদ স্পষ্ট জানিয়েছেন, আসন্ন পুরসভা নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। এখন বিধায়ক হিসেবে নিজের মেয়াদ পূর্ণ করার পর তিনি রাজনীতি থেকেই পুরোপুরি সরে দাঁড়াবেন। কিন্তু তারপরও পড়ল গদ্দার পোস্টার। যা নিয়ে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী হাকিম জানান, বাবার বিরুদ্ধে ‘গদ্দার’ পোস্টার দুর্ভাগ্যজনক।