চোরবাগান বিপর্যয় নিয়ে তদন্ত এগোলেও একসঙ্গে ১৯ জনের মৃত্যুমিছিল ভুলতে পারছে না মহানগরী। সোমবার মিলন মেলায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী চোরবাগানের ঘটনা নিয়ে কড়া বার্তা দেন। দোষী কাউকে যে আড়াল করবে না তাঁর সরকার সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আসলে তিনিও মেনে নিতে পারছেন না এই মৃত্যুমিছিল। মৃতদের বাড়িতে গিয়ে ২৫ লক্ষ টাকার চেক এবং সরকারি চাকরির প্রতিশ্রুতি যে প্রাণের মূল্য হতে পারে না সেটা বোঝেন মুখ্যমন্ত্রী। তাই এই ঘটনাকে ‘ছোট ঘটনা’ বা ‘ষড়যন্ত্র’ বলতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে আগামী দিনে সুষ্ঠুভাবে যাতে সব অনুষ্ঠান সম্পন্ন করা যায় ও চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য পরামর্শ চান মুখ্যমন্ত্রী। আগামী দিনে সব উৎসব সুষ্ঠুভাবে করার অঙ্গীকারও করেন তিনি। মিলনমেলা প্রাঙ্গনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে চোরবাগানের ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী আগের সরকারকে কটাক্ষও করেন। শুভেন্দু অধিকারী বলেন, ‘বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছি। এতে ব্যর্থতার কিছু নেই। সরকারি হাসপাতালের তুলনায় দামি হাসপাতালে পরিষেবা অনেক ভাল। ইগো দেখিয়ে, অহংকার দেখিয়ে, হাম কিসিসে কম নেহি বলে আটকে রাখিনি। মা দুর্গার কৃপায় তাঁরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’
অন্যদিকে এদিন অনুষ্ঠানের শুরুতেই চোরবাগানের ঘটনায় মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি সোজাসাপ্টা জানিয়ে দেন, এই ঘটনায় দায়ী কাউকে আড়াল করবে না সরকার। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘এবার কাউকে পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয়নি। আগে নির্দিষ্ট সময়ে মাইক বাজানো যেত না, আগে বলা হতো নির্দিষ্ট রুট দিয়ে বিসর্জন হবে না। তার জন্য আগের সরকার মাথা নত করেছিল। গত সরকারের ব্যর্থতাতেই এসব ঘটনা ঘটত। ধর্ম যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার, মানুষ এটা বুঝেছে। চোরবাগান থেকে শিক্ষা নিয়ে ছট, জগদ্ধাত্রী, কার্তিক পুজোয় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা করা হচ্ছে। পুজো কমিটি এবং প্রশাসনকে আগাম সতর্ক থাকতে হবে।’
তাছাড়া এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিল্পীদের এনে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও, চোরবাগানের ঘটনার কথা মাথায় রেখে তা বাতিল করা হয়েছে। স্বজনহারা পরিবারের সঙ্গে কথা বলেছেন, তাঁদের পাশে সবরকমভাবে থাকার জন্য আলোচনা করেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে একাধিক অপরাধমূলক ঘটনা বা দুর্ঘটনাকে ছোট ঘটনা, ষড়যন্ত্র বলে মন্তব্য করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতো এই সব শব্দবন্ধ দিয়ে চোরবাগানের ঘটনাকে দাগিয়ে দিতে চান না তিনি। তাই শুভেন্দু অধিকারীর কথায়, ‘এটাই নতুন পশ্চিমবঙ্গ। দায়ী কাউকে আড়াল করবে না সরকার।’




