• facebook
  • twitter
  • youtube
Monday, 26 October, 2026

শেষ মুহূর্তে এমবাপের গোল, এল ক্লাসিকোয় বাজিমাত রিয়ালের, খেতাবের দৌড়ে মোরিনিয়ো-বাহিনী

রবিবার বার্সেলোনার মাঠে জমজমাট লড়াইয়ে জোড়া গোল করেন এমবাপে। প্রথমার্ধে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া সমতা ফেরালেও শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। ৮৭ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রস থেকে সুযোগসন্ধানী গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি তারকা

শেষ মুহূর্তে এমবাপের গোল, এল ক্লাসিকোয় বাজিমাত রিয়ালের, খেতাবের দৌড়ে মোরিনিয়ো-বাহিনী

Image: Photo: Representational Image

আরও এক বার এল ক্লাসিকোয় (El Classico) নায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)! ম্যাচের শেষ দিকে তাঁর গোলেই বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। লা লিগা-য় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনাকে হারিয়ে খেতাবের দৌড়ে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ। আর রিয়ালের এই জয়ে সাইডলাইনে হাঁটু গেড়ে বসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন কোচ হোসে মোরিনিয়ো।

রবিবার বার্সেলোনার মাঠে জমজমাট লড়াইয়ে জোড়া গোল করেন এমবাপে (Kylian Mbappe)। প্রথমার্ধে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া সমতা ফেরালেও শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। ৮৭ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রস থেকে সুযোগসন্ধানী গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি তারকা।

প্রথমার্ধে এগিয়ে রিয়াল, শোধ রাফিনিয়ার

ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্প ন্যু। বার্সেলোনার অ্যান্টনি গর্ডন এবং রিয়ালের আরদা গুলের একাধিক বার প্রতিপক্ষের রক্ষণকে চাপে ফেলেন। গোলের সুযোগ তৈরি করেও প্রথম দিকে কাজে লাগাতে পারেনি কোনও দল।

৪১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ইয়ান দিওমান্দের ক্রস থেকে বল বক্সে ঢুকলে বার্সেলোনার জেরার্ড মার্টিনের ক্লিয়ারেন্স এমবাপের পায়ে লেগে জালে ঢুকে যায়। গোলটি কিছুটা ভাগ্যের সাহায্যে এলেও তার আগে রিয়ালের আক্রমণ সাজানোর দক্ষতা ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সা। ৬১ মিনিটে পেদ্রির পাস পেয়ে দুরন্ত শটে সমতা ফেরান রাফিনিয়া। এর পরে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। তবে লামিনে ইয়ামালকে এ দিন কড়া পাহাড়ায় রেখেছিলেন রিয়াল ডিফেন্ডাররা। বেশি নড়াচড়া করতে দেননি তাঁকে। এর মধ্যেই ৬৬ মিনিটে জেরার্ড মার্টিনের হেড দুরন্ত দক্ষতায় বাঁচান রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিন। ৭৮ মিনিটে ইয়ামালের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

কিন্তু বার্সেলোনার আক্রমণের মাঝেই পাল্টা আঘাত হানে রিয়াল। বেলিংহ্যামের অসাধারণ দক্ষতায় শুরু হওয়া আক্রমণ থেকে কামাভিঙ্গার পাস থেকে ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। শেষ পর্যন্ত সেই গোলই পার্থক্য গড়ে দেয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে ফের ব্যর্থ রাহুল-যশস্বী, পাডিক্কালের অর্ধশতরানে লড়াইয়ে ভারত

 ‘ফুটবলারদের কৃতিত্ব’, বললেন মোরিনিয়ো

ম্যাচের পরে দলের ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ মোরিনিয়ো। তাঁর কথায়, ‘বেশ উঁচু মানের একটি ম্যাচ হল। আমার মনে হয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই ম্যাচ দেখেছেন এবং তাঁরা হতাশ হননি। আমাদের ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে। প্রতিপক্ষ প্রচণ্ড চাপ দিলেও পিছন থেকে বল নিয়ে খেলার সাহস দেখিয়েছে ওরা।’

জয়ের কৃতিত্ব নিজের দিকে নিতে চাননি মোরিনিয়ো। তিনি বলেন, ‘কৃতিত্ব ফুটবলারদের। মাঠে নেমে খেলা অনেক কঠিন, বাইরে বসে সিদ্ধান্ত নেওয়া নয়। ওরা এই জয়ের যোগ্য। আমি প্রত্যেকের জন্য ভীষণ খুশি।’

অন্য দিকে, বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। তাঁর কথায়, ‘আমরা ১০০ শতাংশ সতেজ ছিলাম না। দ্বিতীয়ার্ধে ভাল খেলেছি, ম্যাচ নিয়ন্ত্রণেও রেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আবার সেই একই ভুল করেছি। চাপের মধ্যে বল হারিয়ে ওদের পাল্টা আক্রমণের সুযোগ দিয়েছি। হার মেনে নিতে হবে। ফুটবলে হারও খেলারই একটা অংশ।’

এই জয়ের ফলে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান কমে দাঁড়াল তিন পয়েন্টে। তিন বছর পরে বার্সেলোনার মাঠে জিতল রিয়াল। ফলে লিগের খেতাবি লড়াইও আরও জমে উঠল।

দেখুন: